১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রত্যাশিত বড় জয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ

সিলেট টেস্টে ইনিংস ব্যবধানে জিতে সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Nov 2025, 01:19 PM

Updated : 26 Aug 2026, 05:07 PM

সিলেট টেস্টে সাড়ে তিন দিনের মধ্যে আয়ারল্যান্ডকে ইনিংস ও ৪৭ রানে হারিয়ে দুই ম্যাচের সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ।

এই নিয়ে চারবার ইনিংস ব্যবধানে জয়ের স্বাদ পেল বাংলাদেশ।

জয়ের পথ আগের দিনই তৈরি করেছিল বাংলাদেশ। চতুর্থ দিনে প্রথম সেশনে আইরিশরা লড়াই করলেও দ্বিতীয় সেশনে তাদের দ্বিতীয় ইনিংস শেষ হয় ২৫৪ রানে। 

চার উইকেট শিকার করেন হাসান মুরাদ। অভিষেক টেস্টে দুই ইনিংসে তার প্রাপ্তি ছয় উইকেট। প্রথম ইনিংসে দুটি উইকেট নেওয়া অভিজ্ঞ তাইজুল ইসলাম দ্বিতীয় ইনিংসে নেন তিনটি।

৫ উইকেটে ৮৬ রান নিয়ে দিন শুরু করে আয়ারল্যান্ড। ম্যাথু হামফ্রিজকে ফিরিয়ে বাংলাদেশকে প্রথম উইকেট এনে তাইজুল। 

অ্যান্ডি ম্যাকব্রাইন অবশ্য প্রতিরোধ গড়েন। এমনিতে টপ অর্ডার ব্যাটসম্যান হলেও এ দিন আটে নেমে লড়াই করেন অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি। সপ্তম উইকেটে ৬৭ রানের জুটি গড়েন দুজন। 

লাঞ্চের পর প্রথম ওভারে ভাঙে এই জুটি। দশম টেস্টে পঞ্চম ফিফটি করে নাহিদ রানার শিকার হন ম্যাকব্রাইন। অধিনায়ক বালবার্নি বিদায় নেন ৩৮ রান করে। 

নবম উইকেটে ৫৪ রানের জুটি গড়েন অভিষিক্ত জর্ডান নিল ও ব্যারি ম্যাককার্থি। তবে দুই রানের মধ্যে এই দুজনকে ফিরিয়ে ম্যাচ শেষ করেন তাইজুল ও মুরাদ।

১৭১ রানের ইনিংস খেলে ম্যাচের সেরা মাহমুদুল ইসলাম জয়।

দ্বিতীয় টেস্ট মিরপুরে শুরু বুধবার। এই ম্যাচেই বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্টের মাইলফলক স্পর্শ করবেন মুশফিকুর রহিম। 

সংক্ষিপ্ত স্কোর: 

আয়ারল‍্যান্ড ১ম ইনিংস: ২৮৬

বাংলাদেশ ১ম ইনিংস: ১৪১ ওভারে ৫৮৭/৮ (ডি.) 

আয়ারল্যান্ড ২য় ইনিংস: ৭০.২ ওভারে ২৫৪ (আগের দিন ৮৬/৫) (ম্যাকব্রাইন ৫২, হামফ্রিজ ১৬, বালবার্নি ৩৮, নিল ৩৬, ম্যাককার্থি ২৫, ইয়াং ০*; হাসান ৬-২-১৫-০, নাহিদ ৮-১-৪০-২, তাইজুল ২৩.২-২-৮৪-৩, মিরাজ ১৯-৪-৪৮-০, মুরাদ ১৪-১-৬০-৪)।

ফল: বাংলাদেশ ইনিংস ও ৪৭ রানে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: মাহমুদুল হাসান জয়।