রাঞ্জি ট্রফিতে জাম্মু ও কাশ্মীরের ইতিহাস
ভারতের প্রথম শ্রেণির টুর্নামেন্টে নিজেদের প্রথম শিরোপা জিতল জাম্মু ও কাশ্মীর।
বহুল কাঙ্ক্ষিত মুহূর্তটি আসছে, জানত সবাই। অপেক্ষা ছিল কেবল আনুষ্ঠানিকতার। চা বিরতির ঠিক আগে ড্র মেনে নিয়ে দুই দলের অধিনায়ক করমর্দন করতেই ইতিহাসে নাম উঠে গেল জাম্মু ও কাশ্মীরের। কয়েক সেকেন্ডের মধ্যে দলের সবাই জড়ো হলেন মাঠের মাঝে, কেউ কেউ ঝাঁপিয়ে পড়লেন সেঞ্চুরিয়ান সাহিল লোত্রার ওপর। পরে গোল হয়ে লাফাতে থাকলেন সবাই, বেশ কিছুক্ষণ চলল সেই উদযাপন।
প্রথমবারের মতো রাঞ্জি ট্রফির শিরোপা জয়ের কীর্তি গড়েছে জাম্মু ও কাশ্মীর। দলটির ক্রিকেটার এমন আনন্দ, উচ্ছ্বাস তো স্বাভাবিকই।
হাব্বালিতে শনিবার কার্নাটাকাকে পেছনে ফেলে ৬৭ বছরের অপেক্ষার অবসান করেছে জাম্মু ও কাশ্মীর। প্রথমবারের মতো ভারতের প্রথম শ্রেণির এই প্রতিযোগিতাটির ফাইনালে উঠেই বাজিমাত করেছে তারা, ঘরে তুলেছে ট্রফি।
আসর জুড়েই দুর্দান্ত ধারাবাহিকতা দেখায় জাম্মু ও কাশ্মীর। ফাইনালে এসে তারা ছিল প্রায় প্রতিরোধ্য। প্রথম ইনিংসে ৫৮৪ রান করা দলটি কার্নাটাকে ২৯৩ রানে গুটিয়ে ২৯১ রানের বড় লিড পায় দলটি।
ফলো-অন করানোর সুযোগ থাকলেও সেটা না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামে জাম্মু ও কাশ্মীর। ৪ উইকেটে ৩৪২ রান করার পর দুই দল ড্র মেনে নিলে ইতিহাসের পাতায় নাম লেখা হয়ে যায় তাদের।
রাঞ্জি ট্রফির নিয়ম অনুযায়ী, ফাইনাল কিংবা নকআউট পর্বের ম্যাচ ড্র হলে প্রথম ইনিংসে এগিয়ে থাকা দলকেই বিজয়ী ঘোষণা করা হয়। সেই হিসেবেই শিরোপা উল্লাসে মাতে জাম্মু ও কাশ্মীর।
৪ উইকেটে ১৮৬ রান নিয়ে চতুর্থ দিন শেষ করে জাম্মু ও কাশ্মীর। পঞ্চম দিনে কামরান ইকবাল ও সাহিলের দৃঢ়তায় আর কোনো উইকেটই হারায়নি তারা।
৯৪ রানে আগের দিন শেষ করা কামরান ম্যাচ শেষে অপরাজিত থাকেন ১৬০ রান করে। এই ওপেনারের ৩১১ বলের ইনিংস সাজানো ৩ ছক্কা ও ১৬ চারে। প্রথম ইনিংসে ৮৮ রান করেছিলেন তিনি।
আর প্রথম ইনিংসে ৭২ রান করা সাহিল শেষ দিনে অপরাজিত থাকেন ১০১ রান করে। ২২৬ বলের ইনিংসে তিনটি ছক্কা ও আটটি চার মারেন তিনি।
তবে ফাইনালের সেরা ক্রিকেটার হন শুভাম পুন্ডির। প্রথম ইনিংসে দুটি ছক্কা ও ১২ চারে ১২১ রান করেন জাম্মু ও কাশ্মীরের টপ অর্ডার এই ব্যাটসম্যান।
আসর জুড়ে দুর্দান্ত বোলিংয়ে আলোচনায় উঠে আসা আকিব নাবি জিতে নেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। ফাইনালে একমাত্র ইনিংসেও পাঁচ উইকেট নেন জাম্মু ও কাশ্মীরের এই পেসার।
এবারের রাঞ্জি ট্রফিতে মোট সাতবার ইনিংসে পাঁচ উইকেট নেন নাবি। কোয়ার্টার-ফাইনাল থেকে ফাইনাল পর্যন্ত পাঁচ ইনিংসের মধ্যে চারটিতেই পান এই স্বাদ। অন্য ইনিংসটিতে পাঁচ উইকেট পাননি একটির জন্য।
১০ ম্যাচের ১৭ ইনিংসে ১২.৫৬ গড়ে ৬০ উইকেট নিয়ে, মায়াঙ্ক মিশরাকেকে (৫৯) পেছনে ফেলে আসরের সর্বোচ্চ উইকেট শিকারিও তিনিই।
রাঞ্জি ট্রফির ৯২ বছরের ইতিহাসে তৃতীয় পেসার ও পেস-স্পিন মিলিয়ে সপ্তম বোলার হিসেবে এক আসরে ৬০ উইকেটের মাইলফলক স্পর্শ করেন নাবি। এই কীর্তি গড়া জাম্মু ও কাশ্মীরের প্রথম বোলার তিনি।
