১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টি-টোয়েন্টির দুর্দশায় আবার বাবরের দুয়ারে পাকিস্তান

স্ট্রাইক রেটের দুর্বলতার কারণে বাদ পড়া বাবর আজমকে টি-টোয়েন্টিতে ফেরাল পাকিস্তান, তবে ফেরানো হয়নি মোহাম্মাদ রিজওয়ানকে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2025, 01:26 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

টি-টোয়েন্টি দলে ফেরার জন্য বাবর আজমকে স্ট্রাইক রেট উন্নতির শর্ত দিয়েছিলেন কোচ মাইক হেসন। তবে তেমন কিছু করে দেখানোর প্রয়োজন হলো না অভিজ্ঞ ব্যাটসম্যানের। টপ অর্ডারে অন্যদের ব্যর্থতায় আবার পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফেরানো হলো অভিজ্ঞ এই ব্যাটসম্যানকে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সামনের টি-টোয়েন্টি সিরিজ ও এরপর ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের পাকিস্তান দলে রাখা হয়েছে বাবরকে। তবে ফেরানো হয়নি আরেক অভিজ্ঞ ব্যাটসম্যান মোহাম্মাদ রিজওয়ানকে।

আন্তর্জাতিক টি-টোয়েন্টির দ্বিতীয় সফলতম ব্যাটসম্যান বাবর পাকিস্তানের জার্সিতে সবশেষ এই সংস্করণে খেলেছেন গত ডিসেম্বরে। এরপর প্রায় প্রতিটি সিরিজেই তার অনুপস্থিতি নিয়ে ছিল আলোচনা। গত এশিয়া কাপের আগে কোচ হেসন বলেন, স্ট্রাইক রেটসহ নির্দিষ্ট কিছু জায়গায় উন্নতি করতে বলা হয়েছে বাবরকে। বিগ ব্যাশে ভালো করলে তার ফেররার সুযোগ থাকবে বলেই জানিয়েছিলেন কোচ। কিন্তু অন্যদের ব্যর্থতায় আগেই সুযোগটি পেয়ে গেলেন বাবর। আগামী বিশ্বকাপের পরিকল্পনাতেও এখন ভালোভাবেই থাকবেন ৩১ বছর বয়সী ব্যাটসম্যান। 

গত এশিয়া কাপে অন্যদের তুলনায় খুব খারাপ না করলেও দলে জায়গা হারিয়েছেন ফাখার জামান। তাকে রাখা হয়েছে রিজার্ভ তালিকায়। মূল দলে জায়গা হারিয়ে রিজার্ভে আছেন ফাস্ট বোলার হারিস রউফ ও বাঁহাতি রিস্ট স্পিনার সুফিয়ান মুকিমও। রউফের ফর্ম নিয়ে সাম্প্রতিক সময়ে সমালোচনা হচ্ছিল তুমুল। গত কিছুদিনে বেশ ভালো বোলিং করা মুকিমের বাদ পড়াটা কিছুটা বিস্ময়করই।

মুকিমের জায়গাতেই বলা যায় সুযোগ পেয়েছেন উসমান তারিক। ২৭ বছর বয়সী অফ স্পিনার প্রথমবার ডাক পেলেন দলে। সম্প্রতি ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে ১০ ম্যাচে ২০ উইকেট নিয়ে তিনি ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি।

টি-টোয়েন্টি দলে ফিরেছেন আগ্রাসী ব্যাটসম্যান আব্দুল সামাদ ও পেসার নাসিম শাহও।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ ও পরে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য পাকিস্তানের দলও ঘোষণা করা হয়েছে একইসঙ্গে। টি-টোয়েন্টিতে জায়গা হারানো রউফ আছেন ওয়ানডে দলে, এই সংস্করণে আছেন ফাখারও। 

ওয়ানডে দলে ফিরেছেন বাঁহাতি চায়নাম্যান স্পিনার ফায়সাল আকরাম ও উঠতি ব্যাটসম্যান হাসিবউল্লাহ খান। ২২ বছর বয়সী আকরাম গত নভেম্বরে জিম্বাবুয়েতে তিনটি ওয়ানডে খেলে পাঁচ উইকেট নিয়েছিলেন।

ওই সফরেই একটি ওয়ানডে খেলে শূন্য রানে আউট হন হাসিবউল্লাহ। তবে ২২ বছর বয়সী এই ব্যাটসম্যানকে মনে করা হচ্ছে পাকিস্তানের এই সময়ের সবচেয়ে সম্ভাবনাময় ব্যাটসম্যানদের একজন। লিস্ট ‘এ’ ক্রিকেটে ৫০ ইনিংস খেলে ৯ সেঞ্চুরি ১০ ফিফটি করেছেন তিনি, ব্যাটিং গড় ৫১.১৩।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু আগামী মঙ্গলবার। এরপর ওয়ানডে সিরিজ শুরু ৪ নভেম্বর। এই সিরিজ দিয়ে শুরু হবে পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক হিসেবে শাহিন শাহ আফ্রিদির পথচলা।

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু ১১ নভেম্বর। ১৭ নভেম্বর থেকে শুরু শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। 

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড: সালমান আলি আগা (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, হাসান নাওয়াজ, মোহাম্মাদ নাওয়াজ, মোহাম্মাদ ওয়াসিম জুনিয়র, সালমান মির্জা, নাসিম শাহ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, শাহিন শাহ আফ্রিদি, উসমান খান, উসমান তারিক।

রিজার্ভ: ফাখার জামান, হারিস রউফ, সুফিয়ান মুকিম।

পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড: শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, ফাহিম আশরাফ, ফায়সাল আকরাম, ফাখার জামান, হারিস রউফ, হাসিবউল্লাহ, হাসান নাওয়াজ, হুসাইন তালাত, মোহাম্মাদ নাওয়াজ, মোহাম্মাদ রিজওয়ান, মোহাম্মাদ ওয়াসিম জুনিয়র, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলি আগা।