লিম্যানের দেখা সেরা বোলার বুমরাহ
এক সিরিজে বুমরাহর মতো প্রভাব বিস্তার করতে লম্বা সময় ধরে কাউকে দেখেননি অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যান।
গ্লেন ম্যাকগ্রা, ওয়াসিম আকরামের মতো গ্রেট বোলারদের খেলা সরাসরি দেখেছেন ড্যারেন লিম্যান। কিন্তু জাসপ্রিত বুমরাহর মতো কাউকে দেখেননি তিনি। অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটসম্যানের মতে, ভারতের নেতৃত্ব পেলে আরও ভালো করবেন তারকা এই পেসার।
অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি বোর্ডার-গাভাস্কার ট্রফিতে বলা যায় ভারতকে একাই টানছেন বুমরাহ। দল ২-১ ব্যবধানে পিছিয়ে থাকলেও সিরিজজুড়েই উজ্জ্বল তিনি। প্রথম চার টেস্টে ১২.৮৩ গড়ে নিয়েছেন ৩০ উইকেট। তার ধারেকাছেও নেই কেউ। সমান ম্যাচ খেলে ২০ উইকেট স্বাগতিক অধিনায়ক প্যাট কামিন্সের।
২০১৩-১৪ অ্যাশেজে ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পথে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন মিচেল জনসন। অস্ট্রেলিয়ান পেসার নেন সিরিজের সর্বোচ্চ ৩৬ উইকেট। এরপর থেকে লম্বা সময় ধরে এক সিরিজে এমন প্রভাব বিস্তারি বোলার দেখেননি লিম্যান।
অস্ট্রেলিয়া জাতীয় দলের সাবেক কোচের মতে, জনসনের পর এবার বুমরাহ তেমনই পারফরম্যান্স উপহার দিচ্ছেন। ভারতীয় পেসারের তাই উচ্ছ্বসিত প্রশংসা করেছেন তিনি। বুমরাহকে ভারতের পরবর্তী অধিনায়ক হিসেবে দেখার কথা পিটিআই’য়ের সঙ্গে আলাপকালে বলেছেন দুটি বিশ্বকাপ জয়ী এই ক্রিকেটার।
“আমার ধারণা, রোহিতের পর বুমরাহ হবে পরবর্তী অধিনায়ক। পার্থে সে দারুণ কাজ (অধিনায়কত্ব) করেছে। আমার সরাসরি দেখা সেরা বোলার সে। আমি ওয়াসিম আকরাম, গ্লেন ম্যাকগ্রা এবং আরও অনেককে দেখেছি, কিন্তু ২০১৩-১৪ অ্যাশেজ জয়ে মিচেল জনসনের পর জাসপ্রিত বুমরাহর মতো কোনো বোলারকে এক সিরিজে এমন প্রভাব ফেলতে দেখিনি।”
“(জনসনের মতো) প্রায় একইরকম পারফরম্যান্স, কারণ বুমরাহ এরই মধ্যে ৩০ উইকেট নিয়েছে। তার বোলিং দেখা ছিল অসাধারণ। ভারতকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলে সে ভালো করবে।”
রোহিত শার্মার অনুপস্থিতিতে এবারের অস্ট্রেলিয়া সফরের প্রথম টেস্টে ভারতকে নেতৃত্ব দেন বুমরাহ। পার্থে স্বাগতিকদের উড়িয়ে ২৯৫ রানের জয়ে সিরিজে এগিয়ে যায় সফরকারীরা। দুর্দান্ত বোলিংয়ে ইনিংসে পাঁচটিসহ ম্যাচে ৮ উইকেট নেন বুমরাহ।
অ্যাডিলেইডে হেরে যাওয়া দিবা-রাত্রির টেস্টে তার শিকার ৪ উইকেট। পরে ব্রিজবেনে ড্র হওয়া ম্যাচে ইনিংসে ৬টিসহ নেন মোট ৯ উইকেট। আর হেরে যাওয়া মেলবোর্ন টেস্টে তার শিকার ৯ উইকেট, দ্বিতীয় ইনিংসে নেন ৫টি।
