ইংল্যান্ডে ফিরছেন গাম্ভির
মায়ের অসুস্থতায় ইংল্যান্ড থেকে দেশে ফেরা ভারতের প্রধান কোচ প্রথম টেস্টের তিন দিন আগে আবার দলের সঙ্গে যোগ দিচ্ছেন।
মায়ের অসুস্থতায় দেশে ফেরা ভারতের প্রধান কোচ গৌতাম গাম্ভির আবার ফিরে যাচ্ছেন ইংল্যান্ডে। প্রথম টেস্টের তিন দিন আগে মঙ্গলবার লিডসে দলের সঙ্গে যোগ দেবেন সাবেক ভারতীয় ওপেনার।
কয়েকদিন আগে হৃদরোগে আক্রান্ত হয়ে দিল্লির গাঙ্গারাম হাসপাতালে ভর্তি হন গাম্ভিরের মা। চিকিৎসাধীন মাকে দেখতে গত বুধবার দেশে ফেরেন গাম্ভির। ফলে বেকেনহ্যামে ভারতের মূল দল ও ‘এ’ দলের তিন দিনের প্রস্তুতি ম্যাচে থাকতে পারেননি তিনি।
ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর, আগের থেকে তার মায়ের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।
গাম্ভিরের অনুপস্থিতিতে সহকারী কোচ রায়ান টেন ডেসকাট, ব্যাটিং কোচ সিতানশু কোটাক ও বোলিং কোচ মর্নে মর্কেল দলের প্রস্তুতি দেখভাল করেন।
ইংল্যান্ডে ফিরে দ্রুতই টিম ম্যানেজমেন্টের বাকিদের সঙ্গে নিয়ে প্রথম টেস্টের একাদশ ঠিক করতে হবে গাম্ভিরকে। টেস্ট থেকে রোহিত শার্মা ও ভিরাট কোহলির অবসরের পর শুবমান গিলের নেতৃত্বে সাদা পোশাকে ভারতের প্রথম সিরিজ এটি।
রোহিত ও কোহলির শূন্যতা পূরণের লড়াইয়ে আছেন টেস্ট অভিষেকের অপেক্ষায় থাকা সাই সুদার্শান ও দীর্ঘ সময় পর দলে ফেরা কারুন নায়ারের মতো ব্যাটসম্যানরা। সম্প্রতি ভারত ‘এ’ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিপক্ষে আনঅফিসিয়াল টেস্টে ডাবল সেঞ্চুরি করে টেস্ট একাদশে জায়গা পাওয়ার দাবি জোরাল করেছেন কারুন। সেখানে ধ্রুব জুরেল ও আভিমান্যু ইশ্বরনের মতো ব্যাটসম্যানরাও রান পেয়েছেন।
আগেই জানা গেছে, ‘ওয়ার্কলোড’ সামলাতে ভারতের বোলিং আক্রমণের মূল অস্ত্র জাসপ্রিত বুমরাহ এই সিরিজে পাঁচ টেস্টের মধ্যে তিনটিতে খেলবেন। যদিও কোন তিনটি হবে, তা এখনও জানা যায়নি।
হেডিংলিতে আগামী শুক্রবার শুরু হবে প্রথম টেস্ট।
