সেঞ্চুরি ছাড়া ৪০০, ৪ হাজার ৮৮০ ওয়ানডেতে ইংল্যান্ডই প্রথম
বিরল ঘটনার সাক্ষী হলো ওয়ানডে ক্রিকেট।
প্রথম সাত ব্যাটসম্যানের সবাই ছাড়িয়েছেন ত্রিশ। চার জন ছুঁয়েছেন পঞ্চাশ। দলের রান স্পর্শ করেছে চারশ। কিন্তু ব্যক্তিগত সেঞ্চুরি নেই একটিও। তাতেই বিরল এক ঘটনার সাক্ষী হলো ওয়ানডে ক্রিকেট।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৫০ ওভারে ৮ উইকেটে ৪০০ রান করেছে ইংল্যান্ড।
এজবাস্টনে বৃহস্পতিবার ইংলিশদের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন জ্যাকব বেথেল। ছয় নম্বরে নেমে ৫৩ বলে ৮ চার ও ৫ ছক্কায় গড়া এই অলরাউন্ডারের ইনিংসটি।
ছেলেদের ওয়ানডেতে চার হাজার ৮৮০ ম্যাচে ব্যক্তিগত সেঞ্চুরি ছাড়া প্রথম চারশ রানের দলীয় ইনিংস এটি। প্রথম সাত ব্যাটসম্যানের সবার ত্রিশ ছোঁয়ার প্রথম নজিরও এটি।
ব্যক্তিগত সেঞ্চুরি ছাড়া আগের সর্বোচ্চ দলীয় ইনিংস ছিল ৩৯২। সেঞ্চুরিয়নে ২০০৭ সালে পাকিস্তানের বিপক্ষে এই পুঁজি নিয়ে ১৬৪ রানে জিতেছিল প্রোটিয়ারা। ওই ম্যাচে তাদের হয়ে সর্বোচ্চ ৮৮ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন জ্যাক ক্যালিস।
দেশের মাঠে চতুর্থবার ও দেশে-বিদেশে মিলিয়ে ষষ্ঠবার ওয়ানডেতে চারশ স্পর্শ করল ইংল্যান্ড। চারশ ছোঁয়া আগের পাঁচ ম্যাচে তারা হারেনি।
এজবাস্টনে এই সংস্করণে দ্বিতীয়বার দেখা গেল চারশ রানের ইনিংস। ২০১৫ সালে এখানে নিউ জিল্যান্ডের বিপক্ষে ৪০৮ রান করেছিল ইংল্যান্ড।
ইংলিশদের হয়ে বেথেল ছাড়া ফিফটি করেন বেন ডাকেট (৬০), জো রুট (৫৭) ও হ্যারি ব্রুক (৫৮)। এই ম্যাচ দিয়েই পূর্ণ মেয়াদে সাদা বলের অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হলো ব্রুকের।
ওয়ানডেতে কখনও ৩২৮ রানের বেশি তাড়া করে জিততে পারেনি ওয়েস্ট ইন্ডিজ। সিরিজে এগিয়ে যেতে তাই নিজেদের নতুন রেকর্ড গড়তে হবে ক্যারিবিয়ানদের।
আরও পড়ুন:
