১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

জিম্বাবুয়ের রেকর্ড গড়া ৪০৮, উইলিয়ামসের ঝড়ো ১৭৪

ওয়ানডেতে প্রথমবারের মতো চারশ রান স্পর্শ করল জিম্বাবুয়ে।

জিম্বাবুয়ের রেকর্ড গড়া ৪০৮, উইলিয়ামসের ঝড়ো ১৭৪

ওয়ানডেতে জিম্বাবুয়ের অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ইনিংস এখন শন উইলিয়ামসের।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jun 2023, 06:34 PM

Updated : 26 Jun 2023, 07:22 PM

বিশ্বকাপ বাছাইয়ে শন উইলিয়ামসের ব্যাটে রানের জোয়ার চলছেই। তিনি উপহার দিলেন আরেকটি ঝড়ো সেঞ্চুরি। জিম্বাবুয়ে ক্রিকেট উঠে গেল নতুন উচ্চতায়। ওয়ানডেতে প্রথমবারের মতো তারা পা রাখল চারশ রানের ঠিকানায়!

২০২৩ ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে হারারেতে সোমবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৫০ ওভারে ৬ উইকেটে ৪০৮ রান করেছে জিম্বাবুয়ে।

এই সংস্করণে এর আগে সাড়ে তিনশই তারা ছুঁতে পেরেছিল কেবল একবার। ২০০৯ সালে কেনিয়ার বিপক্ষে সেই ৩৫১ রান ছিল এতদিন তাদের সর্বোচ্চ।

টস হেরে ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ের ইনিংসের শুরুটা অবশ্য ছিল ধীরগতির। চতুর্দশ ওভারে দলীয় স্কোর ৫৬ রানে প্রথম উইকেট হারায় তারা, আউট হন ইনোসেন্ট কাইয়া।

তিন নম্বরে নেমে ১০১ বলে ২১ চার ও ৫ ছক্কায় ১৭৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন উইলিয়ামস। ওয়ানডেতে জিম্বাবুয়ের হয়ে এটি তৃতীয় সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস, অধিনায়ক হিসেবে সর্বোচ্চ।

২০০৯ সালে বুলাওয়ায়োতে বাংলাদেশের বিপক্ষে চার্লস কভেন্ট্রির অপরাজিত ১৯৪ রান জিম্বাবুয়ের সর্বোচ্চ। এর দুই মাস পর কেনিয়ার বিপক্ষে অপরাজিত ১৭৮ রান করেন হ্যামিল্টন মাসাকাদজা।

অধিনায়ক হিসেবে জিম্বাবুয়ের আগের সর্বোচ্চ ছিল ব্রেন্ডন টেইলরের ১৩৮, ২০১৫ বিশ্বকাপে অকল্যান্ডে ভারতের বিপক্ষে।

এবারের বাছাইপর্বে এখন পর্যন্ত উইলিয়ামসের চার ইনিংস- ৭০ বলে অপরাজিত ১০১, ৫৮ বলে ৯১, ২৬ বলে ২৩ আর এবার এই ১৭৪।

নেপালের বিপক্ষে ৭০ বলে তিন অঙ্ক ছুঁয়ে তিনি গড়েন জিম্বাবুয়ের দ্রুততম শতক। পরের ম্যাচে সিকান্দার রাজা সেটি ভেঙে দেন ৫৪ বলে সেঞ্চুরি করে।

এবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে উইলিয়ামসের শতক আসে ৬৫ বলে। এখন এটি জিম্বাবুয়ের দ্বিতীয় দ্রুততম শতক।

ক্রেইগ আরভিনের বিশ্রামে এ দিন দলকে নেতৃত্ব দেওয়া উইলিয়ামসের ব্যাটে জিম্বাবুয়ের প্রথম দ্বিশতকও মনে হচ্ছিল খুব সম্ভব। এজন্য শেষ তিন ওভারে তার দরকার ছিল ২৬ রান। তবে ৪৮তম ওভারে এক বল খেলে পরের ওভারে স্ট্রাইক পেতেই লং অফে ক্যাচ দিয়ে শেষ হয় তার ইনিংসটি।

উইলিয়ামসের শতক ছাড়াও এ দিন ওপেনার জয়লর্ড গাম্বি ১০৩ বলে ৭৮, রাজা ২৭ বলে ৪৮ ও রায়ান বার্ল ১৬ বলে করেন ৪৭ রান। শেষ ওভারে যার ছক্কায় চারশ স্পর্শ করে দলের স্কোর, সেই টাডিওয়ানাশে মারুমানি ৬ বলে করেন অপরাজিত ১৮।

পরে যুক্তরাষ্ট্রকে ১০৪ রানে গুটিয়ে ৩০৪ রানের বিশাল জয় তুলে নেয় জিম্বাবুয়ে।

ওয়ানডে ইতিহাসে তিনশ বা এর বেশি রানে জয়ের স্রেফ দ্বিতীয় নজির এটি। গত জানুয়ারিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩১৭ রানে জিতে বিশ্বরেকর্ড গড়েছিল ভারত।

রানের হিসাবে জিম্বাবুয়ের আগের সেরা জয় ছিল ২০২ রানে, ১৯৯৯ সালে কেনিয়ার বিপক্ষে।

বাছাইয়ে গ্রুপ পর্বে চার ম্যাচের সবগুলি জিতে এখন সুপার সিক্স পর্বের লড়াইয়ের অপেক্ষায় জিম্বাবুয়ে।