অধিনায়কদের জন্য বিসিবি সভাপতি তামিমের সম্মান ‘ক্যাপ্টেনস কার্ড’
ছেলে ও মেয়েদের ক্রিকেটে দেশের বর্তমান-সাবেক সব আন্তর্জাতিক অধিনায়কের প্রতি সম্মান জানিয়ে বিসিবির পক্ষ থেকে দেওয়া হবে এই কার্ড।
“তামিম ফোন করেছিল কয়েক দিন আগে। বিস্তারিত কিছু বলেনি, শুধু বলেছে যে অধিনায়কদের নিয়ে ছোট একটি আয়োজন আছে। অবশ্যই যেন উপস্থিত থাকি। খুব আন্তরিকভাবে বলেছে, আমিও কথা দিয়েছি যে থাকব। পরে বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হয়েছে,” ফোনে কথাগুলো বলছিলেন দেশের সাবেক এক অধিনায়ক। বিসিবি সভাপতি তামিম ইকবালের অনুরোধে সাড়া দিয়ে তিনি থাকছেন বিসিবির এই আয়োজনে।
আয়োজনটির আনুষ্ঠানিক নাম, ‘ক্যাপ্টেনস কার্ড হস্তান্তর অনুষ্ঠান।’ ঢাকার একটি হোটেলে বৃহস্পতিবার সন্ধ্যায় হবে অনুষ্ঠানটি। বিসিবির পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে গর্বের সঙ্গে নেতৃত্ব দেওয়া বিশিষ্ট পুরুষ ও নারী ক্রিকেটারদের হাতে একটি স্পেশাল এডিশন প্রিভিলেজ কার্ড তুলে দেবেন বিসিবি সভাপতি তামিম ইকবাল খান।”
এই কার্ডের বিস্তারিত উল্লেখ করা হয়নি সংবাদ বিজ্ঞপ্তিতে। তবে খোঁজ নিয়ে জানা গেছে, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া সব অধিনায়ককে বিশেষ এই কার্ড তুলে দেওয়া হবে, যেটি আসলে তাদের মাঠে প্রবেশের সবসময়ের প্রবেশপপত্র। দেশের সব মাঠে সব আন্তর্জাতিক ম্যাচে তারা খেলা দেখতে পারবেন এই কার্ড দিয়ে।
এমনিতে বিসিবির পক্ষ থেকে সাবেক অধিনায়কদেরকে টিকেট দেওয়া হয়। তবে সাধারণ দর্শকদের মতো টিকেট দেখিয়ে নয়, অধিনায়কদের সম্মান জানাতে বিশেষ এই কার্ড দেওয়া হচ্ছে।
দেশের সাবেক ও বর্তমান সব অধিনায়ক, একটি আন্তর্জাতিক ম্যাচেও যারা দেশকে নেতৃত্ব দিয়েছেন, তারা পাবেন এই কার্ড।
এছাড়া বয়স পঞ্চাশ স্পর্শ করেছে যেসব সাবেক অধিনায়কের, তাদের জন্য বিশেষ ‘হেলথ কার্ড’ দেওয়া হতে পারে বলেও শোনা যাচ্ছে।
বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের সূত্রে জানা গেছে, বিসিবি সভাপতি নিজেই অধিনায়কদের ফোন করে প্রাথমিকভাবে জানিয়েছেন অনুষ্ঠানের কথা। পরে বোর্ডের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছে।
