সারাদিন ব্যাট করার লক্ষ্য বাংলাদেশের
সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে দিনজুড়ে ব্যাট করে পাকিস্তানকে বড় লক্ষ্য দিতে চায় বাংলাদেশ।
দারুণ একটি দিনের শেষটায় কিছুটা হতাশা মিশে থাকল শেষ ওভারে মুমিনুল হকের বিদায়ে। তবে সেই আক্ষেপ সাময়িক, সামনে তাকিয়ে আছে প্রবল আশা। দুই ইনিংস মিলিয়ে লিড পেরিয়ে গেছে। টেস্টের এখনও বাকি তিন দিন। কোনো নির্দিষ্ট নিয়ে তাই ভাবনা নেই বাংলাদেশ দলের। দ্বিতীয় ইনিংসে যতটা লম্বা সময় সম্ভব ব্যাট করে পাকিস্তানকে বড় লক্ষ্য দিতে চান তারা।
সিলেট টেস্টের প্রথম ইনিংসে ৪৬ রানের লিড পাওয়া বাংলাদেশ দ্বিতীয় দিন শেষ করেছে ৩ উইকেটে ১১০ রান নিয়ে। এগিয়ে আছে এখন তারা ১৫৬ রানে।
ম্যাচের প্রথম দিনে ২৭৮ রানে অলআউট হওয়ার পর সেঞ্চুরিয়ান লিটন দাস বলেছিলেন, এই রানে লিড পেতে হলে বোলারদের দায়িত্ব নিতে হবে। সেটি তারা নিয়েছেন দারুণভাবেই। তিন উইকেট নিয়ে বড় ভূমিকা রেখেছেন নাহিদ, তিনটি শিকার ধরেছেন তাইজুল ইসলামও। তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ নিয়েছেন দুটি করে উইকেট।
দ্বিতীয় দিন সকালে তাসকিন ও শরিফুলের দুর্দান্ত স্পেলই মূলত বাংলাদেশকে উজ্জীবিত করে তোলে। শরিফুল উইকেট না পেলেও এক প্রান্ত থেকে ব্যাটসম্যানদের নাভিশ্বাস তুলে ছাড়েন। আরেক প্রান্তে তাসকিন নিজের প্রথম দুই ওভারেই বিদায় করেন দুই ওপেনারকে।
দিনের খেলা শেষে নাহিদ রানা সংবাদ সম্মেলনে বললেন, সকালে দুজনের বোলিংই দলকে ম্যাচে ফেরাতে সহায়তা করেছে।
“তারা (তাসকিন-শরিফুল) শুরুতে অনেক ডিসিপ্লিনড বোলিং করছে এবং জুটি গড়ে বোলিং করছে। দুই দিক থেকেই যখন জুটি গড়ে বোলিং হয়, ব্যাটসম্যান চাপে ভুল শট খেলতে যায় কিংবা যখন রান না থাকে বোর্ডে, তখন তাদের মাথায় অনেক আসে বা তারা অনেক কিছু চিন্তা করে। ওই ফায়দাটা আমাদের বোলাররা…শরিফুল ভাই এবং তাসকিন ভাই নেওয়ার চেষ্টা করেছে এবং সফল হয়েছে।”
৪৬ রানের লিড পাওয়ার পর ব্যাটিংয়ে নেমে তানজিদ হাসানকে দ্রুত হারালেও মাহমুদুল হাসান জয়ের ফিফটি বাংলাদেশকে এগিয়ে নেয়। তিনি ফেরেন ৫২ রানে। শেষ বেলায় ৩০ রানে আউট হন মুমিনুল হক।
অপরাজিত থেকে দিন শেষ করেন নাজমুল হোসেন শান্ত। তার সঙ্গে তৃতীয় দিন শুরু করবেন মুশফিকুর রহিম।
১৫৬ রানে এগিয়ে থাকা বাংলাদেশের লক্ষ্যে কথা জানালেন নাহিদ রানা।
“এখন আমাদের পরিকল্পনা, যেহেতু টেস্টের মাত্র দুই দিন শেষ হয়েছে, আরও তিন দিন আছে, আমরা কালকে যতক্ষণ পারব, ব্যাটিং করব। সেরকম কোনো টার্গেট নেই যে ২০০ কিংবা ২৫০, ৩০০ রানের লক্ষ্য দিতে হবে। কারণ অনেক সময় পড়ে আছে। কালকের পরে আরও দুই দিন আছে। আমরা চেষ্টা করব কালকে পুরো দিন ব্যাটিং করার।”
