ধাওয়ান, কোহলির শতকে ভারতের বড় লিড
শিখর ধাওয়ান ও বিরাট কোহলির শতকে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বড় লিড নিয়েছে ভারত। দ্বিতীয় দিনের শেষ দিকে ব্যাট করতে নামা শ্রীলঙ্কাকে এরপর চাপে ফেলেছে দুই স্পিনার রবিচন্দ্রন অশ্বিন ও অমিত মিশ্র।
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দ্বিতীয় দিনের খেলা শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ৫ রান। ১৯২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা স্বাগতিকদের দুই উদ্বোধনী ব্যাটসম্যান কোনো রানই করতে পারেননি।
বৃহস্পতিবার শেষ বেলায় মাত্র চার ওভার খেলে শ্রীলঙ্কা। এই সময়েই দিমুথ করুনারত্নে ও কৌশল সিলভাকে হারায় স্বাগতিকরা।
প্রথম ওভারেই করুনারত্নেকে বোল্ড করেন প্রথম ইনিংসে ৪৬ রানে ৬ উইকেট নেওয়া অফ স্পিনার অশ্বিন। পরের ওভারে সিলভাকে বোল্ড করেন লেগ স্পিনার অমিত। নাইটওয়াচ ম্যান ধাম্মিকা প্রসাদকে নিয়ে বাকি সময়টুকু নিরাপদেই কাটিয়ে দেন নিজের শেষ সিরিজে খেলা কুমার সাঙ্গাকারা।
এর আগে ২ উইকেটে ১২৮ রান নিয়ে খেলা শুরু করে ভারত। আগের দিনের অবিচ্ছিন্ন একশ’ রানের জুটিকে এদিন ২২৭ পর্যন্ত এগিয়ে নেন ধাওয়ান ও কোহলি। তৃতীয় উইকেটে শ্রীলঙ্কায় এটাই অতিথিদের সর্বোচ্চ রানের জুটি।
দিনের শুরুতে অবশ্য খুব সতর্ক ছিলেন ধাওয়ান-কোহলি। প্রথম ৭২ বলে তাদের ব্যাট থেকে কোনো চার আসেনি। দিনের ১৩তম ওভারে প্রথম চার হাঁকান ক্যারিয়ারে চতুর্থ শতক পাওয়া ধাওয়ান।
বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে শতক করার পর হঠাৎ করেই যেন ছন্দ হারিয়ে ফেলেছিলেন কোহলি। তার পরের ১১টি আন্তর্জাতিক ইনিংসে অর্ধশতকেই পৌঁছাতে পারেননি তিনি। গলে শতক করে ছন্দ ফিরে পাওয়ার ইঙ্গিত দিলেন ভারতের টেস্ট অধিনায়ক।
সুনিল গাভাস্কার ও অ্যালেস্টার কুকের পর তৃতীয় অধিনায়ক হিসেবে প্রথম চার টেস্টে চারটি শতক করার কৃতিত্ব গড়ে কোহলি ফিরেন ১০৩ রানে করে। ৩৫ টেস্টের ক্যারিয়ারে এটি এই ডানহাতি ব্যাটসম্যানের একাদশ শতক। কোহলির ১৯১ বলের ইনিংসটি গড়া ১১টি চারে।
এরপর শূন্য রানে অজিঙ্কা রাহানে ফিরে গেলেও ধাওয়ান-ঋদ্ধিমান সাহা ভারতকে তিনশ’ রানের কাছাকাছি নিয়ে যান। গাভাস্কার ও রাহুল দ্রাবিড়ের পর ভারতের তৃতীয় উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে দেশের বাইরে টানা দুই টেস্টে শতক করা ধাওয়ানের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ১৩৪ রান।
বাংলাদেশের বিপক্ষে আগের টেস্টেই ১৭৩ রান করেন ধাওয়ান। এই বাঁহাতি ব্যাটসম্যানের ২৭১ বলের ইনিংসটি ১৩টি চার সমৃদ্ধ।
শতক করা ধাওয়ান-কোহলির বিদায়ের পর একার সংগ্রামে দলকে ৩৭৫ রান পর্যন্ত নিয়ে যান ঋদ্ধিমান। নবম ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে ৬০ রানের চমৎকার এক ইনিংস খেলেন তিনি।
ব্যাটসম্যানদের মধ্যে আর দুই অঙ্কে পৌঁছান কেবল হরভজন সিং (১৪) ও অমিত (১০)। ভারতের চতুর্থ সর্বোচ্চ ২৪ রান আসে অতিরিক্ত থেকে।
১৩৪ রানে ৫ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার থারিন্দু কৌশল। এই অফ স্পিনার চার টেস্টের ছোট্ট ক্যারিয়ারে এনিয়ে দ্বিতীয়বার পাঁচ উইকেট পেলেন। এছাড়া পেসার নুয়ান প্রদিপ ৩ উইকেট নেন ৯৮ রানে।
