২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুশলের শতকে শ্রীলঙ্কার সান্ত্বনার জয়

কুশল পেরেরার শতকে জয় দিয়ে ওয়ানডে সিরিজ শেষ করেছে শ্রীলঙ্কা। পঞ্চম ও শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ১৬৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা।  

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2015, 07:20 PM

Updated : 25 Apr 2022, 01:39 PM

এই হারের পরও ৩-২ ব্যবধানে সিরিজ জিতেছে পাকিস্তান। সিরিজ জেতায় আইসিসি ওয়ানডে র‍্যাংঙ্কিংয়ের আট নম্বরে উঠে এসেছে আজহার আলির দলটি। তাই আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলাও নিশ্চিত হয়েছে তাদের। 
 
হাম্বানটোটায় রোববার স্বাগতিকদের বড় সংগ্রহে মূল ভূমিকা ছিল পেরেরার, ১১৬ রান করেন তিনি। ওয়ানডেতে এটি তার দ্বিতীয় শতক। ১০৯ বলের ইনিংসটিতে ৯টি চার ও ৪টি ছক্কা হাঁকান উদ্বোধনী এই ব্যাটসম্যান।
 
৭০ বলে ৬টি চারের সাহায্যে ৬২ রান করেন দিলশান। এই ইনিংসে শ্রীলঙ্কার চতুর্থ ব্যাটসম্যান হিসেবে ১০ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন তিনি। ওয়ানডেতে ৩১৯ ম্যাচ খেলে ৩৮ বছর বয়সী এই ব্যাটসম্যানের মোট রান ১০ হাজার ৭।
 
এই মাইলফলক ছোঁয়া শ্রীলঙ্কার আগের তিন ব্যাটসম্যান হলেন কুমার সাঙ্গাকারা (১৩ হাজার ৯৭৫), সনাথ জয়াসুরিয়া (১৩ হাজার ৩৬৪) ও মাহেলা জয়াবর্ধনে (১২ হাজার ৩৮১)।
পেরেরা ও দিলশানের ওভারপ্রতি ৬-এর বেশি তোলা ১৬৪ রানের জুটিতেই মূলত বড় ইনিংসের ভিত গড়ে টস জিতে ব্যাট করতে নামা শ্রীলঙ্কা।
 
পরে পঞ্চম উইকেটে অধিনায়ক ম্যাথিউস ও মিলিন্দা শ্রিবর্ধনের মারমুখী ব্যাটিংয়ে সাড়ে তিনশ’ ছাড়ায় দলটি। শেষ ৯.১ ওভারে ১২.৪৩ গড়ে অবিচ্ছিন্ন ১১৪ রানের জুটি গড়ে তারা। তাদের দৃঢ়তায় ৪ উইকেটে ৩৬৮ রানের বিশাল সংগ্রহ গড়ে শ্রীলঙ্কা। 
 
ম্যাথিউস ৪০ বলে ৮টি চার ও ২টি ছক্কায় ৭০ রান করেন। আর শ্রিবর্ধনে ২৬ বলে ৪টি চার ও ৩টি ছক্কায় ৫২ রান করেন।
 
পাকিস্তানের রাহাত আলি ৭৪ রানে ২ উইকেট নেন।
 
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ৩৭.২ ওভারে ২০৩ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান।
 
অতিথিদের প্রথম আট ব্যাটসম্যানের সবাই দুই অঙ্কে পৌঁছান, কিন্তু কেউ নিজের ইনিংস বড় করতে পারেননি। সর্বোচ্চ ৩৭ রান করেন মোহাম্মদ হাফিজ। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ রান করেন অধিনায়ক আজহার। 
 
আহমেদ শেহজাদের (১৮) সঙ্গে আজহারের ৫১ রানের উদ্বোধনী জুটি ভাঙার পর থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় লক্ষ্যের ধারে কাছে যেতে পারেনি অতিথিরা। তাদের ইনিংসে অর্ধশত রানের জুটিও এই একটিই। 
 
৩৯ রানে ৩ উইকেট নিয়ে শ্রীলঙ্কার সেরা বোলার সচিত্রা সেনানায়েকে। এছাড়া থিসারা পেরেরা ২ উইকেট নেন ৩৮ রানে।  
 
আগামী বৃহস্পতিবার দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে শ্রীলঙ্কা-পাকিস্তান।