২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মিরাজের খুলনা এখন ‘খুবই বিপজ্জনক দল’

আন্দ্রে রাসেল, জেমস ভিন্স, টিম ডেভিডদের নিয়ে গড়া রংপুর রাইডার্সকে হারিয়ে উচ্ছ্বসিত খুলনা টাইগার্সের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, কদিন আগেও বাদ পড়ার শঙ্কায় থাকা দল এখন ফাইনালের দুয়ারে।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2025, 06:19 PM

Updated : 26 Aug 2026, 11:44 AM

প্রথম দুই ম্যাচ জিতে শুরু। পরের চার ম্যাচে টানা হার। এরপর আবার একটি জয়। পরের ম্যাচে আবার পরাজয়। খুলনা টাইগার্সের মৌসুম এবার ছিল এমনই অধারাবাহিক। তবে টুর্নামেন্টের আসল সময়ে এসেই দারুণ ধারাবাহিকতা দেখাতে পারছে তারা। দিন চারেক আগেও যে দল ছিল বিদায়ের শঙ্কায়, তারাই এখন ফাইনালের কাছাকাছি। দলের এমন পারফরম্যান্সে উচ্ছ্বসিত অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

গত বুধবার মিরাজ বলেছিলেন, প্লে-অফের আগেই তাদের নকআউট শুরু হয়ে যাচ্ছে। বাস্তবতা ছিল আসলে এমনই। ১০ ম্যাচে তাদের পয়েন্ট ছিল আট। প্লে-অফে খেলতে হলে পরের দুটি ম্যাচে জিততেই হতো তাদের। রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে সেই দুই ম্যাচে দারুণ জয়ে তারা সবার পরে নিশ্চিত করে প্লে-অফে খেলা। 

এরপর এলিমিনেটর আবার তাদের দেখা হয় রংপুরের সঙ্গে। জেমস ভিন্স, আন্দ্রে রাসেল, টিম ডেভিডদের যোগ করে রংপুর এ দিন আরও শক্তিশালী হয়ে নামে। কিন্তু মিরাজদের অসাধারণ বোলিংয়ে সেই দলই গুটিয়ে যায় ৮৫ রানে। ৯ উইকেটে ম্যাচ জিতে দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নেয় খুলনা টাইগার্স।

ম্যাচের পর মিরাজ বললেন, আগের দুই ম্যাচের জয় থেকে দলকে অনুপ্রাণিত করেছিলেন তিনি এলিমিনেটরে নামার আগে। 

“(দলকে) একটা বার্তা দিয়েছিলাম যে, আমরা এই মুহূর্তে খুবই বিপজ্জনক দল। কারণ, আমরা আগের দুটি ম্যাচ জিতেছি।”

“আমরা প্রতিজ্ঞাবদ্ধ ছিলাম যে জিততে হবে। আগের দুটি ম্যাচের মতো এটিও আমাদের ডু অর ডাই ম্যাচ ছিল। আমরা সত্যিই ভালো খেলেছি এবং আমাদের দল নিয়ে আমি গর্বিত। পরিকল্পনার বাস্তবায়ন করেছে সবাই।”

চার ওভারে মাত্র ১০ রান দিয়ে তিন উইকেট নিয়ে দলের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন মিরাজ। তবে ১৬ রানে তিন উইকেট নিয়ে ম্যাচের সেরা নাসুম আহমেদ। সতীর্থের বোলিংয়ের প্রশংসা করলেন খুলনা টাইগার্স।

 “নাসুম খুব ভালো বোলিং করেছে। একটা কথা ওকে বলেছিলাম যে, এই উইকেটে একটু ধীরগতিতে ও সামনে বল করতে হবে। সে খুব ভালোভাবে তা করতে পেরেছে।”

ফাইনালে ওঠার লড়াইয়ে বুধবার দ্বিতীয় কোয়ালিফায়ারে নামবে খুলনা।