২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্টোকসদের ‘দ্বিচারী আচরণে’ ক্ষুব্ধ অশ্বিন

রাভিন্দ্রা জাদেজার প্রতি ‘ব্যঙ্গাত্মক’ আচরণের জন্য ইংল্যান্ডকে তীব্র সমালোচনায় বিদ্ধ করলেন ভারতের সাবেক স্পিনার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2025, 09:25 PM

Updated : 26 Aug 2026, 01:28 PM

ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের শেষ ঘণ্টায় ইংল্যান্ডের ক্রিকেটারদের আচরণ নিয়ে প্রশ্ন তুলেছেন রাভিচান্দ্রান অশ্বিন। বেন স্টোকসদের তীব্র সমালোচনায় বিদ্ধ করেছেন ভারতের সাবেক অফ স্পিনার।

সিরিজের চতুর্থ টেস্টে প্রথম ইনিংসে ৩১১ রানে পিছিয়ে থাকার পর দ্বিতীয় ইনিংসে ১৪৩ ওভার ব্যাটিং করে ম্যাচ বাঁচিয়ে ফেলে ভারত। শেষ দিকে ছড়িয়ে পড়ে উত্তেজনা। পঞ্চম দিনের খেলা এক ঘণ্টা বাকি থাকতে ইংল্যান্ড অধিনায়ক স্টোকস আম্পায়ারদের কাছে ইঙ্গিত দেন যে, তারা ড্র মেনে নিতে প্রস্তুত। তবে সেঞ্চুরির পথে থাকা দুই ব্যাটসম্যান রাভিন্দ্রা জাদেজা (৮৯*) ও ওয়াশিংটন সুন্দার (৮০*) তাতে রাজি হননি। এতে বেশ ক্ষুব্ধ দেখাচ্ছিল স্টোকসকে।

“তুমি কি সত্যিই হ্যারি ব্রুকের বিপক্ষে সেঞ্চুরি করতে চাও?” জাদেজাকে উদ্দেশ্য করে ব্যঙ্গাত্মকভাবে মন্তব্য করেন স্টোকস, যা ধরা পড়ে স্টাম্প মাইকে। জবাব দেন জাদেজাও, “আমার কাছ থেকে তুমি কী চাও? স্রেফ মাঠ ছেড়ে যাই?” এরপর ইংলিশ ওপেনার জ্যাক ক্রলি চিৎকার করে বলেন, “তুমি শুধু করমর্দন করতে পারো।”

স্টোকস এরপর প্রথমবারের মতো আক্রমণে আনেন ব্রুককে, যিনি বোলিং খুব একটা করেন না। অন্য প্রান্তে বোলিং করেন জো রুট। নিজের তিন ওভারে বেশ কিছু আলগা বল করেন ব্রুক। পরের পাঁচ ওভারে জাদেজা ও ওয়াশিংটন অনায়াসে সেঞ্চুরিতে পৌঁছার পর ড্র মেনে নেয় তারা।   

ভারত প্রথম দিকে ড্র মেনে নিতে অস্বীকৃতি জানানোর পর স্টোকসের প্রতিক্রিয়া সমালোচনার জন্ম দিয়েছে। নিজের ইউটিউব চ্যানেলে আলাপে ইংলিশদের ‘দ্বিচারী’ আচরণের জন্য অভিযুক্ত করেছেন গত বছর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো অশ্বিন।

“আপনি কি দ্বিচারিতা নামক একটি শব্দ শুনেছেন? তারা (ইংল্যান্ড) শেষ ১০ মিনিট ধরে দ্বিচারিতার সংজ্ঞা তুলে ধরেছে। আমি জানি আপনি হতাশা প্রকাশ করতে পারেন, ম্যাচ জিততে না পারলে আপনার খেলোয়াড়দের সঙ্গে লড়াই করতে পারেন, হেলমেট ছুড়ে মারতে পারেন, ম্যাচের পর দেয়ালে আঘাত করতে পারেন, বোতল ছুড়ে মারতে পারেন, বক্সিং করতে পারেন, আপনি যে কোনো কিছু করতে পারেন। দয়া করে, এগুলোই করেন। কিন্তু আপনি করমর্দন করছেন এবং যেন বলছেন, ‘আমি হতাশ, তাই তোমারও খুশি হওয়া উচিত নয়, সেঞ্চুরি করো না, মাঠ ছেড়ে যাও।’”

“এটা কী ধরনের আচরণ? এটা কীভাবে হতে পারে? আপনি যেন বলছেন, ‘আমি খুশি নই, তাই তুমি খুশি হয়ো না।’ বস, সকাল থেকে সে আপনার পুরো বোলিং আক্রমণের বিপক্ষে খেলছে- আপনার আর্চার, আপনার ম্যাথু হগার্ড, ড্যারেন গফ, অ্যান্ড্রু ফ্লিন্টফ- প্রতিটি বোলারের মুখোমুখি হয়েছে সে। এখন এই দুজন তাদের দলকে ড্রয়ের দিকে নিয়ে যাচ্ছে। তারা এখানে পৌঁছানোর জন্য সারাদিন কঠোর পরিশ্রম করেছে। তাদের কি তাদের শতরান না করেই মাঠ ছাড়া উচিত?”

