অস্ট্রেলিয়া দলে স্মিথের সহকারী ওয়ার্নার
বাংলাদেশ সফরে অস্ট্রেলিয়া দলের অধিনায়ক হিসেবে স্টিভেন স্মিথ আর তার ডেপুটি হিসেবে ডেভিড ওয়ার্নারকে দেখা যেতে পারে। অ্যাশেজের পর দলকে নেতৃত্ব দিতে এই দুই ব্যাটসম্যানকে বেছে নিয়েছেন নির্বাচকরা।
ক্লার্কের উত্তরসূরি হিসেবে স্মিথকে আগেই ঠিক করে রেখেছিল ক্রিকেট অস্ট্রেলিয়া। শুক্রবার আনুষ্ঠানিকভাবে স্মিথের নাম ঘোষণার পাশাপাশি ওয়ার্নারকে সহ-অধিনায়ক হিসেবে নির্বাচন করা হয়।
আগামী অক্টোবরে বাংলাদেশ সফরে দুই টেস্টের সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। ৯ অক্টোবর চট্টগ্রামে এবং ১৭ অক্টোবর ঢাকায় টেস্ট দুটি হবে।
চলতি ইংল্যান্ড সফরে এরই মধ্যে অ্যাশেজ খোয়ানো অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল ক্লার্ক সিরিজ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন। এরপরই ওয়ানডে অধিনায়ক স্মিথকে ক্লার্কের উত্তরসূরি হিসেবে বেছে নিয়েছিল ক্রিকেট অস্ট্রেলিয়া।
স্মিথের সহকারী হওয়ার দৌড়ে ওয়ার্নারের সঙ্গে ছিলেন মিচেল জনসনও। তবে জনসনকে বেছে নেওয়ার ব্যাখ্যায় শুক্রবার অস্ট্রেলিয়া দলের প্রধান নির্বাচক রড মার্শ জানান, ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত নিয়েছেন তারা।
এর আগের ইংল্যান্ড সফরে জো রুটকে ঘুষি মারা ওয়ার্নারের বিরুদ্ধে মাঠের বাইরের আচরণ নিয়ে অভিযোগের কমতি নেই। তবে মার্শের দাবি, মারকুটে এই ব্যাটসম্যান বদলেছেন অনেক।
“ডেভিড পরিপক্ক হয়েছে এবং অস্ট্রেলিয়া দলে একজন গুরুত্বপূর্ণ সিনিয়র ক্রিকেটারে পরিণত হয়েছে। অনেকটা পথ পাড়ি দিয়েছে।”
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে হায়দরাবাদ সানরাইজার্সের অধিনায়কের দায়িত্ব পালন করেন ওয়ার্নার। ৪২ টেস্ট খেলা ২৮ বছর বয়সী এই ব্যাটসম্যান অস্ট্রেলিয়া দলে সহ-অধিনায়ক হিসেবেও ভালো করবেন বলে বিশ্বাস মার্শের।
