২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অধিনায়কত্বকে চাপ নয়, বাড়তি সুযোগ মনে করেন লিটন

টি-টোয়েন্টিতে নতুন দায়িত্ব পেয়ে ফর্মহীনতা কাটিয়ে ব্যাটিংয়ে জ্বলে উঠতে চান লিটন কুমার দাস।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2025, 07:41 PM

Updated : 10 Sep 2026, 12:41 PM

সবশেষ সিরিজে মাত্র ৭০ স্ট্রাইক রেটে ১৭ রান। সবশেষ ২৪ ইনিংসে ফিফটি স্রেফ ১টি। টি-টোয়েন্টিতে এমন বিবর্ণ পারফরম্যান্সে দলে জায়গা পাওয়াই কঠিন হওয়ার কথা লিটন কুমার দাসের। উল্টো তিনিই পেয়েছেন বড় দায়িত্ব। আগামী বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশের অধিনায়ক! নতুন এই পরিচয়ের ভারে অবশ্য কাতর হতে চান না তিনি, বরং দায়িত্বের ছোঁয়ায় নিজের ব্যাটিংকে করে তুলতে চান আরও শাণিত। 

গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ টি-টোয়েন্টি খেলেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর চোটে ওই সিরিজে অধিনায়কত্ব করেন লিটন। তার নেতৃত্বে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। তবে ব্যাট হাতে একদমই ভালো করতে পারেননি ভারপ্রাপ্ত অধিনায়ক। তিন ম্যাচে তিনি করেন শূন্য, ৩ ও ১৪ রান।

ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে লিটনের ফর্মহীনতা আরও অনেক আগে থেকে। ২০২৩ সালের মার্চে আয়ারল্যান্ড সিরিজের পর থেকে ছন্দে নেই তিনি। পরের সময়ে ২৪ ইনিংসে ফিফটি করেছেন একটি। চল্লিশ ছুঁতে পেরেছেন আর মাত্র দুই ইনিংসে। 

ব্যাটিংয়ে এমন পারফরম্যান্সের কারণে ক্যারিবিয়ান সফরের পর দলে তার জায়গা নিয়েই প্রশ্ন উঠে যায়। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদও পড়েন অভিজ্ঞ ব্যাটসম্যান। তবে টি-টোয়েন্টিতে পেয়ে গেছেন নতুন দায়িত্ব।

আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত এই সংস্করণে বাংলাদেশের নেতৃত্বে থাকবেন লিটন। এই দায়িত্বে আলাদা কোনো চাপ দেখেন না লিটন।

মিরপুরে সোমবার নতুন পরিচয়ে প্রথম সংবাদ সম্মেলনে লিটন বলেন, ইতিবাচক থেকে নতুন দায়িত্বকে সুযোগ হিসেবে নিতে চান তিনি। 

“চাপের কিছু নেই। অধিনায়ক যখন ছিলাম না, তখনও খারাপ করেছি। এখনও এমন না যে, অধিনায়ক হলে আবার খারাপ করব। এটা বাড়তি সুবিধা হতেও পারে। যেহেতু একটা নতুন সুযোগ এসেছে... সবাই বিশ্বাস করি, যে ইতিবাচকভাবে চিন্তা করে তার এক-দুই দিন পর হলেও ফল আসে। আমি ওই জায়গায় আছি। চেষ্টা করব ইতিবাচকভাবে চিন্তা করার যেন ফলটা আমার দিকে নিয়ে আসতে পারি।”

নেতৃত্ব অনেক সময় যে কোনো ক্রিকেটারের সেরাটা বের করে আনতে পারে। অনেক সময় দায়িত্বের ভারে নিজের স্বাভাবিক ফর্মও হারিয়ে ফেলেন অনেকে। ব্যাটিং ফর্মহীনতায় আগে থেকেই চাপে লিটন।

