দ.আফ্রিকা সিরিজে ভারতের অধিনায়ক রাহুল, ফিরলেন পান্ত
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দলে আছেন বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার রাভিন্দ্রা জাদেজাও।
ঘাড়ের চোট কাটিয়ে উঠতে পারেননি শুবমান গিল। নিয়মিত অধিনায়কের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ভারতকে নেতৃত্বে দেবেন লোকেশ রাহুল। লম্বা সময় পর এই সংস্করণের দলে ফিরেছেন রিশাভ পান্ত।
তিন ম্যাচের সিরিজটির জন্য রোববার ১৫ জনের দল দিয়েছে ভারত। চোট থেকে সেরে উঠতে না পারায় নেই শ্রেয়াস আইয়ার। বিশ্রাম দেওয়া হয়েছে অভিজ্ঞ পেসার জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মেদ সিরাজকে।
শ্রেয়াস না থাকায় মিডল-অর্ডারে সুযোগ পেতে পারেন তিলাক ভার্মা। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে সম্প্রতি ওয়ানডে সিরিজ খেলেন তিনি।
অস্ট্রেলিয়া সফরের দলে জায়গা না পাওয়া অভিজ্ঞ স্পিনিং অলরাউন্ডার রাভিন্দ্রা জাদেজাকে ফেরানো হয়েছে। দলে অলরাউন্ডার আছেন আরও দুইজন, পেস বোলিং অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডি ও স্পিনিং অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দার। জায়গা হয়নি আরেক স্পিনিং অলরাউন্ডার আকসার প্যাটেলের।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ব্যাটিংয়ের সময় ঘাড়ে চোট পান গিল। সেরে না ওঠায় কলকাতায় ওই টেস্ট তো বটেই, চলমান গুয়াহাটি টেস্টে থেকেও ছিটকে পড়েন তিনি। এবার ওয়ানডে সিরিজেও তাকে পাচ্ছে না ভারত।
গিলের অনুপস্থিতিতে রোহিত শার্মার সঙ্গে ইনিংস শুরু করতে পারেন ইয়াশাসভি জয়সওয়াল। সুযোগ পেতে পারেন রুতুরাজ গায়কোয়াড়। দলে আছেন ব্যাটিং গ্রেট ভিরাট কোহলিও।
২০২৪ সালের অগাস্টের পর আর ওয়ানডে খেলেননি পান্ত। পায়ের চোট কাটিয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে ফেরেন তিনি। এবার ফিরলেন ওয়ানডেতেও।
বুমরাহ ও সিরাজের অনুপস্থিতিতে পেস বোলিং বিভাগ সামলাবেন হার্শিত রানা, প্রাসিধ কৃষ্ণা, আর্শদিপ সিং।
রাঁচিতে আগামী ৩০ নভেম্বর শুরু ওয়ানডে সিরিজ। পরের দুই ম্যাচ রায়পুর ও ভিশাখাপাত্নামে, ৩ ও ৬ ডিসেম্বর। এরপর পাঁচটি টি-টোয়েন্টি খেলবে দল দুটি।
ভারতের ওয়ানডে দল: রোহিত শার্মা, ইয়াশাসভি জয়সওয়াল, ভিরাট কোহলি, তিলাক ভার্মা, লোকেশ রাহুল (অধিনায়ক), রিশাভ পান্ত, ওয়াশিংটন সুন্দার, রাভিন্দ্রা জাদেজা, কুলদিপ ইয়াদাভ, নিতিশ কুমার রেড্ডি, হার্শিত রানা, রুতুরাজ গায়কোয়াড়, প্রাসিধ কৃষ্ণা, আর্শদিপ সিং, ধ্রুভ জুরেল।
