১০ ওভারের রোমাঞ্চকর লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজের জয়
বজ্রপাতের কারণে টি-টোয়েন্টি ম্যাচ হয়ে গেল টি-টেন, ওয়েস্ট ইন্ডিজের ১১৪ রানের জবাবে ১১৮ রান করেও হেরে গেল দক্ষিণ আফ্রিকা।
বিরূপ আবহাওয়ায় ম্যাচের দৈর্ঘ্য কমানো হলো দুই দফায়। টি-টোয়েন্টি ম্যাচ হয়ে গেল টি-টেন। ব্যাটে-বলে লড়াইও জমল বেশ। স্নায়ুর চাপ সামলে শেষ ওভারে দারুণ বোলিং করলেন শামার জোসেফ। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়াল ওয়েস্ট ইন্ডিজ।
তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষটিতে ক্যারিবিয়ানদের জয় ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ৬ রানে।
জোহানেসবার্গে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হওয়ার কথা ছিল ম্যাচ। টস নির্ধারিত সময়ে হলেও, মাঠের আশেপাশে বজ্রপাতের কারণে খেলা শুরু হয় সোয়া এক ঘণ্টা দেরিতে। ম্যাচের দৈর্ঘ্য নেমে আসে প্রথমে ১৬ ওভারে।
ওয়েস্ট ইন্ডিজ ৬ ওভারে ১ উইকেটে ৬৬ রান করার পর আবার বজ্রপাতের কারণে বন্ধ হয়ে যায় খেলা। পরে ম্যাচ নেমে আসে ১০ ওভারে। অধিনায়ক শেই হোপ ও শিমরন হেটমায়ারের ঝড়ো ইনিংসে ক্যারিবিয়ানরা করে ৩ উইকেটে ১১৪ রান।
দক্ষিণ আফ্রিকার লক্ষ্য দাঁড়ায় ১০ ওভারে ১২৫। ৬ উইকেট হারিয়ে ১১৮ পর্যন্ত যেতে পারে স্বাগতিকরা।
নিয়মিত কয়েকজনকে এদিন বিশ্রাম দেওয়া দক্ষিণ আফ্রিকা খেলতে নামে গোলাপি পোশাকে। স্তন ক্যান্সারের চিকিৎসার জন্য তহবিল সংগ্রহ ও সতর্কতা বাড়ানোর জন্য বছরের একটি দিন এমন আয়োজন করে থাকে তারা, যেটিকে বলা হয় ‘পিঙ্ক ডে।’ এই প্রথম ‘পিঙ্ক ডে’তে টি-টোয়েন্টি ম্যাচ খেলল প্রোটিয়ারা।
টস জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারে জনসন চার্লসকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে খেলা বন্ধ হওয়ার আগে ও পরে আগ্রাসী ব্যাটিংয়ে দলকে এগিয়ে নেন হোপ ও হেটমায়ার।
দ্বিতীয় উইকেটে দুজন গড়েন ৪১ বলে ৮৬ রানের বিস্ফোরক জুটি।
চারটি ছক্কা ও তিনটি চারে ২৫ বলে ৪৮ রান করেন হোপ। ছয়টি ছক্কা ও একটি চারে ২২ বলে ৪৮ রানে অপরাজিত থাকেন হেটমায়ার। দুই ছক্কায় ৭ বলে ১৩ রান করেন পাওয়েল।
রান তাড়ায় শুরুতেই এইডেন মার্করামকে হারায় দক্ষিণ আফ্রিকা। আগের ম্যাচের সেঞ্চুরিয়ান কুইন্টন ডি কক ভালো শুরু করলেও বেশিদূর যেতে পারেননি (১৪ বলে ২৮)।
পাল্টা আক্রমণের চেষ্টা করেন ডেওয়াল্ড ব্রেভিস ও রায়ান রিলেকটন। রোস্টন চেইসের একই ওভারে দুটি ছক্কা মারেন ব্রেভিস। পরের ওভারে গুডাকেশ মোটিকে দুটি ছক্কা হাঁকান রিকেলটন। তবে ওই ওভারেই বিদায় নেন রিকেলটন (৭ বলে ১৫) ও ব্রেভিস (১০ বলে ১৭)।
একটি করে চার ও ছক্কায় ৯ বলে ১৭ রান করেন জর্জ লিন্ডা। বারবার রঙ বদলের লড়াইয়ে শেষ ওভার পর্যন্ত দক্ষিণ আফ্রিকার আশা জিইয়ে রাখেন জেসন স্মিথ।
শেষ ওভারে প্রয়োজন ছিল ১৬ রান। প্রথম দুই বলে তিন রানের পর তৃতীয় বলে চার মারেন স্মিথ। তখন তিন বলে চাই ৯।
চতুর্থ বলে দারুণ ইয়র্কারে স্মিথকে (১০ বলে ২৬) বোল্ড করে দেন শামার। তরুণ পেসারের পরের বল আকাশে তুলে দেন কর্বিন বশ। কিন্তু সহজ ক্যাচ ফেলেন পাওয়েল।
ওই শট খেলার সময় বশের ব্যাটের হাতল ভেঙে আলাদা হয়ে যায় ব্যাট থেকে। এক হাতে ভাঙা হাতল, আরেক হাতে ব্যাট নিয়ে দুই রান পূর্ণ করেন তিনি। কিন্তু পরে রিপ্লেতে দেখা যায়, প্রথম রান নেওয়ার সময় নন স্ট্রাইক প্রান্তে বশের ব্যাট ক্রিজের একটু বাইরে ছিল। তাই মেলে শুধু এক রান। শেষ বলে শামারের আরেকটি ইয়র্কারে এক রানের বেশি নিতে পারেননি বশ।
দুই ওভারে ১৭ রানে ৩ উইকেট নিয়ে ‘ম্যান অব দা ম্যাচ’ হন বাঁহাতি স্পিনার মোটি।
সংক্ষিপ্ত স্কোর:
ওয়েস্ট ইন্ডিজ: ১০ ওভারে ১১৪/৩ (হোপ ৪৮, চার্লস ০, হেটমায়ার ৪৮*, পাওয়েল ১৩, শেফার্ড ৩*; এনগিডি ২০-০-১৯-১, লিন্ডা ২-০-৯-০, মহারাজ ২-০-৩৮-১, মার্করাম ১-০-১৮-০, বশ ২-০-১৬-০, মাফাকা ১-০-১২-১)
দক্ষিণ আফ্রিকা: (১০ ওভারে লক্ষ্য ১২৫) ১০ ওভারে ১১৮/৬ (মার্করাম ২, ডি কক ২৮, ব্রেভিস ১৭, রিকেলটন ১৫, লিন্ডা ১৭, স্মিথ ২৬, স্টাবস ১০*, বশ ২*; হোল্ডার ২-০-৩০-১, আকিল ২-০-২৫-১, চেইস ২-০-২৩-০, মোটি ২-০-১৭-৩, শামার ২-০-২৩-১)
ফল: দক্ষিণ আফ্রিকা ডিএলএস পদ্ধতিতে ৬ রানে জয়ী
সিরিজ: ৩ ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ২-১ ব্যবধানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: গুডাকেশ মোটি
ম্যান অব দা সিরিজ: কুইন্টন ডি কক
