২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত সিরিজে মিডল অর্ডারে ফিরছেন স্মিথ

টেস্টে ওপেনার হিসেবে স্টিভেন স্মিথের সংক্ষিপ্ত পথচলা শেষ হয়ে গেল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2024, 09:05 PM

Updated : 26 Aug 2026, 10:39 AM

নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ওপেনিংয়ে ব্যর্থতার পর থেকেই স্টিভেন স্মিথের ব্যাটিং অর্ডার নিয়ে চলছিল আলোচনা। নতুন মৌসুম শুরুর আগে অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি নিশ্চিত করে দিলেন, ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আবারও মিডল অর্ডারে ফিরবেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। ক্যামেরন গ্রিন চোটে পড়ার আগে স্মিথ নিজেই মিডল অর্ডারে ফেরার অনুরোধ করেছিলেন বলে জানালেন তিনি।

গত অস্ট্রেলিয়ান গ্রীষ্মে ডেভিড ওয়ার্নার টেস্ট থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ওপেনার হিসেবে নিজের নাম তুলে ধরেন স্মিথ। আগে বেশিরভাগ সময় তিনি ব্যাটিং করতেন চার নম্বরে। ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত ওপেনারদের রেখে স্মিথকে বেছে নেওয়ায় অস্ট্রেলিয়ান ক্রিকেটে তখন আলোচনা-সমালোচনা হয় প্রবল। 

নতুন ভূমিকায় গত জানুয়ারিতে প্রথম তিন ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্মিথ করেন ১২, অপরাজিত ১১ ও ৬। ক্যারিবিয়ানদের বিপক্ষে পরের ইনিংসে অপরাজিত ৯১ রানের ইনিংস খেলে কিছুটা আশা জাগিয়ে তুললেও, ফেব্রুয়ারি-মার্চে নিউ জিল্যান্ড সফরে চার ইনিংসে তিনি করেন ৩১, শূন্য, ১১ ও ৯।

সব মিলিয়ে ওপেনিংয়ে আট ইনিংসে তিনি মাত্র ১৭১ রান করতে পারেন ২৮.৫০ গড়ে। 

স্মিথকে ওপেনিংয়ে তুলে আনার পর গ্রিনকে খেলানো হয় চার নম্বরে। গত মাসে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডেতে পিঠে চোট পাওয়া এই অলরাউন্ডার অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিয়েছেন। মেরুদণ্ডের নিচের অংশের এই অস্ত্রোপচারের কারণে অন্তত ৬ মাস মাঠের বাইরে থাকতে হবে তাকে।

পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ও ভারত ‘এ’ দলের বিপক্ষে অস্ট্রেলিয়া ‘এ’ দল ঘোষণার পর সোমবার বেইলি সংবাদমাধ্যমকে বলেন, অধিনায়ক প্যাট কামিন্স ও কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের সঙ্গে আলোচনার পর মিডল অর্ডারে ফেরার অনুরোধ করেন স্মিথ।

“কামেরন গ্রিন চোটে পড়ার ঘটনার আগেই প্যাট, অ্যান্ড্রু ও স্টিভেন স্মিথ আলাদাভাবে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন। ওপেনিং পজিশন থেকে সরে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল স্টিভ। প্যাট ও অ্যান্ড্রু নিশ্চিত করেছেন যে, গ্রীষ্মে সে মিডল অর্ডারে ফিরে যাবে। তাই এখন আমাদের ওপেনিং ও চার নম্বর পজিশন পূরণ করতে হবে।”

আগামী ২২ নভেম্বর শুরু বোর্ডার-গাভাস্কার ট্রফির পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের আগে এখন উসমান খাওয়াজার নতুন ওপেনিং সঙ্গী খুঁজতে হবে অস্ট্রেলিয়াকে। ভারত ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের ম্যাচের জন্য ১৭ সদস্যের অস্ট্রেলিয়া ‘এ’ দলে ডাক পেয়েছেন বিভিন্ন সময়ে টেস্ট ক্রিকেটে খেলা দুই ওপেনার ক্যামেরন ব্যানক্রফট, মার্কাস হ্যারিস ও নিউ সাউথ ওয়েলসের নতুন সেনসেশন স্যাম কনস্টাস। এই সিরিজ শুরু হবে ৩১ অক্টোবর।

কদিন আগে অস্ট্রেলিয়ার ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতা শেফিল্ড শিল্ডের ম্যাচে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ইনিংসেই সেঞ্চুরি করে আলোড়ন ফেলে দেন ১৯ বছর বয়সী কনস্টাস। ১৯৯৩ সালে রিকি পন্টিংয়ের পর সবচেয়ে কম বয়সে শেফিল্ড শিল্ডের ম্যাচে জোড়া সেঞ্চুরির কীর্তি গড়েন তিনি।

এখন পর্যন্ত কেবল ৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা কনস্টাস পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে তিনিও ওপেনিংয়ের লড়াইয়ে থাকতে পারেন, বললেন বেইলি। তবে এই তরুণকে প্রত্যাশার চাপে ফেলতে চান না অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক। 

“অন্যদের মতোই সে লড়াইয়ে আছে। আমি অবশ্যই তাকে আলাদা করতে চাই না। আমি মনে করি, কয়েক বছর ধরে ক্যাম ব্যানক্রফটের ধারাবাহিকতা, মার্কাস হ্যারিসের ধারাবাহিকতা… তারা দুজন টেস্ট ক্রিকেটে খেলেছেও। তাই আমি মনে করি না এই পর্যায়ে স্যামের ওপর অযাচিত প্রত্যাশার চাপ দেওয়ার কোনো প্রয়োজন আছে।”

এবারের শেফিল্ড শিল্ডের প্রথম রাউন্ডে সেঞ্চুরি করেন হ্যারিসও। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ২৯তম সেঞ্চুরি এটি। ব্যানক্রফট অবশ্য শূন্য রানে ফেরেন দুই ইনিংসেই।

ওয়ার্নারের অবসরের পর অস্ট্রেলিয়ার সবশেষ দুটি টেস্ট সিরিজে রিজার্ভ ব্যাটার হিসেবে দলে থাকা আরেক ওপেনার ম্যাট রেনশ শেফিল্ডে প্রথম রাউন্ডে করেন ৬ ও ১৫ রান। ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া ‘এ’ দলে রাখা হয়নি তাকে।