ইংল্যান্ড সফরে টেস্টে ভারুন হতে পারেন ভারতের ‘ট্রাম্প কার্ড’
প্রথম শ্রেণির ক্রিকেটে স্রেফ একটিই ম্যাচ খেলেছেন ভারতের এই রহস্য স্পিনার, সেটিও সেই ২০১৮ সালে।
ভারুন চক্রবর্তির মূল পরিচয় এখনও ‘টি-টোয়েন্টি বিশেষজ্ঞ।’ সদ্য সমাপ্ত চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ওয়ানডে ক্রিকেটে ছাপ রাখতে শুরু করেছেন সবে। তবে এখন তাকে টেস্ট ক্রিকেটেও দেখতে চান নাভজোত সিং সিধু। ভারতের সাবেক এই ব্যাটসম্যানের মতে, এই বছরের ইংল্যান্ড সফরে ভারতের জন্য তুরুপের তাস হতে পারেন ভারুন।
চ্যাম্পিয়ন্স ট্রফির ঠিক আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজে একটি ম্যাচ খেলে ওয়ানডেতে অভিষেক হয় ভারুনের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের প্রথম দুই ম্যাচের দলে তাকে রাখেনি ভারত। তৃতীয় ম্যাচে সুযোগ পেয়েই ৫ উইকেট শিকার করেন নিউ জিল্যান্ডের বিপক্ষে। পরে সেমি-ফাইনাল ও ফাইনালেও উইকেট শিকার করেন দুটি করে।
তার বোলিংয়ের সামনে খাবি খেতে হয়েছে অনেক অভিজ্ঞ ব্যাটসম্যানকেও। ডেলিভারির সময় তাকে হাত থেকে পড়তে ভুগতে দেখা যায় অনেক ব্যাটসম্যানকে। বল পিচ করার পরও ঠিকঠাক পড়তে হিমশিম খান অনেক।
এই রহস্যের কারণেই ইংল্যান্ড সফরে ভারুনকে প্রয়োজন, স্পোর্টস টুডেকে বললেন ভারতের হয়ে ৫১ টেস্ট ও ১৩৬ ওয়ানডে খেলা সিধু।
“রহস্য স্পিনাররা বরাবরই ইংল্যান্ডের দুর্বলতা। তাদের জন্য এটা বরাবরই বড় মাথাব্যথার কারণ। সেখানে আপনি কি ভারুন চক্রবর্তিকে বাইরে রাখবেন? না, তাকে অবশ্যই খেলাতে হবে।”
“…অথবা খেলাতে হবে কুলদিপ ইয়াদাভকে। দুই প্রান্ত থেকেই তার উঁচু থেকে করা ডেলিভারি তারা ঠিকঠাক পড়তে পারে না।”
আগামী জুন-জুলাইয়ে ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে খেলবে ইংল্যান্ড। সিধু সেখানে ভারুনকে খেলাতে বললেও বাস্তব সম্ভাবনা নেই বললেই চলে। ৩৩ বছর বয়সী ভারুন স্রেফ একটিই প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন এবং সেটিও ২০১৮ সালে।
চোট-টোট হানা না দিলে অবশ্য কুলদিপ নিশ্চিতভাবেই থাকবেন। ১৩টি টেস্ট খেলেছেন বাঁহাতি এই রিস্ট স্পিনার। রাভিচান্দ্রান অশ্বিন, রাভিন্দ্রা জাদেজা, ওয়াশিংটন সুন্দারের মতো অলরাউন্ডার থাকায় তার নিয়মিত খেলার সুযোগ হয় না। তবে অশ্বিনের অবসরের পর এখন তার সুযোগ একটু বেশিই আসার কথা।
