২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডি ভিলিয়ার্স, বোলারদের দাপটে সিরিজ দ.আফ্রিকার

টানা দুটি ওয়ানডে সিরিজ হারের শঙ্কা ছিল দক্ষিণ আফ্রিকার সামনে। কিন্তু অধিনায়ক এবি ডি ভিলিয়ার্সের অধিনায়কোচিত ইনিংস ও বোলারদের দাপুটে বোলিংয়ে সেই শঙ্কা উড়িয়ে দিয়ে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিতেছে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2015, 08:39 PM

Updated : 12 Oct 2022, 04:10 PM

বুধবার ডারবানে ৬২ রানের জয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। এর আগে নিজেদের সর্বশেষ ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে একই ব্যবধানে হারে তারা। 

বুধবার ডারবানে টস জিতে ব্যাট করতে নেমে ডি ভিলিয়ার্স ও মর্নে ফন উইকের দুই মেজাজের দুই অর্ধশতকে ভর করে ৭ উইকেটে ২৮৩ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে চার বল বাকি থাকতে ২২১ রানে অলআউট হয়ে যায় নিউ জিল্যান্ড।

মার্টিন গাপটিলের বিদায়ে শুরুতেই হোঁচট খায় নিউ জিল্যান্ড। কিন্তু কেন উইলিয়ামসনের সঙ্গে ৮৪ রানের জুটিতে দলকে পথ দেখান ব্যাটসম্যান টম ল্যাথাম। উইলিয়ামসনকে (৩৯) বোল্ড করে অতিথিদের প্রতিরোধ ভাঙেন লেগ স্পিনার ইমরান তাহির।

অর্ধশতকে পৌঁছে ডেভিড মিলারের সরাসরি থ্রোয়ে বিদায় নেন ল্যাথাম (৫৪)। তার বিদায়ে খেলায় ফিরে আসে দক্ষিণ আফ্রিকা।  এরপর জর্জ ওয়ার্কার (২১), গ্রান্ট এলিয়ট (২০) থিতু হয়ে বিদায় নিলে বিপদ আরও বাড়ে অতিথিদের।

শেষ পর্যন্ত কলিন মুনরোর (৩৫) দৃঢ়তায় কোনোমতে দুইশ’ পার হলেও সিরিজ হার এড়াতে পারেনি নিউ জিল্যান্ড।

দক্ষিণ আফ্রিকার ডেভিড ভিজে ৫৮ রানে নেন ৩ উইকেট।  এছাড়া কাগিসো রাবাদা ও তাহির দুটি করে উইকেট নেন।

এর আগে হাশিম আমলার সঙ্গে ফন উইকের ৮৯ রানের জুটিতে শুরুটা ভালোই হয় দক্ষিণ আফ্রিকার। ফন উইক নিজেকে গুটিয়ে রাখলেও রানের গতি বাড়ানোর দিকে মনোযোগী ছিলেন আমলা। এলিয়টকে ফিরতি ক্যাচ দিয়ে আমলা (৫৫ বলে ৪৪) বিদায় নিলে ভাঙে ২০.১ ওভার স্থায়ী জুটি।

বেশিক্ষণ টিকেননি তিন নম্বর ব্যাটসম্যান রাইলি রুশো। ৯ বলে ৬ রান করে তিনি বিদায় নিলে চাপে পড়ে স্বাগতিকরা।

এসেই রানের গতি বাড়ানোর চেষ্ঠা করতে হয় অধিনায়ক ডি ভিলিয়ার্সকে। তার সঙ্গে ৩৮ রানের জুটিতে ৭৯ বলে অর্ধশতকে পৌঁছান ফন উইক। তবে পঞ্চাশ পার হওয়ার কিছুক্ষণ পরেই ফিরে যান এই উদ্বোধনী ব্যাটসম্যান। এলিয়টের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে ১০০ বল খেলে ৫৮ রান করেন তিনি।

চতুর্থ উইকেটে মিলারের সঙ্গে ৮৬ রানের জুটিতে দলকে লড়াইয়ের পুঁজির গড়ার পথে নিয়ে যান ৩৮ বলে অর্ধশতক করা ডি ভিলিয়ার্স। ডুগ ব্রেসওয়েলের বলে তিনি বোল্ড হলে ভাঙে ১০ ওভার স্থায়ী চমৎকার এই জুটি।

৪৮ বলে ৮টি চার ও একটি ছক্কার সাহায্যে ৬৪ রানের ঝড়ো ইনিংস খেলার পথে আট হাজার রানের মাইলফলক অতিক্রম করেন ডি ভিলিয়ার্স। ১৮২তম ইনিংসে আট হাজার রানে পৌঁছে ভারতের সৌরভ গাঙ্গুলির (২০০) দ্রুততম আট হাজার রান করার রেকর্ড ভাঙেন তিনি।  

অ্যাডাম মিল্নের বলে মিলার (৩৬) ফিরে গেলেও দক্ষিণ আফ্রিকাকে তিনশ’ রানের কাছাকাছি নিয়ে যান ফারহান বেহারডিন। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ২৮ বলে ৪০ রানের আক্রমণাত্মক এক ইনিংস খেলেন তিনি।

নিউ জিল্যান্ডের বেন হুইলার ৩ উইকেট নেন ৭১ রানে। এছাড়া এলিয়ট ৪১ রানে নেন দুই উইকেট।