তাই নতুন পরিচয়ে ভালো-মন্দ দুটিই গ্রহণ করার মানসিকতা নিয়ে সামনে তাকিয়ে ৩০ বছর বয়সী ব্যাটসম্যান।

“অধিনায়কত্ব ছাড়াও তো খারাপ খেলেছি। এখন অধিনায়ক হয়ে আসছি, বিপরীত জিনিসও হতে পারে যে, এখন থেকে ভালো খেলতেও পারি। যেটা বললাম ইতিবাচক-নেতিবাচক দুইটা জিনিসই থাকবে কিন্তু (অধিনায়কত্বে) ওইভাবে আমার রোল মডেল নেই যে যাকে আমি ফলো করব।”

ক্যারিবিয়ান সফর শেষে দেশে ফেরার পর বিপিএলের শুরুতেও রান পাননি লিটন। যে কারণে ঢাকা ক্যাপিটালসের একাদশ থেকেও বাদ পড়েন তিনি। তবে ফেরার পর দারুণ ব্যাটিং করেন তিনি। চার ম্যাচে দুটি সত্তরছোঁয়া ইনিংসের পাশাপাশি খেলেন ১২৫ রানের বিধ্বংসী ইনিংস।

পরে ঢাকা প্রিমিয়ার লিগে ছয় ইনিংসে দুটি ফিফটি করেন তিনি। এবার আমিরাত সফর দিয়ে আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার অপেক্ষায় বাংলাদেশের নতুন অধিনায়ক। তার বিশ্বাস, ফর্মে ফেরার চেষ্টায় সফল হয়ে দলকে সাহায্য করতে পারবেন তিনি। 

“সবশেষ মনে হয় ডিসেম্বরে আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছি। হ্যাঁ, আমি একটা খারাপ সময় পার করছিলাম। আমার ব্যাটে রান হচ্ছিল না। এরপর বিপিএল, ডিপিএলে আমি চেষ্টা করেছি। ক্রিকেটার হিসেবে আমি এটুকুই বলতে পারি, যেকোনো ক্রিকেটার সর্বোচ্চ তার চেষ্টাই করতে পারে।” 

“কিছু কিছু সময় থাকে এমন যে অনেক চেষ্টা করেও হয়তো ফল পায় না। অন্য দিকে এমনও হয়, কোনো ক্রিকেটার এক-দুইটা সিরিজ খারাপ খেলে, আবার কামব্যাক করে। আমিও ওই চেষ্টাই করব। আমার যে খেলার ধরন, আমি যে ধরনের ক্রিকেটার, সেটা যেন বাংলাদেশকে দিতে পারি। আমি পারফর্ম করল বাংলাদেশ টিমেও সাহায্য হবে।”

সামনের দুই সিরিজের জন্য ঘোষিত স্কোয়াডে লিটন ছাড়া ওপেনার আছেন আরও তিন জন- সৌম্য সরকার, পারভেজ হোসেন ও তানজিদ হাসান। দল ঘোষণার সময়ই প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন বলেছেন, লিটনকে তিন নম্বরের জন্য বিবেচনা করছেন তারা।

লিটন নিজেও বললেন, দলের প্রয়োজনে যে কোনো পজিশনেই ব্যাটিং করতে প্রস্তুত তিনি।  

“এই মুহূর্তে আমি কী চাই, আমার কী পছন্দ- অন্তত টি-টোয়েন্টিতে এই জিনিসটা দেখতে চাই না। আমি চাই, দল যাকে যেখানে বলবে, সে যেন সেখানে খেলতে প্রস্তুত থাকে।” 

“অবশ্যই এমন কোনো দিন আসবে না যে, আমি সাত নম্বরে গিয়ে ব্যাটিং করছি। তাহলে দল আমার থেকে কিছু পাবে না। আমার কাছ থেকে যেটা পাবে, সেই জিনিসটাই আমাকে দেবে বাংলাদেশ দল। আমিও সেই জিনিসটাই দেওয়ার চেষ্টা করব।”