১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গতির ঝড় তোলা সেই মায়াঙ্ককে নিয়ে বাংলাদেশের অপেক্ষায় ভারত

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য নিয়মিত ক্রিকেটারদের কয়েকজনকে বিশ্রাম দিয়ে দল ঘোষণা করেছে ভারত।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2024, 09:23 AM

Updated : 26 Aug 2026, 10:33 AM

চোটে পড়ার আগে আইপিএলে মাত্র চারটি ম্যাচ খেলতে পারেন মায়াঙ্ক ইয়াদাভ। তাতেই গতির ঝড় তুলে তাক লাগিয়ে দেন লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের তরুণ প্রতিভা। তাই চোট থেকে সেরে উঠতেই জাতীয় দলে ডাক পেয়ে গেলেন ২২ বছর বয়সী পেসার।

বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য মায়াঙ্ককে নিয়ে ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ভারত। সামনে ব্যস্ত টেস্ট সূচি বিবেচনা নিয়ে নিয়মিত ক্রিকেটারদের বেশ কয়েকজনকে বাইরে রেখে নতুনদের সুযোগ দেওয়া হয়েছে দলে।

লাক্ষ্ণৌর হয়ে সবশেষ আইপিএলে অভিষেকেই ১৫৫ কিলোমিটার গতি ছাড়িয়ে চমক জাগান মায়াঙ্ক। পরের ম্যাচে তিনি করেন ১৫৬.৭ কিলোমিটার গতির ডেলিভারি। দুই ম্যাচেই ৩টি করে উইকেট নিয়ে ম্যাচ সেরার পুরস্কারও জেতেন তরুণ পেসার।

আইপিএলের দীর্ঘ ইতিহাসে ক্যারিয়ার শুরুর দুই ম্যাচেই সেরা হওয়া প্রথম খেলোয়াড় মায়াঙ্ক। এরপর চোটের ধাক্কায় আর মাত্র দুটি ম্যাচ খেলতে পারেন তিনি। পরে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পুনর্বাসনের সময় আবার চোটে পড়েন মায়াঙ্ক। তাই ফেরার অপেক্ষা দীর্ঘায়িত হয় তার।

মায়াঙ্কের প্রথমবার ডাক পাওয়ার সিরিজে প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরলেন ভারুন চক্রবর্তী। ২০২১ সালে সবশেষ জাতীয় দলে খেলেন এই রহস্য স্পিনার। সবশেষ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে ১৪ ম্যাচে ২১ উইকেট নিয়ে ফেরার দাবি জানান তিনি।

আগামী অক্টোবরে নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে ভারত। তাই টেস্ট দলের শুবমান গিল, ইয়াশাসবি জয়সওয়াল, রিশাভ পান্ত, আকসার প্যাটেল ও মোহাম্মদ সিরাজকে বিশ্রামে রাখা হয়েছে।

নিয়মিত ক্রিকেটাররা না থাকায় এক সিরিজ পরই টি-টোয়েন্টি দলে ফিরেছেন নিতিশ কুমার রেড্ডি, আভিশেক শার্মা, জিতেশ শার্মা ও হার্শিত রানা। সুরিয়াকুমার ইয়াদাভের নেতৃত্বে এর আগে সহ-অধিনায়কত্ব দেওয়া হয়েছিল গিলকে। তিনি না থাকায় এই সিরিজে কোনো ডেপুটি পাচ্ছেন না সুরিয়াকুমার।

সুরিয়া ছাড়াও টি-টোয়েন্টি দলের নিয়মিতদের মধ্যে হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, ওয়াশিংটন সুন্দার, রিঙ্কু সিং, রাভি বিষ্ণুই ও আর্শদিপ সিং আছেন বাংলাদেশ সিরিজের দলে। 

গোয়ালিয়রে আগামী ৬ অক্টোবর শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ। দিল্লি ও হায়দরাবাদে পরের দুই ম্যাচ ৯ ও ১২ তারিখ। 

ভারত স্কোয়াড: সুরিয়াকুমার ইয়াদাভ, আভিশেক শার্মা, সাঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পারাগ, নিতিশ কুমার রেড্ডি, শিভাম দুবে, ওয়াশিংটন সুন্দার, রাভি বিষ্ণুই, ভারুন চক্রবর্তী, জিতেশ শার্মা, আর্শদিপ সিং, হার্শিত রানা, মায়াঙ্ক ইয়াদাভ।