স্টোকসের প্রস্তাব না মেনে জাদেজা ও ওয়াশিংটনের সেঞ্চুরির জন্য খেলা চালিয়ে যাওয়ায় খারাপ কিছু দেখছেন না অশ্বিন।

“আপনার (স্টোকস) প্রশ্ন কী ছিল? ‘তুমি কি হ্যারি ব্রুকের বিপক্ষে সেঞ্চুরি করতে চাও?’ না, ভাই, সে শতরান করতে চায়। স্টিভ হার্মিসনকে আনুন, ফ্লিন্টফকে আনুন- এটা করা থেকে সে কি আপনাকে বিরত রেখেছে? আপনি ব্রুককে বল করতে বলছেন, এটা আপনার দোষ, আমাদের নয়।”

“দ্বিতীয়ত, আমি জ্যাক ক্রলিকে জিজ্ঞেস করতে চাই- সেখানে তোমার ভূমিকা কী ছিল? সত্যি বলতে, আমি হতাশ। তাদের উচিত ছিল ট্রেভর চ্যাপেলের মতো আন্ডারআর্ম বোলিং করা- এটা আরও ভালো লাগত। দয়া করে, ক্রিকেটের চেতনা বা স্পোর্টসম্যানশিপের কথা বলবেন না। এটা বোকামি। এটা হাস্যকর।”

অশ্বিনের মতে, শেষ ঘণ্টার পুরো ১৫ ওভারই ব্যাটিং করা উচিত ভারতের। অন্তত তিনি নিজে ওই জায়গায় থাকলে তাই করতেন। 

“প্রথমে নিয়মটা বুঝুন। নিয়মটা কী? যদি উভয় অধিনায়ক একমত হন যে, ম্যাচটি কোনো ফলাফলে পৌঁছাতে পারবে না, তাহলে তারা নির্ধারিত ওভারের পর করমর্দন করতে পারেন এবং এটিকে ড্র বলতে পারেন। একজন অধিনায়ক ম্যাচটি বন্ধ করতে চেয়েছিলেন। কেন? দুটি কারণ: প্রথমত, তিনি তার বোলারদের ক্লান্ত করতে চাননি। এটা বোধগম্য। দ্বিতীয়ত, ‘আমি হতাশ। আমি খুশি নই, তাই তোমারও খুশি হওয়া উচিত নয়- শতরান করো না।’”

“দ্বিতীয়টি নিয়মের মধ্যে পড়ে না। প্রথমটিতে, ভারত তাদের অধিকারের মধ্যে ছিল। সত্যি বলতে, যদি আমি থাকতাম, তাহলে বাকি ঘণ্টা সেখানে থাকতাম, ১৫ ওভারের সবগুলো খেলতাম।”

ব্রুকের সঙ্গে স্টোকসেরও তখন বোলিং করা উচিত ছিল বলে মনে করেন অশ্বিন।

“একজন আন্তর্জাতিক অধিনায়ক হিসেবে- যিনি ক্রিকেটের চেতনা বোঝেন বলে দাবি করেন এবং এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেন- আপনার ব্রুকের সঙ্গে ওই ১৫ ওভার বোলিং করা উচিত ছিল। ক্রিকেটের চেতনার জন্য এটা দারুণ এক বিজ্ঞাপন হতো। সুনিল গাভাস্কার ও রিশাভ পান্তের মতো, এটা আরও ভালো হতো। আপনি স্পোর্টসম্যানশিপের পোস্টার বয় হতেন।” 

“তার মন্তব্য ছিল: ‘তুমি কি হ্যারি ব্রুকের বিপক্ষে সেঞ্চুরি করতে চাও?’ অবশ্যই সে তা চায়; এগুলো টেস্ট রান। সে এটা চায় এবং এটা তার প্রাপ্য।”

ক্রলি ও স্টোকসের প্রতি একটি প্রশ্নও ছুড়ে দিলেন ১০৬ টেস্টে ৫৩৭ উইকেট নেওয়া অশ্বিন।

“আমি ক্রলি ও স্টোকসকে জিজ্ঞেস করছি: যদি শেষ দিকে ব্যাট করতে থাকতেন, তাহলে কি আপনারা খেলার চেতনার জন্য নিজেদের সেঞ্চুরি ছেড়ে দিতেন? আমাদের হাসাবেন না।”