১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

হেনরি ও অভিষিক্ত ফোকসের ছোবলে বিধ্বস্ত জিম্বাবুয়ের ব্যাটিং

স্বাগতিকদের প্রথম ইনিংসে ১২৫ রানে গুটিয়ে দিয়েছে নিউ জিল্যান্ড।

হেনরি ও অভিষিক্ত ফোকসের ছোবলে বিধ্বস্ত জিম্বাবুয়ের ব্যাটিং
উল্লাস করছেন নিউ জিল্যান্ডের ক্রিকেটাররা। ছবি: জিম্বাবুয়ে ক্রিকেট ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2025, 11:03 PM

Updated : 26 Aug 2026, 01:32 PM

সতীর্থের চোটে দলে ডাক পেয়েই একাদশে সুযোগ পেয়ে গেলেন জ্যাকারি ফোকস। চমৎকার বোলিংয়ে টেস্ট অভিষেক রাঙালেন তিনি। বল হাতে আরও একবার জ্বলে উঠলেন ম্যাট হেনরি। জিম্বাবুয়েকে দেড়শর আগে গুটিয়ে ডেভন কনওয়ে ও উইল ইয়াংয়ের পঞ্চাশ ছোঁয়া ইনিংসে লিড নিল নিউ জিল্যান্ড।

বুলাওয়ায়োতে দ্বিতীয় টেস্টে বৃহস্পতিবার জিম্বাবুয়ের প্রথম ইনিংস ১২৫ রানে গুটিয়ে দেয় কিউইরা। পরে ব্যাটিংয়ে নেমে ১ উইকেটে ১৭৪ রান নিয়ে প্রথম দিন শেষ করেছে তারা। ৪৯ রানে এগিয়ে মিচেল স্যান্টনারের দল।

ব্যাটিংয়ে সফরকারীদের দারুণ শুরু এনে দেওয়া কনওয়ে ৯ চারে ৭৯ রানে খেলছেন। তার সঙ্গে অপরাজিত আছেন নাইটওয়াচম্যান হিসেবে নামা অভিষিক্ত জ্যাকব ডাফি (২ চারে ৮)। ১১ চারে ৭৪ রান করে ফিরেছেন উইল ইয়াং।

জিম্বাবুয়ের বিপক্ষে আগের টেস্টের মতো এবারও প্রথম ইনিংসে পাঁচ উইকেটের স্বাদ পান হেনরি। ষষ্ঠবারের মতো এই কীর্তি গড়লেন অভিজ্ঞ পেসার। ফোকস ৩৮ রান খরচায় ধরেন ৪ শিকার।

ন্যাথান স্মিথ ও উইল ও’রোক চোটে ছিটকে পড়ায় এবং মাইকেল ব্রেসওয়েল দা হান্ড্রেড খেলতে যাওয়ায় একাদশে তিন পরিবর্তন আনতে হয়ে নিউ জিল্যান্ডের। ফোকস ও ডাফির সঙ্গে অভিষেক হয় ম্যাট ফিশারের। প্রতিপক্ষের শেষ উইকেটটি পান এই পেসার। 

ড্রাগ ও অ্যালকোহলের আসক্তি কাটিয়ে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়ে প্রায় চার বছর পর আন্তর্জাতিক ক্রিকেট খেলতে নেমে খারাপ করেননি ব্রেন্ডন টেইলর। জিম্বাবুয়ের অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যানের ৬ চারে ৪৪ রান দলটির ইনিংসে সর্বোচ্চ।

টস জিতে ব্যাটিংয়ে নামা জিম্বাবুয়েরর শুরুর জুটি তৃতীয় ওভারে ভাঙেন হেনরি। রানের খাতা খোলার আগে দ্বিতীয় স্লিপে ক্যাচ দিয়ে বিদায় নেন ব্রায়ান বেনেট। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি।

নিক ওয়েলচকে এলবিডব্লিউ করে দেন হেনরি। অভিজ্ঞ শন উইলিয়ামসকে ফিরিয়ে টেস্টে প্রথম উইকেটের স্বাদ পাওয়া ফোকস বিদায় করেন প্রতিপক্ষ অধিনায়ক ক্রেইগ আরভাইনকে। অনেকটা সময় এক প্রান্ত আগলে রাখা টেইলরের প্রতিরোধ ভাঙেন হেনরি।

পরের ওভারে জোড়া শিকার ধরেন ফোকস। তিন বলের মধ্যে সিকান্দার রাজা ও ট্রেভর গুয়ান্ডুর বিদায় ঘণ্টা বাজান তিনি। পরপর দুই ওভারে দুই উইকেট নিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন হেনরি।

ব্যাটিং ধসে পড়া জিম্বাবুয়ের রান একশ ছাড়ায় মূলত টাফাডজোয়া সিগার ব্যাটে। ৪টি চারে ৩৩ রান নিয়ে অপরাজিত থাকেন তিনি।

ব্যাটিংয়ে নেমে দ্রুত রান বাড়াতে থাকেন ইয়াং। ৯টি চারে ৪৯ বলে পঞ্চাশ স্পর্শ করেন তিনি। আরেক প্রান্তে কিছুটা মন্থর ছিলেন কনওয়ে। ইয়াং ফিফটি ছোঁয়ার সময় তার রান ছিল ৬৫ বলে ৩৮। পঞ্চাশে পা রাখেন তিনি ৮১ বলে।

আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে রান বাড়ানো দুই ওপেনারের ১৬২ রানের জুটি ভাঙে গুয়ান্ডুর বলে ইয়াং বোল্ড হলে। এরপর ডাফিকে নিয়ে বাকি সময় নিরাপদেই পার করে দেন কনওয়ে। 

সংক্ষিপ্ত স্কোর:

জিম্বাবুয়ে ১ম ইনিংস: ৪৮.৫ ওভারে ১২৫ (বেনেট ০, টেইলর ৪৪, ওয়েলচ ১১, উইলিয়ামস ১১, আরভাইন ৭, রাজা ৫, সিগা ৩৩*, গুয়ান্ডু ০, মাসেকেসা ১, মুজারাবানি ৩, চিভাঙ্গা ৪; হেনরি ১৫-৩-৪০-৫, ডাফি ১০-০-২৪-০, ফউকস ১৬-৫-৩৮-৪, ফিশার ৬.৫-১-১৬-১, স্যান্টনার ১-০-৪-০)

নিউ জিল্যান্ড ১ম ইনিংস: ৩৯ ওভারে ১৭৪/১ (কনওয়ে ৭৯*, ইয়াং ৭৪, ডাফি ৮*; মুজারাবানি ১৩-২-৫৪-০, চিভাঙ্গা ৭-৩-৪২-০, গুয়ান্ডু ৭-০-৩১-১, উইলিয়ামস ৮-০-২৩-০, মাসেকেসা ৪-০-১৪-০)