সালমান বললেন, ‘আমাদেরকে নয়, ক্রিকেটকেই অসম্মান করছে ভারত’
টুর্নামেন্টের শুরুতে সুরিয়াকুমার ব্যক্তিগতভাবে হাত মিলিয়েছে, কিন্তু পরে টিভি ক্যামেরার সামনে হাত মেলায়নি- বললেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলি আগা।
সালমান আলি আগার দাবি, টুর্নামেন্টের শুরুতে তার সঙ্গে হাত মিলিয়েছেন সুরিয়াকুমার ইয়াদাভ। কিন্তু টিভি ক্যামেরার সামনে ভারতীয় অধিনায়কের দেখা গেছে ভিন্ন চেহারা। পাকিস্তানের অধিনায়কের মতে, হাত না মেলানোর ঘটনায় ক্রিকেট খেলাটাকেই অশ্রদ্ধা করেছেন ভারতীয়রা।
গ্রুপ পর্ব ও সুপার ফোর পর্বের ম্যাচের মতো ফাইনালেও অনুমিতভাবে টসের সময় সালমানের সঙ্গে হাত মেলাননি সুরিয়াকুমার, ম্যাচের পর হাত মেলাতে দেখা যায়নি দুই দলের ক্রিকেটারদের।
এরপর লম্বা নাটক হয়ে যায় পুরস্কার বিতরণীয় আয়োজনে। দীর্ঘ সময় অপেক্ষার পর এই অনুষ্ঠান শুরু হয়। কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান, যিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও, তার কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় পাকিস্তান দল। তারা চেয়েছিলেন অন্য কারও কাছ থেকে পুরস্কার নিতে। কিন্তু শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন দলকে ট্রফি আর মেডেল দেওয়া হয়নি।
ফাইনাল শেষে সংবাদ সম্মেলনে ভারতীয় দলের আচরণের সমালোচনা করলেন পাকিস্তান অধিনায়ক সালমান।
“ভারতীয় দল এই টুর্নামেন্টে যা করেছে, তা খুবই হতাশাজনক। হাত না মিলিয়ে তারা আমাদেরকে অসম্মান করছে না, ক্রিকেটকেই অসম্মান করছে। আজকে তারা যা করেছে, কোনো ভালো দল এসব করে না।”
“আমরা ট্রফি নিয়ে পোজ দিতে গিয়েছিলাম, কারণ নিজেদের দায়িত্ব পালন করতে চেয়েছি আমরা। আমরা সেখানে ছিলাম ও আমাদের মেডেল নিয়েছি। খুব কঠিন ভাষা ব্যবহার করতে চাই না, তবে তারা খুবই অসম্মানজনক আচরণ করেছে।”
সালমানের বিশ্বাস, ওপরের নির্দেশনা মেনেই এমন করেছেন সুরিয়াকুমার।
“টুর্নামেন্টের শুরুতে সে (সুরিয়াকুমার) ব্যক্তিগতভাবে আমার সঙ্গে হাত মিলিয়েছে। টুর্নামেন্ট পূর্ব সংবাদ সম্মেলনে এবং ম্যাচ রেফারির সভায় সে হাত মিলিয়েছে। কিন্তু যখন তারা টিভি ক্যামেরায় গোটা দুনিয়ার সামনে এসেছে, তখন হাত মেলায়নি। আমি নিশ্চিত, তাকে যে নির্দেশনা দেওয়া হয়েছে, তারা সেটিই মেনে চলেছে।”
পাকিস্তান অধিনায়কের মতে, পরবর্তী প্রজন্ম ও ক্রিকেট সমর্থকদের সামনে ভালো নজির তারা মেলে ধরতে পারছেন না।
“আমি শুধু পাকিস্তানের অধিনায়কই নই, একজন ক্রিকেট ভক্তও। ভারত ও পাকিস্তানে যে বাচ্চাটা খেলা দেখছে, তাকে ভালো বার্তা দিচ্ছি না আমরা। লোকে আমাদেরকে আদর্শ মনে করে। কিন্তু আমরা সেরকম আচরণ করছি না, তাদেরকে অনুপ্রাণিত করতে পারছি না।”
“যা হয়েছে, অবশ্যই তা উচিত হয়নি। তবে এসবের দায় যাদের (ভারতীয় দল) তাদেরকেই জিজ্ঞেস করা উচিত, আমাকে নয়।”
ফাইনাল শেষে ট্রফি না পাওয়ার পেছনেও পাকিস্তান অধিনায়ক দায় দেখেন ভারতীয় দলেরই।
“এই ধরনের কিছু জীবনে প্রথম দেখলাম আজকেই। এই টুর্নামেন্টে যা যা হলো, সবকিছুই ক্রিকেটের জন্য খারাপ এবং আশা করি, একটা পর্যায়ে এসব থামবে, কারণ ক্রিকেটের জন্য এগুলো ভালো নয়।”
“আজকে যা যা হয়েছে, সবকিছুই আগের ঘটনাপ্রবাহের ফল। জয়ী দলকে ট্রফি দেবে তো এসিসি সভাপতিই! তার কাছ থেকে ট্রফি না নিলে কার থেকে থেকে নেবেন!”
পুরস্কার বিতরণী মঞ্চে সালমানের একটি কাণ্ড নিয়েও সামাজিক মাধ্যমে সমালোচনা চলছে তুমুল। রানার্স আপের প্রাইজমানির প্রতীকী চেক পাকিস্তান অধিনায়কের হাতে তুলে দেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ও পিসিবি প্রধান মহসিন নাকভি যৌথভাবে। সেই বোর্ড নিয়ে মঞ্চ থেকেই ছুড়ে দেন সালমান। আমিনুলসহ অতিথিদের অনেকের চোখেমুখেই তখন বিস্ময় দেখা যায়।
