রোহিতের উইকেট নেওয়ার পর কিছুটা খরুচে মুস্তাফিজ
মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ওভারপ্রতি সাড়ে সাত করে রান দিয়েছেন দিল্লি ক্যাপিটালসের বাঁহাতি পেসার।
শুরুটা হয় দুর্দান্ত। নিজের দ্বিতীয় বলে রোহিত শার্মাকে ফেরানো মুস্তাফিজুর রহমান ওভার শেষ করেন কেবল ৩ রান দিয়ে। কিন্তু পরের দুই ওভারে করলেন খরুচে বোলিং। পরে আবার ঘুরে দাঁড়িয়ে নিজের বোলিং ফিগার বেশি বাজে হতে দিলেন না দিল্লি ক্যাপিটালসের বাঁহাতি পেসার।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে বুধবার মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে চার ওভারে ৩০ রান দেন মুস্তাফিজ। দুটি করে ছক্কা ও চার হজম করেন তিনি। বাংলাদেশের এই বোলারের ২৪ ডেলিভারির ১০টিতে রান নিতে পারেনি প্রতিপক্ষ।
টস জিতে ফিল্ডিং নেওয়া দিল্লি ম্যাচের তৃতীয় ওভারে আক্রমণে আনে মুস্তাফিজকে। তার প্রথম বলে লেগ সাইডে খেলে সিঙ্গেল নিয়ে রোহিত শার্মাকে স্ট্রাইক দেন রায়ান রিকেলটন। পরের বলটি মুস্তাফিজ করেন অফ স্টাম্পের বাইরে। অ্যাঙ্গেলে বেরিয়ে যাওয়া ডেলিভারিতে সজোরে হাঁকানোর চেষ্টা করেন রোহিত।
বল তার ব্যাটের কানা নিয়ে জমা পড়ে কিপারের গ্লাভসে। স্তব্ধ হয়ে যায় ওয়াংখেড়ের গ্যালারি। ১ চারে ৫ রান করে ফেরেন রোহিত। চমৎকার বোলিংয়ে পরের চার বলে কেবল দুই রান দেন মুস্তাফিজ।
পঞ্চম ওভারের শুরুটাও দারুণ ছিল মুস্তাফিজের। প্রথম তিন বলে কেবল এক রান দেন তিনি। কিন্তু শেষ তিন বলে তাকে একটি করে চার ও ছক্কা মারেন উইল জ্যাকস। চতুর্থ ডেলিভারিটি ছিল অফ-কাটার, ব্যাকওয়ার্ড পয়েন্টের উপর দিয়ে বাউন্ডারিতে পাঠান ইংলিশ ব্যাটসম্যান। পরেরটি পায়ের উপরে স্লোয়ার, এবার ডিপ স্কয়ার লেগ দিয়ে বল উড়ে যায় গ্যালারিতে। ওভারটি থেকে আসে ১২ রান।
চতুর্দশ ওভারে ফের বল হাতে পান মুস্তাফিজ। এবারও চমৎকার শুরু করেন তিনি। সুরিয়াকুমার ইয়াদাভ ও তিলাক ভার্মার বিপক্ষে প্রথম চার বলে দেন কেবল ২ রান। পঞ্চম ডেলিভারিটি অফ স্টাম্পের বাইরে স্লোয়ার করেন বোলার। উইকেট ছেড়ে বেরিয়ে এসে লং-অফ দিয়ে ছক্কায় ওড়ান সুরিয়াকুমার। শেষ বলে আসে সিঙ্গেল। ৯ রান দিয়ে ওভারটি শেষ করেন মুস্তাফিজ।
নিজের শেষ ওভারে ঘুরে দাঁড়ান তিনি। শেষ দিকে যখন রান বাড়াতে মরিয়া মুম্বাই, তখনই নিয়ন্ত্রিত বোলিংয়ে কেবল ৬ রান খরচ করেন এই পেসার। মুস্তাফিজের করা অষ্টাদশ ওভারের প্রথম তিন বলে আসে কেবল এক রান। চতুর্থ ডেলিভারিতে মিড-অন দিয়ে চার মারেন সুরিয়াকুমার। পরের দুই বলে থেকে আসে একটি সিঙ্গেল।
শেষ দুই ওভারে মুকেশ কুমার ও দুশমান্থ চামিরার ওপর ঝড় বইয়ে দেন সুরিয়াকুমার ও নামান ধীর। ১৯তম ওভারের প্রথম বলে মুকেশকে ছক্কায় উড়িয়ে নামানকে স্ট্রাইক দেন সুরিয়াকুমার। শেষ চার বলে দুটি করে ছক্কা-চার মারেন নামান ধীর। ওভার থেকে আসে ২৭ রান।
পরে চামিরাকে দুটি করে ছক্কা-চার হাঁকান সুরিয়াকুমার। শেষ ওভারের ২১ রানে মুম্বাইয়ের ইনিংস শেষ হয় ৫ উইকেটে ১৮০ রানে।
৪টি ছক্কা ও ৭টি চারে ৪৩ বলে ৭৩ রান করেন সুরিয়াকুমার। ৮ বলে ২৪ রানের ক্যামিও ইনিংস খেলেন নামান ধীর।
গত নভেম্বরের মেগা নিলামে অবিক্রিত মুস্তাফিজকে কিছুদিন আগে বদলি ক্রিকেটার হিসেবে ৬ কোটি রুপিতে দলে যোগ করে দিল্লি। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি খেলে ভারতে পাড়ি দেন তিনি।
গত শনিবার দেশের হয়ে খেলে পরদিনই দিল্লির জার্সিতে মাঠে নামেন মুস্তাফিজ। কিন্তু সেদিন কার্যকর ভূমিকা রাখতে পারেননি তিনি। গুজরাট টাইটান্সের বিপক্ষে ১০ উইকেটে হেরে যাওয়া ম্যাচে তিন ওভারে দেন ২৪ রান।
দিল্লির জার্সিতে এনিয়ে তৃতীয় মৌসুমে খেলছেন মুস্তাফিজ। সব মিলিয়ে পাঁচ দলের হয়ে খেলে ভারতের ফ্র্যাঞ্চাইজি এই টুর্নামেন্টে ৫৯ ম্যাচে তার উইকেট এখন ৬২টি।
