২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফর্মের ঘাটতির পরও লিটনের ওপর আমরা আস্থা রেখেছি: প্রধান নির্বাচক

লিটন কুমার দাসকে ছন্দে ফেরাতে কোচিং স্টাফ চেষ্টা করে যাচ্ছে, জানালেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2024, 07:04 PM

Updated : 26 Aug 2026, 09:35 AM

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি মাত্র শেষ হলো। জাতীয় দলের অনুশীলন আপাতত নেই। তবে লিটন কুমার দাসের অনুশীলন থেমে নেই। নেটে নিয়মিতই নিজেকে শানিত করার চেষ্টা চলছে তার। মঙ্গলবার বিশ্বকাপ দল ঘোষণার দিনও তাকে দেখা গেল শের-ই-বাংলা স্টেডিয়ামের সেন্টার উইকেটে ব্যাটিংয়ের নানা তুকতাক করতে। এই চেষ্টায় কাজ কতটা হবে, সেটি বলবে সময়। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বললেন, সেই সময়টা বিশ্বকাপে আসবে বলেই আশা তাদের।

সেই আশার জোর কোনো ভিত্তি আপাতত নেই। জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ মিলিয়ে ৪৩ বলে তার রান ৩৬। পরে সিরিজের শেষ দুই ম্যাচে তাকে একাদশে রাখা হয়নি। সবশেষ ১০ টি-টোয়েন্টিতে তার ফিফটি নেই।

লিটনের ফর্মের বেহাল দশা শুধু এক সংস্করণেই নয়। সবশেষ ১০ ওয়ানডেতেও তার নেই কোনো পঞ্চাশ। টেস্টে সবশেষ সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে চার ইনিংস মিলিয়ে করতে পেরেছেন ৬৭ রান। 

কয়েকটি ম্যাচে তার আউট হওয়ার ধরনও ছিল ভীষণ দৃষ্টিকটু। সব মিলিয়ে তার ব্যাটিংয়ের সামগ্রিক চিত্র যে দলের জন্য দুর্ভাবনার, সেটি অকপটেই মেনে নিলেন প্রধান নির্বাচক। তবে এমন ফর্মের ব্যাটসম্যানকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ। 

বিকল্প নেওয়ার আলোচনা যে ছিল, সেটিও খোলাসা করলেন প্রধান নির্বাচক। তবে শেষ পর্যন্ত ফর্ম ছাপিয়ে লিটনের সামর্থ্যে তারা ভরসা রেখেছেন। 

“লিটন দাসকে আমরা যে ম্যাচটিতে অন্তর্ভুক্ত করতে পারিনি, ওটা সিরিজ নির্ধারণী ম্যাচ ছিল । আমাদেরকে একটা সিদ্ধান্তে যেতে হয়েছিল একটি বিশেষ ম্যাচের জন্য। এক্ষেত্রে আমাদের বিবেচনায় যেটা ছিল, লিটনের পরিবর্তে ভাবতে গেলে উইকেটকিপিং সামর্থ্যও সেখানে এসেছে। কারণ, দুজন কিপার নিয়ে যেতেই হবে। কনকাশনের ব্যাপারগুলি আপনারা সবাই জানেন।”

“শুধু ওপেনিংয়ের বিকল্প বললে হয়তো অন্য নাম আসতো। এক্ষেত্রে (কিপার ও ওপেনার) এনামুল হক বিজয়ের নাম আমরা আলোচনা করেছি। কিন্তু ফর্মের ঘাটতির পরও লিটনের ওপর আমরা আস্থা রেখেছি। তাকে নিয়ে কিন্তু কাজ করা হচ্ছে।”

‘কাজ’ বলতে তাকে ছন্দে ফেরানোর চেষ্টা। প্রধান নির্বাচক জানালেন, কোচিং স্টাফ এই কদিন নিবিড়ভাবে কাজ করে যাচ্ছে লিটনের ব্যাটিং নিয়ে। 

“যে দুটি ম্যাচ তিনি খেলেননি, সেই সময় তাকে নিয়ে… তার আস্থার জায়গা কীভাবে পুনরুদ্ধার করা যায়, সেই প্রচেষ্টা আমাদের কোচিং স্টাফ করে যাচ্ছে।”

“এটা তো আগে থেকে বলা যায় না… ডেলিভার করার পরই বলা যাবে, কতটুকু কী পুনরুদ্ধার করা যাচ্ছে…। তবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে ঘাটতি আমরা তার লক্ষ্য করছি, শট নির্বাচনের ক্ষেত্রে, বল নির্বাচনের ক্ষেত্রে…সেই জায়গায় তাকে আরও পোক্ত করার জন্য আমাদের কোচিং স্টাফরা চেষ্টা করছে।”

দুশ্চিন্তার জায়গা শুধু লিটনই নয়। টপ অর্ডারে নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকারের অবস্থাও তথৈবচ। লিটনের জায়গায় সুযোগ পেয়ে সৌম্য জিম্বাবুয়ে সিরিজের শেষ দুই ম্যাচে করেছেন ৩৪ ম্যাচে ৪১ ও ৭ বলে ৭। সবশেষ ২৩ টি-টোয়েন্টি ইনিংসে তার ফিফটি নেই। 

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে ৫ ম্যাচ মিলিয়ে শান্তর রান ৮১। স্ট্রাইক রেট ১০৩.৮৪। 

টপ অর্ডারের তিন ব্যাটসম্যানের ফর্ম যে মহাবিপৎসংকেত দিচ্ছে, তা কিছুটা ফুটে উঠল প্রধান নির্বাচকের কণ্ঠেও। 

“সত্যি বলতে, ফর্মের ঘাটতি তো অনেক বেশি। এটা বাস্তব সত্য। ফর্ম পুনরুদ্ধারের জন্য ব্যাপক চেষ্টা করতে হবে। এই ফর্ম চলতে থাকলে অবশ্যই তা চিন্তার ব্যাপার। আমরা যেটা বলি যে, ‘কোয়ালিটি ইজ পার্মানেন্ট, ফর্ম ইজ টেম্পোরারি’, আশা করতে পারি যে এটা আমাদের জন্য ঘটুক। তারা তাদের সামর্থ্যে ফিরে আসুক, তাদের স্বমহিমায় ফিরে আসুক।”