২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত-পাকিস্তান সংঘাত: আইপিএলের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত শুক্রবার

‘নিরাপত্তা শঙ্কায়’ ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর ধারামশালা থেকে ক্রিকেটারদের সরিয়ে নিতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে বিসিসিআই।

ভারত-পাকিস্তান সংঘাত: আইপিএলের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত শুক্রবার
এবারের আইপিএল শুরুর আগে অধিনায়কদের ফটোসেশন। ছবি: আইপিএল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2025, 01:06 AM

Updated : 26 Aug 2026, 12:40 PM

হঠাৎ ফ্লাডলাইট নিভে ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর ধারামশালা থেকে পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের খেলোয়াড়দের সরিয়ে নেওয়ার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। বাকি টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ার পর বোর্ডের সহ-সভাপতি রাজিব শুক্লা জানিয়েছেন, এ বিষয়ে শুক্রবার সিদ্ধান্ত নেবেন তারা।

ধারামশালার হিমাচল প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে বৃহস্পতিবার দিলির বিপক্ষে পাঞ্জাবের ইনিংসের মাঝপথে একে একে নিভে যায় তিনটি ফ্লাডলাইট টাওয়ার। ‘নিরাপত্তা শঙ্কায়’ মিনিট দশেক পরই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হয়।

ভারত ও পাকিস্তানের চলমান উত্তেজনাময় পরিস্থিতিতে সীমান্তবর্তী বেশ কয়েকটি বিমানবন্দর আগামী শনিবার পর্যন্ত বন্ধ রেখেছে ভারত। ধারামশালার একমাত্র বিমানবন্দর এবং পার্শ্ববর্তী কাংড়া ও চান্ডিগাড় বিমানবন্দর বন্ধ আছে। 

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সহ-সভাপতি রাজিব শুক্লা এক বিবৃতিতে বলেছেন, খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের সরিয়ে নিতে হিমাচল প্রদেশের উনা জেলা থেকে বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে।  

“আমরা একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করছি উনা থেকে, যা ধারামশালা থেকে খুব বেশি দূরে নয়। ম্যাচটি বাতিল করা হয়েছে এবং স্টেডিয়াম খালি করা হয়েছে। পরিস্থিতি বিবেচনায় রেখে আমরা আগামীকাল (শুক্রবার) টুর্নামেন্টের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেব। খেলোয়াড়দের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, দুই দলের খেলোয়াড় ও সাপোর্ট স্টাফরা হোটেলে ফিরে গেছেন। তারা এখন বিসিসিআইয়ের পরবর্তী নির্দেশনার অপেক্ষায় রয়েছেন।

সামাজিক মাধ্যমে আসা একটি ভিডিওতে দেখা যায়, ফ্লাডলাইট নিভে যাওয়ার পর হাতের ইশারায় দর্শকদের স্টেডিয়াম ছেড়ে চলে যাওয়ার অনুরোধ করছেন আইপিএল চেয়ারম্যান আরুন ধুমাল। 

সংবাদমাধ্যম আইএএনএসকে ধুমাল বলেন, সতর্কতার অংশ হিসেবেই ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

“হ্যাঁ, সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে ম্যাচটি বাতিল করা হয়েছে, কারণ আমার ধারণা জম্মুতে কিছু ঘটনা ঘটেছে। আমরা এটাই জানতে পেরেছি, তাই খেলা বন্ধ করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ বলে মনে করেছি আমরা।”

কাশ্মীরের জম্মু ও উদামপুরে এবং পাঞ্জাবের পাঠানকোটে তিনটি সামরিক স্থাপনায় হামলা হয়েছে বলে দাবি করেছে ভারতের সামরিক বাহিনী।

ভারত-পাকিস্তান সামরিক সংঘাতের মধ্যে আইপিএল চালিয়ে যাওয়া উচিত হবে কি না, সে বিষয়ে পিটিআইকে ধুমাল বলেন, “আমরা এখন পরিস্থিতি পর্যালোচনা করছি।”

“সরকারের কাছ থেকে আমরা কোনো নির্দেশনা পাইনি। সকল অংশীদারের সর্বোত্তম স্বার্থ মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া হবে।”

ভারতীয় গণমাধ্যমের খবর, পাঞ্জাব ও দিল্লির ম্যাচ মাঝপথে পরিত্যক্ত হওয়ার পর বিসিসিআইয়ের অংশীদাররা একটি জরুরি বৈঠক করেছে।

দুই প্রতিবেশী দেশের যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে পাকিস্তান সুপার লিগেও (পিএসএল)। ড্রোন হামলায় রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়াম ক্ষতিগ্রস্ত হওয়ার পর এই মাঠে বৃহস্পতিবার পেশাওয়ার জালমি ও করাচি কিংসের ম্যাচ স্থগিত করা হয়। আসরের বাকি ম্যাচগুলো হওয়া নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

গত ২২ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন। যার দায় পাকিস্তানের ওপর দিচ্ছে ভারত সরকার। ফলে দুই দেশের মধ্যে তৈরি হয় তীব্র উত্তেজনা।

পেহেলগামে ওই সন্ত্রাসী হামলার ‘বদলায়’ গত মঙ্গলবার গভীররাতে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ৯টি স্থানে হামলা চালায় ভারত। তার পাল্টায় গোলাবর্ষণসহ সামরিক জবাব দেয় পাকিস্তানও। এ সংঘাতে দুই দেশ মিলিয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত, মৃত্যু হয়েছে ৪৬ জনের।