টেন্ডুলকারকে ছাড়িয়ে রুট
২৯ রানের ইনিংসে টেস্ট ক্রিকেটে দুটি কীর্তি গড়েছেন ইংলিশ তারকা ব্যাটসম্যান।
টেস্ট ক্রিকেটে একের পর এক রেকর্ড ধরা দিচ্ছে জো রুটের ব্যাটে। অর্জনের মুকুটে আরও দুটি পালক যুক্ত করেছেন ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান। যার একটিতে ভারতীয় ব্যাটিং গ্রেট সাচিন টেন্ডুলকারকে টপকে গেছেন তিনি।
ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে দারুণ ছন্দে থাকা রুট ওভাল টেস্টের প্রথম ইনিংসে বড় রান করতে পারেননি। আগের ম্যাচে একমাত্র ইনিংসে ১৫০ রান করা ব্যাটসম্যান শুক্রবার আউট হন কেবল ২৯ রানে।
ছোট্ট এই ইনিংসের পথে ক্রিকেটের অভিজাত সংস্করণে ঘরের মাঠে সবচেয়ে বেশি রানের রেকর্ডের তালিকায় টেন্ডুলকারকে ছাড়িয়ে যান রুট। ইংল্যান্ডে ৭ হাজার ২২০ রান করে তালিকায় দ্বিতীয় স্থানে এখন তিনি। তিনে নেমে যাওয়া টেন্ডুলকারের ভারতে রান ৭ হাজার ২১৬।
এই রেকর্ডটি রিকি পন্টিংয়ের। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ৭ হাজার ৫৭৮ রান করেছেন নিজ দেশে। পন্টিংকে ছাড়িয়ে রেকর্ডটি নিজের করে নেওয়ার সুযোগ আছে রুটের।
এদিন আরেকটি কীর্তি গড়েছেন রুট। প্রথম ব্যাটসম্যান হিসেবে ঘরের মাঠে ভারতের বিপক্ষে ২ হাজার টেস্ট রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। উপমহাদেশের দেশটির বিপক্ষে দেশের মাঠে এখন তার রান ২ হাজার ৬। অস্ট্রেলিয়ায় ভারতের বিপক্ষে ১ হাজার ৮৯৩ রান করে এই তালিকায় রুটের পরে আছেন পন্টিং।
ওভাল টেস্টের দ্বিতীয় দিন জ্যাক ক্রলির বিদায়ের পর ক্রিজে যান রুট। আত্মবিশ্বাসী শুরু করেন টেস্ট ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। কিন্তু তাকে বড় ইনিংস খেলতে দেননি মোহাম্মদ সিরাজ।
ভারতীয় পেসারের ভেতরের ঢোকা ডেলিভারিতে এলবিডব্লিউ হন রুট। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি তিনি। ৪৫ বলের ইনিংসে ৬টি চার মারেন ৩৪ বছর বয়সী ব্যাটসম্যান।
