অশ্বিনের স্পিনে প্রথম দিন ভারতের
রবিচন্দ্রন অশ্বিনের অফ স্পিনে গল টেস্টের প্রথম দিনটি নিজেদের করে নিয়েছে ভারত। প্রথম ইনিংসে শ্রীলঙ্কাকে ১৮৩ রানে অল আউট করে দিয়ে ২ উইকেটে ১২৮ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে সফরকারীরা।
২৮ রানের মধ্যে লোকেশ রাহুল ও রোহিত শর্মার উইকেট হারালেও শিখর ধাওয়ান ও অধিনায়ক বিরাট কোহলির ব্যাটে ঘুরে দাঁড়ায় ভারত। ১০৩ বলে ৬টি চারে ৫৩ রান নিয়ে উইকেটে আছেন ধাওয়ান। আর কোহলি ৭৭ বলে ৭টি চারে ৪৫ রান নিয়ে অপরাজিত আছেন।
গলে বুধবার টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কার শুরুটা মোটেই ভালো হয়নি। ২৭ রান তুলতেই ৩ উইকেট হারায় তারা। ১৫ রানের মধ্যে দুই উদ্বোধনী ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন ভারতের দুই পেসার। ইনিংসের সপ্তম ওভারের পঞ্চম বলে দিমুথ করুনারত্নেকে ফেরান ইশান্ত শর্মা। পরের ওভারের প্রথম বলে বরুন অ্যারনের বাউন্সারে ক্যাচ দিয়ে ফেরেন কৌশল সিলভা।
ক্যারিয়ারের শেষ টেস্ট সিরিজের শুরুটা ভালো হয়নি কুমার সাঙ্গাকারার। দলের বিপদ আরও বাড়িয়ে মাত্র ৫ রান করে প্যাভিলিয়নে ফেরেন তিনি।
অশ্বিনের অসাধারণ বোলিংয়ের সঙ্গে ভারতের ফিল্ডারদের দুর্দান্ত কিছু ক্যাচে এক পর্যায়ে ৬০ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা।
স্বাগতিকদের এরপর বড় লজ্জার হাত থেকে বাঁচান অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস ও দিনেশ চান্দিমাল। তবে এতে অবদান আছে ভারতের উইকেরক্ষক ঋদ্ধিমান সাহারও। ৫৯ রান করা চান্দিমালের ক্যাচ ৫ রানে ছাড়েন তিনি। শ্রীলঙ্কা তখন ৫ উইকেটে ৬৬ রান।
ম্যাথিউসের সঙ্গে ষষ্ঠ উইকেট ৭৯ রানের জুটি গড়েন চান্দিমাল। ৬টি চার ও একটি ছয়ে ৯২ বলে ৬৪ রান করে আউট হন ম্যাথিউস। চান্দিমালের ৭৭ বলের ইনিংসটি ৯টি চারে সাজানো।
অশ্বিন ৪৬ রানে নেন ৬ উইকেট। দেশের বাইরে ভারতের কোনো স্পিনারের টেস্টের প্রথম ইনিংসে এটাই সেরা বোলিং। আর এই নিয়ে একাদশবারের মতো ইনিংসে ৫ বা তার বেশি উইকেট পেলেন অশ্বিন।
ব্যাটিং উইকেটে টস জিতে ব্যাটিং নেওয়া শ্রীলঙ্কাকে ব্যাকফুটে ঠেলে দিতে দ্বাদশ ওভারেই অশ্বিনকে আক্রমণে আনেন ভারতের কোহলি। এসেই তিনি ফিরিয়ে দেন সাঙ্গাকারাকে। বলটি খুব একটা ভালো ছিল, তা অবশ্য বলা যাবে না।
অশ্বিনের করা প্রথম ওভারের তৃতীয় বলটি শর্ট ছিল। সাঙ্গাকারা বলটি রক্ষণাত্মক ভঙ্গিতেই খেলেন। তবে সিলি পয়েন্টে থাকা লোকেশ রাহুলের কাছে ক্যাচ উঠে যায়।
সাঙ্গাকারার পর একে একে লাহিরু থিরিমান্নে, জেহান মুবারক, ম্যাথিউস, ধাম্মিকা প্রসাদ ও রঙ্গনা হেরাথকে তুলে নেন অশ্বিন।
চার বছর পর আবার টেস্ট খেলতে নামা অমিত মিশ্র ২০ রানে ২ উইকেট নেন। পরপর দুই বলে চান্দিমাল ও থারিন্দু কৌশলকে ফেরান তিনি।
