ওয়ানডে বিশ্বকাপ-হতাশা টি-টোয়েন্টিতে ভোলার আশায় বাংলাদেশ
ওয়ানডে সিরিজে হেরে গিয়ে সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি বাংলাদেশ, এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের লড়াই।
ওয়ানডে সিরিজ শেষ, কিন্তু রয়ে গেছে হতাশার রেশ। দ্বিতীয় ওয়ানডেতে বড় জয়ে জেগেছিল আশা। কিন্তু শেষ ম্যাচে হতশ্রী ব্যাটিংয়ে সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ। সেই হতাশাকে সঙ্গী করেই এবার টি-টোয়েন্টি সিরিজের লড়াই। ২০ ওভারের ক্রিকেটে ভালো খেলেই ৫০ ওভারের বেদনা ভুলতে চান নিগার সুলতানা।
ক্যারিবিয়ান সফরে বাংলাদেশের মূল লক্ষ্যই ছিল ওয়ানডে বিশ্বকাপের টিকেট পাওয়া। ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে সরাসরি জায়গা করে নিতে ওয়ানডে সিরিজে জিততো হতো দুটি ম্যাচ। দ্বিতীয় ওয়ানডে জিতে উইমেন'স চ্যাম্পিয়নশিপের নিউ জিল্যান্ডের সমান হয় নিগারদের পয়েন্ট।
কিন্তু শেষ ম্যাচে লড়াই করতেও পারেনি বাংলাদেশ। বাজে ব্যাটিংয়ের মাশুল দিয়ে ৮ উইকেটে হেরেছে তারা। সমান ২১ পয়েন্ট নিয়েও সরাসরি বিশ্বকাপে পৌঁছে গেছে নিউ জিল্যান্ড, নিগারদের খেলতে হবে বাছাইয়ে।
আশাভঙ্গের যন্ত্রণায় মানসিকভাবে বিপর্যস্ত পুরো দল। সামনে এবার টি-টোয়েন্টি সিরিজ। সেন্ট কিটসের ওয়ার্নার পার্কে বাংলাদেশ সময় মঙ্গলবার ৪টায় শুরু হবে সিরিজের প্রথম ম্যাচ।
সিরিজ শুরুর আগে বিসিবির ভিডিওবার্তায় নিগার বললেন, ওয়ানডের গ্লানি ভুলতে টি-টোয়েন্টিতে ভালো করার চেষ্টায় থাকবে দল।
“ওয়ানডে সিরিজ নিয়ে হতাশা তো আছে। দল হিসেবে আমরা ভালো খেলতে পারিনি। সুযোগ হাতছাড়া হয়ে গেছে। সেখান থেকে বেরিয়ে আসা কঠিন। প্রত্যেকের ইচ্ছা ছিল... দ্বিতীয় ম্যাচ জেতার পর একটা আশা ছিল যেন সিরিজ জিততে পারি এবং বিশ্বকাপের টিকেট নিশ্চিত করতে পারি।”
“দুর্ভাগ্যবশত সেটা করতে পারিনি। তাই পুরো দলই হতাশ। এখন আমাদের সামনে যেহেতু টি-টোয়েন্টি সিরিজ, আমাদের এখান থেকে যতটা দ্রুত সম্ভব বেরিয়ে আসতে হবে। যদি টি-টোয়েন্টি সিরিজে ভালো করতে পারি, সেটা দল হিসেবে আমাদের অনেক বেশি উজ্জীবিত করবে।”
ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও এবারই প্রথম দ্বিপাক্ষিক সিরিজের মুখোমুখি হবে দুই দল। এর আগে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভিন্ন চার আসরে একটি করে ম্যাচ খেলেছে বাংলদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। প্রতিবারই পরাজিত দলের নাম বাংলাদেশ।
গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে ক্যারিবিয়ানদের কাছে পাত্তা পায়নি নিগারের দল। লড়াইটা তাই সহজ হওয়ার কথা নয় বাংলাদেশের জন্য। তবে ওয়ানডে সিরিজ হেরে এখন টি-টোয়েন্টিকেই ঘুরে দাঁড়ানোর সুযোগ হিসেবে নিতে চান বাংলাদেশ অধিনায়ক।
“ওয়ানডে সিরিজের পর আমার যেটা মনে হয়, দল হিসেবে এখানে গোছানো ক্রিকেট খেলাটা মূল। দল যে মানসিকভাবে একটু ডাউন আছে, সেখান থেকে বেরিয়ে আসতে একটা ভালো ফল পেতে হবে। আমাদের দলের যে মানসিক অবস্থা, সেটার উন্নতি করার একটা সুযোগ এখন। যেটা টি-টোয়েন্টি সিরিজে ভালো ক্রিকেট খেলার মাধ্যমেই হবে।”
ওয়ানডে সিরিজের কোনো ম্যাচেই ব্যাটিংয়ে তেমন ভালো করতে পারেনি বাংলাদেশ। এক ম্যাচেও দুইশ ছুঁতে পারেনি তারা। দ্বিতীয়টিতে ১৮৪ রানে পুঁজি নিয়েও বোলারদের নৈপুণ্যে পায় ৬০ রানের জয়।
টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে ব্যাটারদের অন্তত ১৪০ রানের তাগিদ দিলেন নিগার।
“ব্যাটিং বরাবরই আমাদের ভোগাচ্ছে এবং দলের মধ্যে দৃশ্যমান সমস্যা তৈরি করছে। ক্রিকেটাররা যথেষ্ট পরিমাণ অনুশীলন করছে, সুযোগ পাচ্ছি আমরা সবাই। তবে দুর্ভাগ্যবশত সেটা ম্যাচে পারফরম্যান্সে রূপান্তরিত হচ্ছে না। এটা একটা টেনশনের বিষয়।”
“টি-টোয়েন্টিতে স্ট্রাইক রেট অনেক গুরুত্বপূর্ণ। যদি অন্তত ১০০ স্ট্রাইক রেটে না খেলতে পারি... ওয়েস্ট ইন্ডিজের মতো দলের বিপক্ষে যদি ১৪০ রান না করেন, তাহলে জেতার সম্ভাবনা অনেক কমে যায়, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেটও খেলা যায় না। তাই এদিক থেকেও স্ট্রাইক রেট অনেক বেশি গুরুত্বপূর্ণ।”
