বিসিবির এক সভায় গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত
নতুন কার্যকরী কমিটি, চলতি বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক সমস্যা, নারী বিপিএল নিয়ে সতর্কতাসহ বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বোর্ড পরিচালকদের ১৭তম সভায়।
দুপুর ৩টায় শুরু হওয়া বোর্ড পরিচালকদের সভা চলল সাড়ে ৪ ঘণ্টার বেশি সময় ধরে। দীর্ঘ অপেক্ষা শেষে সন্ধ্যা সাড়ে ৭টার পর হাসিমুখে সংবাদ সম্মেলনে এলেন বিসিবির দুই পরিচালক ইফতেখার রহমান ও মাহবুব আনাম। শুরুতেই নতুন কার্যকরী কমিটির চেয়ারম্যানদের নাম ঘোষণা করেন ইফতেখার। পরে একে একে সভায় আলোচ্য বিষয় তুলে ধরেন তারা দুজন।
নতুন কার্যকরী কমিটি ছাড়াও বিপিএলের একাদশ আসরে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে সৃষ্ট জটিলতা ৪৮ ঘণ্টার সমাধান করার পদক্ষেপ নিয়েছে বিসিবি। এর বাইরেও বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বোর্ড সভায়। আলোচনা হয়েছে আরও কিছু বিষয়ে।
একনজরে দেখে নেওয়া যাক বোর্ড পরিচালকদের ১৭তম সভায় আলোচ্য বিষয়গুলো:
বিসিবির নতুন কার্যকরী কমিটি ঘোষণা
ফারুক আহমেদ দায়িত্ব নেওয়ার পাঁচ মাসের বেশি সময় পর ঘোষণা করা হয়েছে নতুন কার্যকরী কমিটি। ২৩টি কমিটির মধ্যে ২১টির চেয়ারম্যানের নাম জানানো হয়। বাকি ২ কমিটির প্রধান চূড়ান্ত হবে পরে। দায়িত্ব পাওয়া ২১ চেয়ারম্যানকে আগামী ১৪ দিনের মধ্যে তাদের পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে বলা হয়েছে।
সর্বোচ্চ ৩টি করে কমিটির প্রধান হিসেবে আছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান, ফাহিম সিনহা ও মাহবুব আনাম। নাজমুল আবেদিন, ইফতেখার রহমানসহ একাধিক কমিটির প্রধানের দায়িত্ব পেয়েছেন পাঁচজন।
গঠনতন্ত্র সংশোধন কমিটির কার্যক্রম স্থগিত
নাজমুল আবেদীনের নেতৃত্বে গঠিত বিসিবির সাংবিধানিক গঠনতন্ত্র সংশোধন কমিটির কার্যক্রম স্থগিত করা হয়েছে। এই কমিটিতে পরিবর্তন ও পরিবর্ধন আনা হবে। একইসঙ্গে তাদের কাজের পরিধিও ঠিক করে দেওয়া হবে।
উইমেন'স বিপিএল নিয়ে তাড়াহুড়ো নয়
চলতি বিপিএলে পারিশ্রমিক সমস্যাসহ নানান সমালোচনার পর উইমেন'স বিপিএল নিয়ে তাড়াহুড়ো না করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সব ঠিকঠাক থাকলে এই বিপিএলের পরপরই হবে মেয়েদের বিপিএল। অন্যথায় পিছিয়ে যাবে আরও কিছু দিন।
বিপিএল পারিশ্রমিক সমস্যা ৪৮ ঘণ্টায় সমাধানের আশ্বাস
চলতি বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে ওঠা নানান অভিযোগের প্রেক্ষিতে আগামী ৪৮ ঘণ্টার সঙ্গে ফ্র্যাঞ্চাইজিসহ সব পক্ষের সঙ্গে বৈঠক করে সমাধান বের করার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
বিকেএসপির সঙ্গে ১০ বছরের চুক্তি
আগামী ১০ বছরের জন্য বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) সঙ্গে নতুন চুক্তি করেছে বিসিবি। এর অংশ হিসেবে বিকেএসপির ৩ ও ৪ নম্বর মাঠ ব্যবহার করতে পারবে তারা। এছাড়া বিকেএসপিতে বিসিবির যে অনুশীলন সুবিধা ও ড্রেসিং রুম ছিল, সেগুলোর মানোয়ন্নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই মধ্যে সেই কাজের জন্য অর্থ বরাদ্ধ করা হয়েছে।
আম্পায়ারদের জন্য বেতন কাঠামো
বিসিবির চুক্তিবদ্ধ আম্পায়ারদের নির্দিষ্ট গ্রেডে চাকরির প্রস্তাব ও পারিশ্রমিক আগের চেয়ে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া চার নারী আম্পায়ার ও এক ম্যাচ রেফারিকেও নির্দিষ্ট বেতন কাঠামোর আওতায় আনা হয়েছে।
চারজন শিক্ষানবিশ কিউরেটর
আগামী ১ ফেব্রুয়ারি বিসিবিতে যোগ দেবেন ৪ জন শিক্ষানবিশ কিউরেটর। কাজ করার পাশাপাশি বিভিন্ন প্রশিক্ষণের মধ্যে থাকবেন তারা।
দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তি
হাই পারফরম্যান্স ও মেয়েদের ডেভেলপমেন্ট ইউনিটের ব্যাপারে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের সঙ্গে দুই বছরের পারস্পরিক চুক্তি করেছে বিসিবি। এর অংশ হিসেবে চলতি বছর বাংলাদেশ সফরে আসবে দক্ষিণ আফ্রিকা। আর আগামী বছর দক্ষিণ আফ্রিকায় যাবে বাংলাদেশের ক্রিকেটাররা।
ক্রিকেট সংশ্লিষ্টদের আর্থিক সহায়তা
দীর্ঘ দিন কম্পিউটার অপারেটর হিসেবে কাজ করা প্রয়াত জসিমউল্লাহ এবং অনূর্ধ্ব-১৮ পর্যায়ের ক্রিকেটার প্রয়াত মোহররম হোসেন মহিনের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিসিবি।
ওয়েলফেয়ার ট্রাস্ট
ওয়েলফেয়ার ট্রাস্ট গঠনের প্রক্রিয়া আরও গতিশীল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপর সুনির্দিষ্ট কাঠামোর আওতায় বিভিন্ন ক্রিকেটার বা ক্রিকেট সংশ্লিষ্ঠদের অনুদান দেওয়ার কাজ করা হবে।
