Published : 28 Jul 2026, 10:01 PM
ভারতের বিপক্ষে ঐতিহাসিক টি-টোয়েন্টি সিরিজ জয়ে বড় অবদান রাখার পুরস্কার পেয়েছেন জেয় মুন্ড্রা। সাদা বলের আরেকটি সংস্করণে খেলার হাতছানি তার সামনে। প্রথমবারের মতো আয়ারল্যান্ডের ওয়ানডে দলে ডাক পেয়েছেন ভারতীয় বংশোদ্ভূত এই পেসার।
ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম তিনটি ওয়ানডের জন্য মঙ্গলবার ১৪ জনের দল ঘোষণা করেছে আইরিশরা। চোট কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক পল স্টার্লিং।
মুন্ড্রা ছাড়া ওয়ানডে দলে নতুন মুখ আছেন আরও দুইজন -ডানহাতি পেসার বায়রন ম্যাকডোনা ও কিপার-ব্যাটসম্যান বেন কালিৎজ।
গত মাসে ভারতের বিপক্ষে ঘরের মাঠে দুটি টি-টোয়েন্টি খেলে আয়ারল্যান্ড। প্রথমটিতে সফরকারীদের ৩৪ রানে হারায় তারা। সেটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে এশিয়ার দেশটির বিপক্ষে আইরিশদের প্রথম জয়। পরে রোমাঞ্চকর লড়াইয়ের দ্বিতীয় ম্যাচে ১ রানে জিতে ভারতের বিপক্ষে প্রথমবার সিরিজ জয়েরও স্বাদ পায় দলটি।
ওই সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেন মুন্ড্রা। অভিষেক ম্যাচে ২৫ রানে দুই উইকেট নেন তিনি। আর দ্বিতীয় ম্যাচে ৩২ রান খরচায় ধরেন তিন শিকার। সিরিজ সেরার পুরস্কার ওঠে তার হাতে।
সেই পারফরম্যান্স মুন্ড্রার জন্য খুলে দিয়েছে ওয়ানডে দলের দুয়ার। লিস্ট ‘এ’ ক্রিকেটে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ১৪ উইকেট নিয়েছেন বাঁহাতি এই পেসার।
মুন্ড্রার মতো ওয়ানডে অভিষেকের অপেক্ষায় আছেন কালিৎজও। এখন পর্যন্ত আয়ারল্যান্ডের হয়ে ১১ টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটার ১৬টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলে করেছেন ৫৪৫ রান। তার নামের পাশে সেঞ্চুরি একটি, ফিফটি তিনটি।
ম্যাকডোনা এখনও আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পাননি। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৯ ম্যাচ খেলে ১৫ উইকেট নিয়েছেন তিনি। আর স্বীকৃত টি-টোয়েন্টিতে ৬ ম্যাচে তার শিকার ৭টি।
ভারত সিরিজে চোটের কারণে গুরুত্বপূর্ণ কয়েকজন ক্রিকেটারকে পায়নি আয়ারল্যান্ড। সেই সমস্যা আছে এখনও। জশ লিটল, ম্যাট হলার্ড, ক্রেইগ ইয়াং, ব্যারি ম্যাককার্থি, জর্ডান নেইল, ডেভিড ডেলানিকে পাচ্ছে না তারা আফগানদের বিপক্ষে।
ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ের পর কোচের দায়িত্ব ছেড়ে দিয়েছেন হাইনরিখ মালান। তার স্থলাভিষিক্ত হওয়া গ্যারি উইলসন আফগান সিরিজ দিয়ে নতুন যাত্রা শুরু করবেন।
আগামী বুধবার শুরু আফগানিস্তান-আয়ারল্যান্ডের ওয়ানডে সিরিজ। পরের চার ম্যাচ যথাক্রমে ৭, ১০, ১২ ও ১৫ অগাস্ট।
আয়ারল্যান্ড ওয়ানডে দল: পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক অ্যাডায়ার, অ্যান্ডি বালবার্নি, বেন কালিৎজ, কার্টিস ক্যাম্পার, কেইড কারমাইকল, জর্জ ডকরেল, গ্যাভিন হওই, অ্যান্ডি ম্যাকব্রাইন, লিয়াম ম্যাককার্থি, বায়রন ম্যাকডোনা, জেয় মুন্ড্রা, হ্যারি টেকটর, লর্কান টাকার।