২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

৩৩ বলে সেঞ্চুরি, ১৪ ছক্কায় ইশান কিষানের ১২৫

টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে জায়গা করে নেওয়ার পর এই কিপার-ব্যাটসম্যান বিস্ফোরক ইনিংস উপহার দিলেন অন্য সংস্করণে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2025, 04:04 PM

Updated : 26 Aug 2026, 05:23 PM

সবশেষ ম্যাচ যেখানে শেষ করেছিলেন, যেন সেখান থেকেই শুরু করলেন ইশান কিষান। সংস্করণ ভিন্ন হলেও, তার ব্যাট দেখাল একই তেজ। কার্নাটাকার বোলারদের তুলাধুনা করে টানা দ্বিতীয় ইনিংসে বিস্ফোরক সেঞ্চুরি উপহার দিলেন ঝাড়খান্ডের কিপার-ব্যাটসম্যান।

কিষান আগের ম্যাচটি খেলেন ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলি ট্রফিতে। গত বৃহস্পতিবারের ফাইনালে হারিয়ানার বিপক্ষে ওপেন করতে নেমে ১০ ছক্কা ও ৬ চারে ৪৯ বলে ১০১ রান করেন তিনি। অধিনায়কের চমৎকার ইনিংসের সৌজন্যে ম্যাচটি ৬৯ রানে জিতে ট্রফি ঘরে তোলে ঝাড়খান্ড। 

ওই ম্যাচের ছয় দিন পর আরেকটি বিধ্বংসী ইনিংস উপহার দিলেন কিষান। তবে এবার দেশের ঘরোয়া লিস্ট ‘এ’ টুর্নামেন্ট ভিজায় হাজারে ট্রফিতে। 

আহমেদাবাদে বুধবার কার্নাটাকার বিপক্ষে ছয়ে নেমে ১২৫ রান করেন তিনি। বাঁহাতি ব্যাটসম্যানের ৩৯ বলের ইনিংসটি গড়া ১৪ ছক্কা ও ৭ চারে।

ইনিংসটির পথে ৩৩ বলে সেঞ্চুরি স্পর্শ করেন কিষান। ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে যা দ্বিতীয় দ্রুততম শতক। এদিনই আরুনাচলের বিপক্ষে ৩২ বলে সেঞ্চুরি করে রেকর্ডটি নিজের করে নেন বিহারের অধিনায়ক সাকিবুল গানি।

এতদিন এই সংস্করণে ভারতের দ্রুততম সেঞ্চুরিয়ান ছিলেন আনমোলপ্রিত সিং। গত বছর বিজায় হাজারে ট্রফিতেই পাঞ্জাবের হয়ে আরুনাচলের বিপক্ষে ৩৫ বলে তিন অঙ্ক ছুঁয়েছিলেন তিনি।

লিস্ট ‘এ’ ক্রিকেটে সবচেয়ে কম বলে সেঞ্চুরির বিশ্ব রেকর্ড অস্ট্রেলিয়ার জেইক ফ্রেজার-ম্যাকগার্কের। ২০২৩ সালে তাসমানিয়ার বিপক্ষে ২৯ বলে তিন অঙ্ক স্পর্শ করেছিলেন তিনি সাউথ অস্ট্রেলিয়ার হয়ে। দক্ষিণ আফ্রিকান গ্রেট এবি ডি ভিলিয়ার্স ২০১৫ সালে ৩১ বলে সেঞ্চুরি করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, যেটি আন্তর্জাতিক ওয়ানডের দ্রুততম শতরান।

সৈয়দ মুশতাক আলি ট্রফির সবশেষ আসরে ১০ ম্যাচে সর্বোচ্চ ৫১৭ রান করেন কিষান। সেখানে দুটি করে সেঞ্চুরি ও ফিফটি উপহার দেন তিনি; স্ট্রাইক রেট ১৯৭.৩২, ব্যাটিং গড় ৫৭.৪৪।

এই পারফরম্যান্সে ভারতের টি-টোয়েন্টি দলে ফেরেন কিষান। ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও এই সংস্করণের বিশ্বকাপ দলে তাকে রেখেছে ভারত।

জাতীয় দলে ফেরার সুসংবাদ পাওয়ার কয়েকদিন পর এবার ৫০ ওভারের ম্যাচেও আলো ছড়ালেন কিষান। লিস্ট ‘এ’ ক্রিকেটে করলেন সপ্তম সেঞ্চুরি।

কিষান ছাড়াও ম্যাচে উজ্জ্বল ছিলেন ভিরাট সিং, কাউমার কুশাগ্রা। ভিরাট ৪টি ছক্কা ও ৮টি চারে করেন ৮৮ রান। আর কুশাগ্রা ৫ ছক্কা ও ৩ চারে করেন ৬৩। তাদের সৌজন্যে ৯ উইকেটে ৪১৭ রান করে ঝাড়খান্ড।