দুঃসাহসের প্রতিশব্দ থেকে নির্ভরতার প্রতীক
১৭ বছর বয়সে ভয়ডরহীন ব্যাটিংয়ে বিশ্ব ক্রিকেটে সাড়া জাগিয়েছিলেন যিনি, সেই তামিম ইকবাল ক্রমে হয়ে ওঠেন বাংলাদেশের ব্যাটিংয়ের সবচেয়ে বড় ভরসা।
আঠারো বছর বয়স কী দুঃসহ, র্স্পধায় নেয় মাথা তোলবার ঝুঁকি, আঠারো বছর বয়সেই অহরহ, বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি। সুকান্ত ভট্টাচার্যের অমর এই কবিতা খুব সত্যি মনে হতো তামিম ইকবালকে দেখে। অবশ্য বিশ্ব ক্রিকেটে যখন সাহসের বার্তা প্রথম ছড়িয়ে দিয়েছিলেন, তখন তার বয়স আঠারোও হয়নি। কুইন’স পার্ক ওভালে যখন জাহির খানের ডেলিভারি আছড়ে ফেললেন গ্যালারির দোতলায়, ধারাভাষ্যে বিস্ময়াভিভূত ইয়ান বিশপ বলেছিলেন, “Look at this…It belies a 17-year-old realy, showing very little respect to the elder statesman…।”
২০০৭ বিশ্বকাপে সেই ভারত-বধ কাব্যের দিনে ক্রিকেট দুনিয়া জেনেছিল, বাংলাদেশের একজন ১৭ বছর বয়সী এক সেনানী আছে, চিত্ত যার ভয়শূন্য, উচ্চ যার শির। তামিম ইকবাল তখন সাহসের বিজ্ঞাপন। বাংলাদেশের জবাব। দমকা হাওয়া। দিনবদলের গান। উত্তুঙ্গ রোমাঞ্চ। দুর্নিবার স্বপ্ন।
তারুণ্যের সেই দূরন্ত প্রকাশে লাগাম পড়ায় সময়। বয়স, অভিজ্ঞতা, পরিস্থিতি আর পারিপার্শ্বিকতা তাকে করে তোলে পোক্ত। যিনি ছিলেন ঝড়ো হাওয়া, ক্রমে তিনিই হয়ে ওঠেন নিরাপদ আশ্রয়। তার ব্যাটে তাকিয়ে দল নির্ভরতা পায়। সতীর্থরা শান্তি পান। সমর্থকেরা ভরসা পান। রান আর রেকর্ডের সিড়ি বেয়ে তিনি পৌঁছে যান দেশের ক্রিকেটের ইতিহাসের শৃঙ্গে।
সেই অভিযানে বিরতি পড়েছিল এক বছরের বেশি সময় ধরে। এবার সেটির পাকাপাকি সমাপ্তি। তামিমের আন্তর্জাতিক ক্যারিয়ার এখন আনুষ্ঠানিকভাবেই অতীত।
সেই অতীতে ফিরে তাকালে বাংলাদেশের ক্রিকেট খুঁজে পাবে গৌরব। ঝলমলে অনেক রত্ন। প্রাপ্তির উচ্ছ্বাস। অপূর্ণতার বেদনা। সবকিছু মিলিয়ে গর্বের এক অধ্যায়।
হাজার হাজার রান করেছেন। রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মেতেছেন। নতুন সীমানা ছুঁয়েছেন। নতুন উচ্চতায় পা রেখেছেন। তবে এসব রান-রেকর্ড-শতরান, পরিসংখ্যানের কচলানো, এগুলো তামিমকে ফুটে কোলে সামান্যই। তার সবচেয়ে বড় অর্জন সম্ভবত দলের বিশ্বাস। সবাই জানতেন, তামিম একটা কিছু করবেন!
বিরুদ্ধ কন্ডিশন। কঠিন প্রতিপক্ষ। নতুন বলের বোলারদের চোখরাঙানি। কিংবা যে কোনো কিছু। দল জানত, তামিম আছেন। শুরুর চ্যালেঞ্জ তিনি সামলে নেবেন। স্বস্তির একটা ফুরফুরে হাওয়া বয়ে যেত ড্রেসিং রুমে।
এই অনুভূতি, এই অবদানকে তো আসলে কোনো রেকর্ড-সংখ্যায় বাঁধা যাবে না! এই যে ছাপ রাখা, দিনের পর দিন ধরে গড়ে তোলা বিশ্বাসের সৌধ, এই যে উত্তরাধিকার… দেশজুড়ে শত সহস্র শিশু-কিশোরকে ওপেনিংয়ের চ্যালেঞ্জটা নিতে উজ্জীবিত করা, তাড়ানা জোগানো, তাদের হৃদয়ে স্বপ্ন বুনে দেওয়া যে ‘তামিমের মতো ওপেনার হতে চাই’… বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এই জায়গায় অমর হয়ে থাকবেন একজন তিনি।
তার আগ্রাসন, তার মানসিকতা, এসব শুধু ব্যাটিংয়ের ধরনেরই নয়, প্রকাশ পেত তার ডাকাবুকো চরিত্রেও। প্রতিপক্ষের চোখে চোখ রেখে কথা বলা, মাঠে স্লেজিং কিংবা কথার লড়াইয়ে পাল্টা জবাব দেওয়া, মিইয়ে থাকা মনোভাবকে মাটিচাপা দিয়ে জ্বলে ওঠার বীজ বপন করা, হীনম্মন্যতার ভূত তাড়িয়ে আত্মমর্যাদার রোশনাই ছড়িয়ে দেওয়া… এসব কারণেই বাংলাদেশের ক্রিকেটে অম্লান হয়ে রইবেন তামিম।
