পাকিস্তানের ম্যাচে দায়িত্বে রাখা হবে না পাইক্রফটকে, খবর সংবাদমাধ্যমের
এশিয়া কাপ থেকে পাকিস্তান সরে দাঁড়াবে কি না, চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে বুধবার।
এশিয়া কাপে হাত না মেলানো বিতর্ক ও ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে নিয়ে টানাপোড়েন নাটকীয় মোড় নেয় মঙ্গলবার দিন পেরিয়ে মধ্যরাতে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, বুধবার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তারা এই টুর্নামেন্ট বর্জন করবেন কি না। যেটির মানে টুর্নামেন্টের মাঝপথে সরে দাঁড়ানোর ভাবনা তাদের আছে!
ভারত ও পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যমের অবশ্য খবর, পাকিস্তানের ম্যাচগুলিতে দায়িত্বে রাখা হবে না পাইক্রফটকে। এতে উত্তেজনা কিছুটা প্রশমনের আভাসও মিলছে।
এশিয়া কাপে অস্তিত্বের লড়াইয়ে বুধবার দুবাইয়ে বুধবার সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হওয়ার কথা পাকিস্তানের। এই ম্যাচের জয়ী দল পৌঁছবে সুপার ফোর পর্বে, হেরে যাওয়া দলের বিদায় ঘণ্টা বেজে যাবে।
গত রোববার দুবাইয়ে এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের ম্যাচে পাকিস্তানিদের সঙ্গে ভারতীয় দলের হাত না মেলানোর ঘটনার জের তীব্রভাবেই চলছে এখনও। ম্যাচের পর পাকিস্তানের ম্যানেজার আইসিসির কাছে আনুষ্ঠানিক যে অভিযোগ করেছিলেন, সেখানে উল্লেখ ছিল ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট টসের সময় বলেছিলেন দুই অধিনায়ককে করমর্দন না করতে।
পরে পিসিবি প্রধান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান মহসিন নাকভি কড়া প্রতিক্রিয়ায় আইসিসির কাছে দাবি জানান, ম্যাচ রেফারি পাইক্রফটকে অবিলম্বে অপসারণ করতে হবে। এই টুর্নামেন্টের আয়োজক এসিসি হলেও ম্যাচ রেফারি পাঠিয়ে থাকে সাধারণত আইসিসি। যদিও সূত্রের বরাত দিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে তুলে ধরা হয়, পাইক্রফটকে যা করতে বলা হয়েছিল, তিনি কেবল সেটিই অনুসরণ করেছেন।
ম্যাচের আগে-পরে ভারতীয় ক্রিকেটাররা হাত না মেলানোয় সেদিন পুরস্কার বিতরণী আয়োজনে যাননি পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা। পরে সংবাদ সম্মেলনে পাকিস্তানের কোচ মাইক হেসন হতাশা প্রকাশ করে জানান, প্রতিবাদমূলক পদক্ষেপ হিসেবেই পুরস্কার বিতরণী যাননি অধিনায়ক।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচের আগের দিন দুবাইয়ে পাকিস্তান দল অনুশীলন করলেও তাদের পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন হয়নি। আনুষ্ঠানিকভাবে এটির কোনো কারণ জানানো হয়নি। তবে মোটামুটি স্পষ্টই যে, প্রতিবাদের অংশ হিসেবেই সংবাদ সম্মেলন বর্জন করেছে তারা।
এরপর মধ্যরাতে ওই বিবৃতির ঘটনায় এশিয়া কাপের বাকিটায় পাকিস্তানের অংশগ্রহণ নিয়েই বড় শঙ্কা জেগে ওঠে। বিবৃতিতে বলা হয়, টুর্নামেন্টে পাকিস্তানের খেলা চালিয়ে যাওয়া নিয়ে আলোচনা চলমান এবং পাকিস্তান ক্রিকেটের স্বার্থ বিবেচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
পিসিবি সূত্রের বরাত দিয়েই বুধবার বিভিন্ন সংবাদমাধ্যমে খবর আসে, আমিরাতের বিপক্ষে বুধবারের ম্যাচে পাইক্রফটের বদলে ম্যাচ রেফারি থাকবেন রিচি রিচার্ডসন ও টুর্নামেন্টে টিকে থাকলে পাকিস্তানের বাকি ম্যাচগুলোতেও একই ধারা অনুসরণ করা হবে।
এতে পিসিবির ক্ষোভ কিছুটা কমেছে ও পাকিস্তান টুর্নামেন্টে খেলা চালিয়ে যাবে বলেই ধারণা করা হচ্ছে। যদিও আনুষ্ঠানিকভাবে তা জানা যাবে পিসিবির বিবৃতির পরই।
আইসিসি এখনও পাইক্রফটের ব্যাপারটি নিয়ে কোনো মন্তব্য করেনি। সাধারণত ম্যাচ রেফারি, আম্পায়ার বা ম্যাচ অফিসিয়ালদের নিয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করে না বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি।
পাকিস্তান সুপার ফোর পর্বে উঠতে পারলে রোববার আবার মুখোমুখি হবে তারা ভারতের। নিশ্চিত করেই বলা যায়, নতুন কিছুর রসদও মিলবে সেদিন।
