২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

১ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের অবিশ্বাস্য হার

শ্রীলঙ্কাকে বাগে পেয়েও হারাতে পারল না বাংলাদেশ, শেষ হয়ে গেল উইমেন’স বিশ্বকাপে তাদের সেমি-ফাইনালে খেলার আশা।

১ রানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের অবিশ্বাস্য হার
শ্রীলঙ্কাকে বাগে পেয়েও হারাতে পারল না বাংলাদেশ, শেষ হয়ে গেল উইমেন’স বিশ্বকাপে তাদের সেমি-ফাইনালে খেলার আশা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2025, 11:10 PM

Updated : 26 Aug 2026, 02:31 PM

শারমিন আক্তারের পর দলকে টানলেন নিগার সুলতানা। তার চমৎকার ইনিংসে শেষ ওভারে গড়াল ম্যাচ, যেখানে বাংলাদেশের প্রয়োজন ছিল ৯ রান। কিন্তু শেষ ৬ বলে নিগারসহ চার উইকেট হারিয়ে সেই সমীকরণ মেলাতে পারল না তারা। শ্রীলঙ্কার বিপক্ষে হেরে উইমেন’স বিশ্বকাপের সেমি-ফাইনালে খেলার আশা শেষ হয়ে গেল তাদের।  

ন্যাভি মুম্বাইয়ে বাংলাদেশ-শ্রীলঙ্কার সোমবারের ম্যাচটি ছিল দুই দলের জন্যই বাঁচা-মরার। সেখানে লঙ্কানদের বাগে পেরেও হারাতে পারল না বাংলাদেশ। শেষের ওই ব্যাটিং ব্যর্থতায় ১ রানে ৫ উইকেট হারিয়ে পেল ৭ রানে পরাজয়ের তেতো স্বাদ।

শেষ দুই ওভারে দরকার ছিল ১২ রান, হাতে তখনও ৬ উইকেট। ৪৯তম ওভারের প্রথম তিন বলে এলো দুই রান, চতুর্থ বলে বিদায় নেন রিতু মনি। পরের দুই বল থেকে আসে এক রান। এরপর, অবিশ্বাস্য ভাঙনে সব আশা শেষ হয়ে যায় বাংলাদেশের। শেষ ওভারের প্রথম চার বলে চার উইকেট হারায় তারা। এর মাঝে একটি রান আউট। 

চামারি আতাপাত্তুর শেষের দুর্দান্ত বোলিংয়ে ৯ রানের লক্ষ্যে কেবল ১ রান করতে পারে বাংলাদেশ। ২০৩ রানের লক্ষ্যে ১৯৫ রানে থেমে যায় তারা। এই জয়ে শেষ চারে খেলার আশা বাঁচিয়ে রাখল শ্রীলঙ্কা।

লক্ষ্য তাড়ায় দলকে শক্ত ভিত গড়ে দেন শারমিন। তবে ১ ছক্কা ও ৪টি চারে ৬৪ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। পরে শেষ ওভারে ফের ব্যাটিংয়ে নামলেও তার করার ছিল না কিছুই।

দলকে এতদূর টেনে নিয়েও শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দিতে পারেননি নিগার। শেষ ওভারে ছক্কার চেষ্টায় আউট হন ৬ চারে ৯৮ বলে ৭৭ রান করে। এই দুইজন ছাড়া দলের কেউ ২০ রানও করতে পারেননি।

লঙ্কানদের জয়ে নায়ক হাসিনি পেরেরা ১ ছক্কা ও ১৩ চারে ৯৯ বলে করেন ৮৫ রান। আতাপাত্তু ৪৬ রান করতে মারেন দুটি ছক্কা ও ৬টি চার। ইনিংসটির পথে শ্রীলঙ্কার প্রথম ও এশিয়ার চতুর্থ ব্যাটার হিসেবে মেয়েদের ওয়ানডেতে চার হাজার রানের মাইফলক স্পর্শ করেন তিনি। পরে বল হাতে ৪২ বলে ৪ শিকারও ধরেন লঙ্কান অধিনায়ক।

লঙ্কানদের অল্পতে আটকে রাখার স্বস্তি বাংলাদেশের উবে যায় রান তাড়ায় নেমে। দ্বিতীয় ওভারে কট বিহাইন্ড হয়ে যান রুবাইয়া হায়দার। ৩৫ বল খেলে কেবল ৭ রান করে রান আউটে কাটা পড়েন আরেক ওপেনার ফারজানা হক। সোবহানা মোস্তারিও টিকতে পারেননি। তিন ব্যাটারের কেউ যেতে পারেননি দুই অঙ্কে।

৪৪ রানে ৩ উইকেট হারানো দলের হাল ধরেন শারমিন ও নিগার। দুজনের দায়িত্বশীল ব্যাটিংয়ে এগোতে থাকে বাংলাদেশ। তাদের ৮২ রানের জুটিতে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দল।

