২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পিএসএলে অস্ট্রেলিয়ানদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় যা বলছে পিসিবি

মধ্যপ্রাচ্যে সংঘাত ও পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে অস্থিরতার কারণে পাকিস্তান সুপার লিগে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের অংশগ্রহণ নিয় অনিশ্চয়তার খবর বেরিয়েছে সংবাদমাধ্যমে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2026, 01:28 PM

Updated : 26 Aug 2026, 03:11 PM

মধ্যপ্রাচ্যে সংঘাত ও পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে অস্থিরতার কারণে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তার খবর বেরিয়েছে অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমে। তবে সেরকম কোনো অনিশ্চয়তা নেই জানিয়ে খবরটি উড়িয়ে দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

এবারের পিএসএলে স্টিভেন স্মিথ, ডেভিন ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জ্যাম্পা, মার্নাস লাবুশেনের মতো তারকাসহ খেলার কথা আছে অ্যাশটন টার্নার, জশ ফিলিপি, পিটার সিডল, স্পেন্সার জনসনদের। তবে সেখানে সংশয়ের মেঘ জমে ওঠার কথা জানায় অস্ট্রেলিয়ার কিছু সংবাদমাধ্যম। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত এবং পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উত্তেজনা ও হামলার কারণে ক্রিকেটাদের পাকিস্তানে যাওয়া অনিশ্চিত বলে জানানো হয় সেসব খবরে।

তবে পিসিবির এক কর্মকর্তা ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে বলেন, “ভ্রমণের সমস্ত ব্যবস্থা ও পরিকল্পনা সম্পন্ন হয়েছে এবং পিএসএল ১১-এর জন্য চুক্তিবদ্ধ হওয়া সব অস্ট্রেলিয়ান ক্রিকেটার আগামী সপ্তাহ থেকে আসতে শুরু করবে।”

অস্ট্রেলিয়ান সরকার যদিও পিএসএল খেলতে তাদের ক্রিকেটারদের অনুমতি দিয়েছে, তবে কঠোর সতর্কও করে দেওয়া হয়েছে তাদেরকে। বিশেষ করে, সীমান্ত শহর পেশাওয়ার এড়িয়ে চলতে বলা হয়েছে। সেখানে অবশ্য ম্যাচ আছে মোটে একটি।

প্রথমবারের মতো এবার ৬ দলের পরিবর্তে ৮ দল নিয়ে হচ্ছে পিএসএল। এবারের আসর শুরু আগামী ২৬ মার্চ।