২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওভালেই শেষ টেস্ট রজার্সের

অ্যাশেজ সিরিজ শেষে অবসর নেবেন বলে আগেই জানিয়েছিলেন ক্রিস রজার্স। লন্ডনের কেনিংটন ওভালে সিরিজের শেষ ম্যাচের আগে বিষয়টি নিশ্চিত করেছেন অস্ট্রেলিয়ার এই ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2015, 06:21 PM

Updated : 12 Oct 2022, 04:09 PM

ট্রেন্ট ব্রিজ টেস্ট হেরে এরই মধ্যে ইংল্যান্ডের কাছে অ্যাশেজ খোয়ানো অস্ট্রেলিয়া সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট খেলতে নামবে আগামী বৃহস্পতিবার।

এই ম্যাচই হবে ৩৭ বছর বয়সী রজার্সের শেষ টেস্ট। ক্যারিয়ারের ২৫তম টেস্ট খেলতে নামার আগে মঙ্গলবার অবসর নিয়ে কথা বলেন বাঁহাতি এই উদ্বোধনী ব্যাটসম্যান।

“অস্ট্রেলিয়ার হয়ে আমার দুটি দারুণ বছর কেটেছে এবং কিছু বিশেষ বিষয়ের অংশ হয়েছি। কিন্তু সবকিছুরই শেষ আছে।”

রজার্স ২৪ টেস্টে ৪২.৮৬ গড়ে ১ হাজার ৯৭২ রান করেন। ৬২.৪২ গড়ে ৪৩৭ রান করে এবারের অ্যাশেজে অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি।    

অস্ট্রেলিয়া টেস্ট দলে রজার্সের অভিষেক হয় ২০০৮ সালের জানুয়ারিতে। পার্থে ভারতের বিপক্ষে সেই ম্যাচে দুই ইনিংসে ৪ ও ১৫ রান করার পর দল থেকে বাদ পড়েন তিনি।

পাঁচ বছর পর ৩৫ বছর বয়সে আবার দলে ফেরেন রজার্স। ২০১৩ সালে ট্রেন্ট ব্রিজে অ্যাশেজ সিরিজের সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে অর্ধশতক করেছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। রিভারসাইডে সিরিজের চতুর্থ টেস্টে ক্যারিয়ারের প্রথম টেস্ট শতক পান তিনি।

২০১৩ সালের শেষের দিকে অস্ট্রেলিয়ায় ফিরতি সফরে যায় ইংল্যান্ড। দেশের মাটিতে সফরকারীদের বিপক্ষে দুটি শতক পান টেস্ট ক্যারিয়ারে পাচটি শতক করা রজার্স। অস্ট্রেলিয়াও সেবার অ্যাশেজ পুনরুদ্ধার করে।

এ বছরের গোড়ার দিকে টানা সাতটি অর্ধশতক করে একটি রেকর্ডে ভাগ বসান রজার্স। এর আগে টেস্টে টানা সাত ইনিংসে অর্ধশতক করেন ওয়েস্ট ইন্ডিজের এভারটন উইকস ও শিবনারায়ন চন্দরপল, জিম্বাবুয়ের অ্যান্ডি ফ্লাওয়ার আর শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা। 

ট্রেন্ট ব্রিজ টেস্ট হেরে যাওয়ার পর অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্কও অবসর নেওয়ার ঘোষণা দেন।