ওয়ার্নার-স্মিথের ব্যাটে অস্ট্রেলিয়ার স্বস্তির দিন
ক্রিস রজার্সকে নিয়ে অস্ট্রেলিয়াকে শতরানের শুরু এনে দিয়েছেন ডেভিড ওয়ার্নার। অ্যাডাম ভোজেসকে নিয়ে অবিচ্ছিন্ন শতরানের জুটি গড়েছেন স্টিভেন স্মিথ। মাইকেল ক্লার্কের বিদায়ী টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়া করেছে ৩ উইকেটে ২৮৭।
ওভালের উইকেটে ছিল সবুজের ছোঁয়া। সকালে আকাশে ছিল কালো মেঘের আনাগোনা। এসবের সঙ্গে অস্ট্রেলিয়ার সঙ্গী গত টেস্টে ৬০ রানে গুটিয়ে যাওয়ার দুঃসহ স্মৃতি। অস্ট্রেলিয়ার ভঙ্গুর আর নড়বড়ে আত্মবিশ্বাসের ব্যাটিং লাইন আপের জন্য টস হেরে ব্যাটিংয়ে নামা ছিল বড় পরীক্ষা। ওয়ার্নার-রজার্স সেই চ্যালেঞ্জ জয়ে দলকে এনে দেন শক্ত ভিত্তি।
সহায়ক কন্ডিশনে ইংলিশ পেসারদের শুরুটা ছিল দারুণ। আর ওয়ার্নার-রজার্সের শুরুটা ছিল সতর্ক। বেশ কবার অল্পের জন্য ব্যাটের কানা নেয়নি বল। দাঁতে দাঁত কামড়ে তবু সময়টা পার করে দেন দুজন। প্রথম ১৪ ওভারে রান ছিল ১৯, ওয়ার্নারের মতো আক্রমণাত্মক ব্যাটসম্যান উইকেটে থাকার পরও প্রথম বাউন্ডারি আসে ১৫তম ওভারে!
থিতু হওয়ার পর অবশ্য সহজাত ব্যাটিং করেছেন ওয়ার্নার, ছন্দ পান রজার্সও। দুজনে মিলে অস্ট্রেলিয়াকে এনে দেন আরেকটি শতরানের উদ্বোধনী জুটি। ৪১ ইনিংসে এই দুজনের এটি নবম শতরানের জুটি। ২০১২ সালের জানুয়ারি থেকে ৫টি শতরানের উদ্বোধনী জুটিও নেই বিশ্ব ক্রিকেটের আর একটিও। আগের টেস্টের প্রথম দিন লাঞ্চের আগে গুটিয়ে যাওয়া অস্ট্রেলিয়া এবার লাঞ্চে যায় বিনা উইকেটে ৮২ রান নিয়ে।
গ্যালারির তুমুল হর্ষধ্বনি আর ইংলিশ ক্রিকেটারদের গার্ড অব অনারে উইকেট যান শেষ টেস্ট খেলতে নামা ক্লার্ক। অস্ট্রেলিয়ার বিদায়ী অধিনায়ক ও পরবর্তী অধিনায়কের জুটিটাও জমতে শুরু করেছিল। কিন্তু আরও একবার বেন স্টোকসের বলে আউট হয়ে যান ক্লার্ক (১৫)। এই নিয়ে চারবার ক্লার্কের উইকেট নিলেন স্টোকস।
ভোজেসকে নিয়ে এরপর স্মিথ অস্ট্রেলিয়ার রানকে নিয়ে যান তিনশর দোড়গোড়ায়। শেষ সেশনে বৃষ্টিতে কিছুক্ষণ বন্ধ ছিল খেলা। আলোক স্বল্পতায় ১০.২ ওভার আগ্ শেষ হয় দিনের খেলা। অস্ট্রেলিয়ার রান তখন ৩ উইকেটে ২৮৭। চতুর্থ উইকেটে স্মিথ-ভোজেসের অবিচ্ছিন্ন জুটি ১০১ রানের। ৩৩তম টেস্টে স্মিথ পেরিয়েছেন ৩ হজার রান।
একাদশ সেঞ্চুরির আশায় দ্বিতীয় দিন শুরু করবেন ৭৮ রানে অপরাজিত থাকা স্মিথ, দ্বিতীয় অর্ধশতকের সুবাস নিয়ে দিন শুরু করবেন অপরাজিত ৪৭ রান করা ভোজেস।
