আইসিসি র্যাঙ্কিং
Published : 11 May 2026, 06:59 PM
আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের বাৎসরিক হালনাগাদে আগের জায়গাতেই আছে বাংলাদেশ। তবে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে রেটিং পয়েন্টের ব্যবধান বেড়েছে তাদের। আর পাকিস্তানকে পেছনে ফেলেছে দক্ষিণ আফ্রিকা।
সোমবার প্রকাশিত র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে শীর্ষ ১০ স্থানে আসেনি আর কোনো পরিবর্তন। আগের মতোই চূড়ায় ভারত। তবে একটি রেটিং পয়েন্ট হারিয়েছে তারা (১১৮)।
পরের দুই স্থানে যথাক্রমে তাসমান সাগর পারের দুই দেশ নিউ জিল্যান্ড (১১৩) ও বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া (১০৯)। এবার ৪ পয়েন্ট বেড়েছে দক্ষিণ আফ্রিকার। ১০২ পয়েন্ট নিতে চারে উঠে এসেছে তারা। আর ৪ পয়েন্ট হারানো পাকিস্তান (৯৮) পাঁচে নেমে গেছে।
ষষ্ঠ, সপ্তম ও অষ্টম স্থানে আছে যথাক্রমে শ্রীলঙ্কা (৯৬), আফগানিস্তান (৯৩) ও ইংল্যান্ড (৮৯)।
যথারীতি নবম স্থানে আছে বাংলাদেশ। একটি রেটিং পয়েন্ট বেড়ে তাদের পয়েন্ট এখন ৮৪। ওয়েস্ট ইন্ডিজের চেয়ে ১০ পয়েন্টে এগিয়ে আছে মেহেদী হাসান মিরাজের দল। তিনটি পয়েন্ট হারিয়েছে দশম স্থানের ক্যারিবিয়ানরা (৭৪)।
জিম্বাবুয়েকে টপকে একাদশ স্থানে আয়ারল্যান্ড। আর স্কটল্যান্ডকে পেছনে ফেলে ত্রয়োদশ স্থানে উঠে এসেছে যুক্তরাষ্ট্র। কানাডাকে সরিয়ে ১৯ নম্বরে সংযুক্ত আরব আমিরাত।