স্কোরকার্ডে, রেকর্ড বইয়ে এসব লেখা থাকবে না। কিন্তু স্বাক্ষ্য দেবে ইতিহাস। লর্ডসে সেঞ্চুরি করে আকাশ ছুঁতে চাওয়া আর অ্যাটেন্ড্যান্টের দিকে ইশারা করে অনার্স বোর্ডে নাম লিখতে বলা, কেভিন পিটারসেনের চ্যালেঞ্জের জবাব দিয়ে ওল্ড ট্র্যাফোর্ডে সেঞ্চুরি করা… এসব শুধু চটকদার সেঞ্চুরি করা বা রোমাঞ্চকর গল্পই নয়, বাংলাদেশ ক্রিকেটের তখনকার দিনবদলের গানও।
সময়ের সঙ্গে দলের প্রয়োজনের সঙ্গে নিজের ভাবনার মেলবদ্ধনে বদলে গেছে ব্যাটিংয়ের প্রতি তার দৃষ্টিভঙ্গিও। তাতে ধারাবাহিকতা বেড়েছে, নির্ভরতা পোক্ত হয়েছে, রানের জোয়ার বয়েছে। এই সময়টাতেই তিনি হয়ে উঠেছেন ভরসার আরেক নাম। সঙ্কট যতটাই থাকুক, যত তীব্র হোক চ্যালেঞ্জ, তিনি ছিলেন কখনো দলের বর্ম, কথনও ছাতা।
যদিও আক্ষেপের চোরকাঁটাও থাকতে পারে অনেকের। সেই খ্যাপাটে তামিমের তো একটা বুনো সৌন্দর্য ছিল! সেটুকু পাশে সরিয়ে রাখলেও ক্যারিয়ারের সামগ্রিক ছবিটাও কত উজ্জ্বল হতে পারত আরও! তাকে ঘিরে প্রত্যাশা ছিল বিশ্বমানের হওয়ার। কখনও কোনো ইনিংসে, ক্যারিয়ারের কোনো একটা পর্যায়ে সেটা তিনি পেরেছেন। তবে ধরে রাখতে পারেননি। বাংলাদেশের সেরা থেকে শেষ পর্যন্ত বিশ্বসেরাদের কাতারে নিজেকে নিতে পারেননি। বাংলাদেশের কিংবদন্তি তিনি বেশ আগে থেকেই। কিন্তু বিশ্ব ক্রিকেটের গ্রেট হতে পারেননি। চারটি ওয়ানডে বিশ্বকাপ খেলেও নিজের সামর্থ্যের প্রতি সুবিচার করতে পারেননি।
তবে যা পেরেছেন, সেটিও তো কম। তার বিদায়ের ক্ষণে বাংলাদেশের বাস্তবতাকেই নাহয় আপ্ত ধরা যাক! ২০১৮ এশিয়া কাপে আঙুলে ব্যান্ডেজ নিয়ে গ্লাভস কেটে ব্যাটিংয়ে নেমে যখন এক হাতের বীরত্ব দেখিয়েছিলেন, তখন তো তিনি ছাড়িয়ে গিয়েছিলেন ক্রিকেটের সীমানাও।
২০২৩ সালের সেপ্টেম্বরে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে বিরতি পড়ার আগের কয়েক বছরে চোটও তাকে ভুগিয়েছে বেশ। কোভিডের হানা তো ছিলই। নইলে আরও সমৃদ্ধ হতে পারত তার পরিসংখ্যান। কে জানে, ১০ হাজার ওয়ানডে রানের মাইফলকও হয়তো ছুঁতে পারতেন। ২০২৩ সালে চট্টগ্রামে আফগানিস্তানে বিপক্ষে অধিনায়ক হয়েও সিরিজের মাঝপথে অবসরে চলে গিয়ে নিশ্চিতভাবেই আবেগের কাছে আত্মসমর্পণ করেছিলেন তিনি। নইলে তার ক্যারিয়ারে শেষের ভাগটাও অন্যরকম হতে পারত। পরদিন ফিরে আসার ঘোষণাও খুব আদর্শ ছিল না।
তবে তার ক্যারিয়ার এখন কফিনবন্দি, আপাতত নানা আক্ষেপও সেখানে আটকে রাখা যেতে পারে। বরং প্রাপ্তিগুলোকেই উদযাপন করা যাক। মাঠ থেকে বিদায় নিতে না পারার আক্ষেপ হয়তো থাকবে। তবে এই যে নিজের মনের ডাক শুনে নিজের ইচ্ছেয় শেষটা করতে পারলেন, এটাই বা কজন পারে এই দেশে!
বাংলাদেশের বাস্তবতায় ওপেনিংয়ের কাজটি যে কত কঠিন, সেটির প্রমাণ তো নিয়মিতই হচ্ছে। একটা সময় অনেক দিন ধরে তামিমের একজন যোগ্য সঙ্গী পাওয়া যেত না। এখন দুই প্রান্তেই তো উপযুক্ত কাউকে মিলছে না, যিনি ধারাবাহিকভাবে সফল হতে পারেন। এজন্যই এই ২০২৫ সালে এসেও তাই নির্বাচকরা চাম্পিয়ন্স ট্রফির দেড় মাস আগে কড়া নাড়েন তামিমের দুয়ারে।
তামিম ফিরতে রাজি না হয়ে ভুল করলেন নাকি ঠিক, সেই বিতর্কও জমজমাট থাকবে কিছুদিন। তবে ওপেনার মানেই তামিম ইকবাল, বাংলাদেশের ক্রিকেটে এই সত্য টিকে থাকবে হয়তো চিরদিন।
