২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়া কাপের আরব আমিরাত দলে মাতিউল্লাহ ও সিমরানজিত

চলমান ত্রিদেশীয় সিরিজের দলের সঙ্গে এই দুজনকে যোগ করেছে তারা।

এশিয়া কাপের আরব আমিরাত দলে মাতিউল্লাহ ও সিমরানজিত
আবু ধাবি নাইট রাইডার্সের হয়ে আইএলটি-টোয়েন্টিতে খেলার সময় মাতিউল্লাহ খান। ছবি: আইএলটি-টোয়েন্টি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2025, 06:52 PM

Updated : 26 Aug 2026, 02:14 PM

চলমান ত্রিদেশীয় সিরিজের স্কোয়াডের সঙ্গে দুজনকে যোগ করে এশিয়া কাপের জন্য দল সাজিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ফেরানো হয়েছে ডানহাতি পেসার মাতিউল্লাহ খান ও বাঁহাতি স্পিনার সিমরানজিত সিংকে। 

মোহাম্মদ ওয়াসিমকে অধিনায়ক রেখে বৃহস্পতিবার ১৭ জনের দল ঘোষণা করেছে এমিরেটস ক্রিকেট বোর্ড। 

৩২ বছর বয়সী মাতিউল্লাহ এখন পর্যন্ত দেশের হয়ে খেলেছেন এক ওয়ানডে ও পাঁচ টি–টোয়েন্টি। সবশেষ টি–টোয়েন্টি তিনি খেলেছেন গত জুলাইয়ে, পার্ল অব আফ্রিকা সিরিজে নাইজেরিয়ার বিপক্ষে। আর ৩৫ বছর বয়সী সিমরানজিত খেলেছেন পাঁচ ওয়ানডে ও ১১ টি–টোয়েন্টি। সবশেষ তিনি দেশের প্রতিনিধিত্ব করেছেন গত বছরের ডিসেম্বরে, গালফ টি–টোয়েন্টি চ্যাম্পিয়নশিপে।

এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাত শেষবার খেলেছিল ২০১৬ সালে বাংলাদেশে, সেবারও আসরটি হয়েছিল টি–টোয়েন্টি সংস্করণে।

‘এ’ গ্রুপে তাদের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান ও ওমান। টুর্নামেন্ট শুরু হবে ৯ সেপ্টেম্বর, দুবাই ও আবুধাবিতে। ১০ সেপ্টেম্বর দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপের অভিযান শুরু করবে আমিরাত। এখন পর্যন্ত ভারত ও পাকিস্তানের বিপক্ষে কোনো সংস্করণেই জয় নেই তাদের। তবে ওমানকে তারা পাঁচবার টি–টোয়েন্টিতে হারিয়েছে।

গ্রুপের শীর্ষ দুই দল খেলবে সুপার ফোরে।

আরব আমিরাতের স্কোয়াড: মোহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শারাফু, আরিয়ানশ শার্মা (উইকেটকিপার), আসিফ খান, ধ্রুব পারাশার, ইথান ডি’সুজা, হায়দার আলি, হার্শিত কৌশিক, জুনায়েদ সিদ্দিক, মাতিউল্লাহ খান, মোহাম্মদ ফারুক, মোহাম্মদ জাওয়াদউল্লাহ, মোহাম্মদ জোহাইব, রাহুল চোপড়া (উইকেটকিপার), রোহিদ খান, সিমরানজিত সিং ও সাগীর খান।