২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বৃষ্টিতে ভেসে গেল রাবেয়া-নিগারদের প্রথম ম্যাচ

টানা বৃষ্টির পর মাঠ ভেজা থাকায় টসই করা সম্ভব হয়নি।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2024, 03:09 PM

Updated : 26 Aug 2026, 10:25 AM

কোনোভাবেই যেন বাংলাদেশ ক্রিকেটের পিছু ছাড়ছে না বৃষ্টি। ছেলেদের ‘এ’ দল ও জাতীয় দলের পাকিস্তান সফরের পর এবার মেয়েদের ‘এ’ দলের শ্রীলঙ্কা সফরেও বাগড়া বাধাল প্রকৃতি। ভেসে গেল প্রথম ম্যাচ। 

পানাগোডার আর্মি গ্রাউন্ডসে রোববার দুপুরের পর পরিত্যক্ত ঘোষণা করা হয় বাংলাদেশ নারী ‘এ’ দল ও শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের প্রথম আনঅফিসিয়াল ওয়ানডে ম্যাচ। 

টানা বৃষ্টির পর মাঠ ভেজা থাকায় টসই করা সম্ভব হয়নি। 

দুটি পঞ্চাশ ওভারের ও পাঁচটি বিশ ওভারের ম্যাচ খেলতে রাবেয়া খানের নেতৃত্বে ‘এ’ দলের আদলে জাতীয় দলের ক্রিকেটাররাই গেছেন শ্রীলঙ্কা সফরে। আগামী মাসে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটিকেই ধরা হচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতির সুযোগ হিসেবে।

কিন্তু শুরুতেই বাধ সাধল প্রকৃতি। কলম্বোর থুরস্তানে আগামী মঙ্গলবার হবে দ্বিতীয় পঞ্চাশ ওভারের ম্যাচ। এরপর ১২ তারিখ শুরু টি-টোয়েন্টি সিরিজ।