২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থায় ইংল্যান্ড লায়ন্সের ম্যাচ বাতিল

ইংল্যান্ড নারী ক্রিকেট দলের আবু ধাবি সফরও স্থগিত করা হয়েছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থায় ইংল্যান্ড লায়ন্সের ম্যাচ বাতিল
আকাশসীমা বন্ধ থাকায় এখনই দেশের পথে উড়াল দিতে পারছে না ইংল্যান্ড লায়ন্স দল। ছবি: ইসিবি।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Mar 2026, 10:30 AM

Updated : 26 Aug 2026, 03:03 PM

সিরিজের চারটি ম্যাচ এখনও বাকি। তবে সিরিজ বা খেলা আপাতত ভাবনায়ই নেই। একটি ম্যাচ এর মধ্যেই বাতিল করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাত সফরে থাকা ক্রিকেটারদের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। তবে আকাশসীমা বন্ধ থাকায় এখনই দেশের পথে উড়াল দিতে পারছে না ইংল্যান্ড লায়ন্স দল।

আবু ধাবিতে পাকিস্তান শাহিনসের (পাকিস্তান ‘এ’) সঙ্গে সিরিজ খেলছে ইংল্যান্ড লায়ন্স (ইংল্যান্ড ‘এ’)। আবু ধাবিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে পাঁচ ম্যাচের একদিনের ম্যাচের সিরিজের প্রথম ম্যাচটিও হয়ে গেছে। দ্বিতীয় ম্যাচ হওয়ার কথা রোববার। কিন্তু এর মধ্যেই শুরু হয়ে গেছে যুদ্ধ। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানও পাল্টা হামলা চালাচ্ছে এই অঞ্চলে নানা লক্ষ্যবস্তুতে। দুবাইয়ে পাম জুমেইরাহ রিসোর্টও আক্রান্ত হয়েছে। 

চলমান পরিস্থিতিতে রোববারের ম্যাচটি বাতিল করা হয়েছে। আগামী সপ্তাহে আবু ধাবিতে ইংল্যান্ড নারী দলের ক্যাম্প হওয়ার কথা। সেটিও আপাতত স্থগিত করা হয়েছে।

ইসিবির এক মুখপাত্র বলেছেন, “আমাদের দল এবং স্টাফদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। মধ্যপ্রাচ্যের বর্তমান ঘটনাপ্রবাহের প্রেক্ষিতে নিরাপত্তা বিশেষজ্ঞ এবং সরকারের সাথে যোগাযোগ রাখছি আমরা এবং সরকারী পরামর্শ অনুসরণ করছি।”

সংযুক্ত আরব আমিরাতে ইংল্যান্ড লায়ন্স দলে ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে আছেন ২৫ জন। দলটির কোচ সাবেক অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিন্টফ। 

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে অবশ্য যুদ্ধের আঁচ এখনও লাগেনি বা লাগার শঙ্কা ততটা নেই। সেমি-ফাইনালে ওঠা ইংল্যান্ড ছেলেদের দল আগের সূচী অনুযায়ী কলম্বো থেকে মুম্বাইয়ে যাচ্ছে সেমি-ফাইনাল খেলতে।