২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএল সম্প্রচার চুক্তি বাতিলের খবরে যা বলছে টি স্পোর্টস

বার্তা সংস্থা রয়টার্সের খবর, টি স্পোর্টস যথাসময়ে অর্থ পরিশোধ না করায় বাংলাদেশে আইপিএল সম্প্রচারের চুক্তি বাতিল করেছে জিওস্টার।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2026, 06:38 PM

Updated : 26 Aug 2026, 03:16 PM

টি স্পোর্টসের শীর্ষ দুই কর্তা ব্যক্তিগত কারণে দেশের বাইরে। আইপিএল সম্প্রচার চুক্তি বাতিলের খবর নিয়ে তাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যাচ্ছে না এখনই। তবে প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বলছেন, টিভিতে খেলা দেখানোর জন্য জিওস্টারের সঙ্গে তাদের সরাসরি চুক্তিই ছিল না। কাজেই চুক্তি বাতিলের ব্যাপারটিরই গ্র্রহণযোগ্যতা নেই।

চুক্তি বাতিলের খবরটি প্রকাশ করেছে রয়টার্স। বার্তা সংস্থাটি সোমবার প্রতিবেদনে জানায়, টি স্পোর্টস অর্থ পরিশোধে ব্যর্থ হওয়ায় বাংলাদেশে আইপিএল সম্প্রচারের চুক্তি বাতিল করেছে ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির বিনোদন সংস্থা জিওস্টার। চুক্তি বাতিলের নথিটি রয়টার্স দেখেছে উল্লেখ করে বলা হয়, “চুক্তি অনুযায়ী নির্ধারিত অর্থ পরিশোধের সময়সীমা মেনে চলতে ক্রমাগত ব্যর্থতা ও খেলাপের” কারণে চুক্তিটি বাতিল করা হয়।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত বাংলাদেশে আইপিএল সম্প্রচারের জন্য জিওস্টারের সঙ্গে চুক্তি ছিল টি-স্পোর্টসের।

তবে টি-স্পোর্টসের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলছেন, জিওস্টারের সঙ্গে তাদের কেবল ডিজিটাল চুক্তিই ছিল এবং তারা নিজেরাই সেটি বাতিলের অনুরোধ করেছিলেন। 

“টি-স্পোর্টস কোনোদিনই সরাসরি আইপিএলের রাইটস কেনেনি টিভিতে খেলা দেখানোর জন্য। বরাবরই থার্ড পার্টি কোনো এজেন্সি বা কোম্পানি রাইটস কিনত এবং তারা আমাদের স্ক্রিন ভাড়া নিয়ে খেলা দেখাত। উনাদের (জিওহটস্টার) সঙ্গে কখনোই আমাদের চুক্তি ছিল না। কাজেই আমাদের সঙ্গে চুক্তি বাতিলের বাস্তবতাই নেই।”

“তবে হ্যাঁ, আমাদের সঙ্গে তাদের ডিজিটাল চুক্তি ছিল, ওটিটি রাইটসের জন্য। এটা আমরা ডিজকন্টিনিউ করার জন্য অনুরোধ করেছিলাম। ওরা ওদের চুক্তির ধারা অনুযায়ী আমাদেরকে অনুরোধ করেছিল চালিয়ে যেতে। কিন্তু আমাদের সরকার যেহেতু আইপিএল প্রচারের নিষেধাজ্ঞা দিয়েছে, আমরা ওদেরকে জানিয়ে দিয়েছি যে, আমাদের দিক থেকে এটা চালিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই।”

পুরোনো কোনো অর্থ বকেয়া নেই বলেও দাবি করেছেন ওই কর্মকর্তা। 

“স্টার বা জিও, ওরা এত বড় কোম্পানি, পাওনা থাকলে ওরা কখনোই পরের কোনো আসর আপনাকে চালাতে দেবে না। বকেয়া রাখার তাই কোনো সুযোগই নেই। আর আইসিসি ইভেন্ট বা আইপিএলের মতো বড় আসরের ক্ষেত্রে ওরা আপফ্রন্ট পুরো পেমেন্ট নিশ্চিত না করে রাইটস দেয় না। পুরোনো কোনো পাওনা তাই এখানে ইস্যু নয়।”

“এই মৌসুমে খেলা দেখালে পুরো পেমেন্ট করতে হতো। কিন্তু আমাদের সরকারই সম্প্রচার নিষিদ্ধ করে দিয়েছে, কাজেই আমাদের চুক্তি চালিয়ে যাওয়ার কোনো কারণ নেই।”

শীর্ষ কর্তাদের সঙ্গে কথা বলে শিগগিরই আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হতে পারে বলে জানিয়েছেন টি স্পোর্টসের ওই কর্মকর্তা।