৮১ বলে ফিফটি করা শারমিন ৩৬তম ওভারে পায়ে টান লাগায় মাঠ ছেড়ে যান। এরপর দলকে টানেন নিগার। ৭২ বলে ফিফটি স্পর্শ করেন তিনি, বিশ্বকাপে যা তার প্রথম পঞ্চাশ।

নিগারকে কিছুক্ষণ সঙ্গ দেওয়া স্বর্ণা আক্তার কট বিহাইন্ড হয়ে ফিরে যান। শেষ ওভারে যখন ম্যাচ, ক্রিজে ছিলেন নিগারও। তার দিকে তাকিয়ে ছিল পুরো দল ও সমর্থকরা। কিন্তু ওভারের তৃতীয় বলে লং-অফে ধরা সবাইকে হতাশ করেন এই কিপার-ব্যাটার।

এদিন ফিল্ডিংও বেশ বাজে হয় বাংলাদেশের। একাধিক ক্যাচ ছাড়ে তারা, হাতছাড়া করে রান আউট ও স্টাম্পিংয়ের সুযোগ।

টস জিতে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা শিবিরে প্রথম বলেই ছোবল দেন পেসার মারুফা আক্তার। তার ইনসুইঙ্গারে এলবিডব্লিউ হন ভিশ্মি গুনারাত্নে। রিভিউ নিয়ে প্রতিপক্ষের ওপেনারকে ফেরায় বাংলাদেশ।

হাসিনি পেরেরা ও চামারি আতাপাত্তুর জুটিতে শুরুর ধাক্কা কাটিয়ে ওঠে লঙ্কানরা। আগ্রাসী ব্যাটিংয়ে রান বাড়াতে থাকেন আতাপাত্তু।

অন্য প্রান্তে কিছুটা ধীরলয়ে খেলতে থাকা হাসিনিকে ২২ রানে ফেরানোর সুযোগ পায় বাংলাদেশ। কিন্তু নিশিতা আক্তার নিশির বলে তার কঠিন ক্যাচ নিতে পারেননি নিগার।

পরের ওভারে আতাপাত্তুর ফিরতি ক্যাচ নিতে ব্যর্থ হন রাবেয়া। যদিও পরের বলেই লঙ্কান অধিনায়ককে এলবিডব্লিউ করে ৭২ রানের জুটি ভাঙেন এই লেগ স্পিনার। দ্রুত আরও দুই উইকেট নিয়ে লঙ্কানদের চেপে ধরে বাংলাদেশ।

৭১ রানে ১ উইকেট থেকে শ্রীলঙ্কার রান হয়ে যায় ৪ উইকেটে ১০০। সেখান থেকে দলকে টানেন হাসিনি ও নিলাকশিকা সিলভা। ২ ছক্কা ও ১ চারে ৩৭ রান করা নিলাকশিকাকে ফিরিয়ে ৭৪ রানের জুটি ভাঙেন স্বর্ণা আক্তার। পরের ওভারে আনুশকার ফিরতি ক্যাচ ধরেন এই লেগ স্পিনার।

সুগান্ধিকাকে টিকতে দেননি নিশিতা আক্তার নিশি, রিভিউ নিয়ে এই ব্যাটারকে ফেরায় বাংলাদেশ। একপ্রান্ত ধরে রেখে ৬৫ বলে ফিফটি করা হাসিনিকে সেঞ্চুরি থেকে ১৫ রান দূর থাকতে এলবিডব্লিউ করে দেন স্বর্ণা। এরপর কোনোমতে দুইশ পার করে শ্রীলঙ্কা।

শেষের রোমাঞ্চে ওই সংগ্রহই অবশ্য যথেষ্ট হলো দলটির।

এবারের বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে আগামী রোববার ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৪৮.৪ ওভারে ২০২ (ভিশ্মি ০, আতাপাত্তু ৪৬, হাসিনি ৮৫, হারশিথা ৪, কাভিশা ৪, নিলাকশিকা ৩৭, আনুশকা ২, সুগান্ধিকা ১, উদেশিকা ৮, মাল্কি ৯, ইনোকা ২*; মারুফা ৫.৪-০-৩৬-১, নিশিতা ১০-০-৩৫-১, নাহিদা ৭-১-৩০-১, রাবেয়া ৯-১-৩৯-২, রিতু ৬-০-৩৩-০, স্বর্ণা ১০-৪-২৭-৩, সোবহানা ১-০-১-০)

বাংলাদেশ: ৫০ ওভারে ১৯৫/৯ (ফারজানা ৭, রুবাইয়া ০, শারমিন ৬৪, সোবহানা ৮, নিগার ৭৭, স্বর্ণা ১৯, রিতু ৭, রাবেয়া ১, নাহিদা ০, মারুফা ০, নিশিতা ১; মাল্কি ৭-০-১৯-০, উদেশিকা ৭-১-২৯-১, সুগান্ধিকা ৯-০-৩৮-২, ইনোকা ১০-০-৪২-০, আতাপাত্তু ১০-০-৪২-৪, কাভিশা ৭-০-২৫-০)

ফল: শ্রীলঙ্কা ৭ রানে জয়ী

প্লেয়ার অব দা ম্যাচ: হাসিনি পেরেরা