জাতীয় দলের নেতৃত্ব পেয়ে মিরাজের ‘স্বপ্ন পূরণ’
পূর্ণাঙ্গ মেয়াদে ওয়ানডের দায়িত্ব পেয়ে দলের প্রতি নির্ভয়ে সাহসী ক্রিকেট খেলার বার্তা দিলেন মেহেদী হাসান মিরাজ।
বয়সভিত্তিক ক্রিকেটটেই নেতৃত্বগুণে নজর কাড়েন মেহেদী হাসান মিরাজ। খুব দ্রুত বিপিএলেও অধিনায়কত্ব পান তরুণ স্পিনিং অলরাউন্ডার। তবে জাতীয় দলের দায়িত্ব পেতে অপেক্ষা করতে হলো লম্বা সময়। পূর্ণাঙ্গ মেয়াদে ওয়ানডের নেতৃত্ব পাওয়া তাই মিরাজের কাছে স্বপ্ন পূরণের মতোই ব্যাপার।
সামনের শ্রীলঙ্কা সফর থেকে আগামী এক বছরের জন্য এক দিনের ক্রিকেটে বাংলাদেশের অধিনায়কত্ব পেয়েছেন মিরাজ। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে স্বপ্ন পূরণের কথা বলেছেন ২৭ বছর বয়সী অলরাউন্ডার।
“বোর্ড আমার ওপর এই দায়িত্বের জন্য আস্থা রেখেছে। আমার জন্য এটি অনেক সম্মানের ব্যাপার। নিজের দেশকে নেতৃত্ব দেওয়া যেকোনো ক্রিকেটারের জন্য স্বপ্ন। আমার ওপর ক্রিকেট বোর্ড যে আস্থা রেখেছে, তার জন্য আমি কৃতজ্ঞ।”
আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী (এফটিপি) আগামী এক বছর মিরাজের অধিনায়কত্বে অন্তত সাত সিরিজে মোট ২১টি ওয়ানডে খেলবে বাংলাদেশ। এছাড়া ২০২৭ বিশ্বকাপের আগ পর্যন্ত আরও অন্তত ১১ ম্যাচ খেলার কথা রয়েছে তাদের।
২০১৩ সালে মাত্র ১৬ বছর বয়সে অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়কত্ব পান মিরাজ। তার নেতৃত্বেই ২০১৪ ও ২০১৬ যুব বিশ্বকাপ খেলে বাংলাদেশ। ঘরের মাঠে মিরাজের অধিনায়কত্বে তৃতীয় হয় স্বাগতিকরা। তখন পর্যন্ত সেটিই ছিল বাংলাদেশের সেরা সাফল্য।
পরে ২০১৯ সালে বিপিএলের ষষ্ঠ আসরে মাত্র ২১ বছর ৭২ দিন বয়সে রাজশাহী কিংসের নেতৃত্ব দেন মিরাজ। দেশের ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্টে দ্বিতীয় কনিষ্ঠ অধিনায়ক তিনি।
বিপিএলে পরে ধারাবাহিকভাবে অধিনায়কত্ব করতে থাকেন তিনি। কিন্তু জাতীয় দলের দায়িত্ব পালনে তাকে সেভাবে বিবেচনা করা হয়নি। গত বছর নাজমুল হোসেন শান্তর অনুপস্থিতিতে আফগানিস্তানের বিপক্ষে শেষ ওয়ানডেতে প্রথমবার জাতীয় দলের দায়িত্ব পালন করেন।
চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরেও যেতে পারেননি শান্ত। তাই দুই টেস্ট ও তিন ওয়ানডে মিরাজের অধিনায়কত্বেই খেলে বাংলাদেশ। ওয়ানডেতে তার নেতৃত্বে চার ম্যাচেই হারে তারা। তবে টেস্টে ক্যারিবিয়দের এক ম্যাচে হারায় সফরকারীরা।
এবার পূর্ণাঙ্গ মেয়াদে ওয়ানডের দায়িত্ব পেয়ে দলের প্রতি নির্ভয়ে সাহসী ক্রিকেট খেলার বার্তা দিলেন মিরাজ।
“এই দলটির ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। আমাদের প্রতিভা আছে, নির্ভয়ে খেলার মতো আত্মবিশ্বাস আছে। আমি চাই দল আত্মবিশ্বাসের সঙ্গে খেলুক, নিঃসংকোচে নিজেদের মেলে ধরুক এবং দেশের জন্য সবসময় সেরাটা দেওয়ার চেষ্টা চালিয়ে যাক।”
গত বছরের ফেব্রুয়ারিতে তিন সংস্করণের অধিনায়কত্ব পেয়েছিলেন শান্ত। মাত্র ১৬ মাসের মধ্যেই টেস্ট ছাড়া বাকি দুই সংস্করণ থেকে তাকে সরিয়ে দিয়েছে বিসিবি। গত মাসে সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তান সফর দিয়ে টি-টোয়েন্টির দায়িত্ব শুরু করে দিয়েছেন লিটন কুমার দাস।
এবার ওয়ানডেতে মিরাজকে বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করেন বোর্ডের ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন।
“ব্যাটিং-বোলিংয়ে ধারাবাহিক পারফরম্যান্স, লড়াকু মানসিকতা, দলের প্রতি উদ্দীপনাদায়ক ভূমিকা এবং মাঠের ভেতরে-বাইরের সক্রিয় উপস্থিতি মেহেদী হাসান মিরাজকে পালাবদলের এই সময়ে ওয়ানডে দলের নেতৃত্বের জন্য যোগ্য প্রার্থী করে তুলেছে।”
“বোর্ডের বিশ্বাস, এই সংস্করণে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য প্রয়োজনীয় পরিপক্বতা ও মানসিক দৃঢ়তা মিরাজের মধ্যে রয়েছে।”
এসময় নাজমুল জানান, অধিনায়কত্ব থেকে সরানো হলেও শান্তও থাকবেন দলের লিডারশিপ গ্রুপে।
“নেতৃত্বে ইতিবাচক মনোভাব ও দৃঢ় চরিত্র দেখানোয় শান্তর প্রতি কৃতজ্ঞতা জানাই আমরা। সে এখন দলের লিডারশিপ গ্রুপের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে থাকছেন। দলের ব্যাটিং লাইন আপে তার গুরুত্ব অপরিসীম।”
