২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপের পথে কোন ঘরানার ক্রিকেট খেলবে মিরাজের বাংলাদেশ

এই যুগের ওয়ানডে ক্রিকেটের সঙ্গে তাল মেলানোর মতো নির্দিষ্ট কোনো ঘরানা বা ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাওয়ার কথা বলতে পারলেন না অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2026, 07:48 PM

Updated : 26 Aug 2026, 03:07 PM

সংবাদ সম্মেলনের শুরুতেই লম্বা একটি প্রশ্ন। ওয়ানডে ইতিহাসে ছাপ রেখে যাওয়া কয়েকটি দলের উদাহরণ তুলে ধরা হলো। রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া, মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়া, ব্রেন্ডন ম্যাককালামের নিউ জিল্যান্ড, ওয়েন মর্গ্যানের ইংল্যান্ড, ভিরাট কোহলির ভারত, রোহিত শার্মার ভারত, নিজেদের ব্র্যান্ড বা ঘরানা প্রতিষ্ঠিত করতে পেরেছিল যারা। সেই দলগুলিতে অধিনায়কদের ভূমিকার কথাও বলা হলো। এরপর মূল প্রশ্ন, নতুন শুরুর পথে মেহেদী হাসান মিরাজ ও তার বাংলাদেশ কি এমন কোনো ঘরানা বেছে নেওয়ার কথা ভেবেছে?

মিরাজের উত্তরটাও বেশ লম্বা হলো। তবে সেখানে নিজস্বতা গড়ে তোলার কোনো কথা এলো না। কোনো সুনির্দিষ্ট ‘অ্যাপ্রোচ’ বেছে নেওয়ার ধারেকাছে তিনি গেলেন না। প্রশ্নটির সরাসরি কোনো উত্তর তাই মিলল না। আদতে তিনি প্রশ্নটিই বোঝেননি নাকি বুঝেও এড়িয়ে গেলেন, সেটিও বোঝা গেল না।

কোচ ফিল সিমন্স আগের দিনই বলে গেছেন, পাকিস্তানের বিপক্ষে এই সিরিজ দিয়ে ২০২৭ বিশ্বকাপের পথে যাত্রা শুরু করছেন বাংলাদেশ দল। মমঙ্গলবার একই কথা বললেন মিরাজও। বিশ্বকাপে তাকিয়ে এবং সরাসরি বিশ্বকাপে জায়গা করে নিতে ভাবনা ও পরিকল্পনার কথা বললেন। কিন্তু সেখানে নিজেদের ‘ব্র্যান্ড’ ব্যাপারটি থাকল না।

বাংলাদেশি ব্র্যান্ডের ক্রিকেট নিয়ে নানা সময়েই নানা আলোচনা হয়েছে। মাঠের ক্রিকেটে তা ফুটে উঠেছে সামান্যই। যা একটু ছিল, তা এই ওয়ানডে সংস্করণেই। ২০১৫ বিশ্বকাপ থেকে পরের তিন-চার বছরে এই সংস্করণে যে সাফল্য ও সোনালী সময়, বড় কোনো ট্রফি জিততে না পারলেও স্মরণীয় কিছু সিরিজ জয় ও সাফল্য যা ধরা দিয়েছে, সেখানে একটা নিজস্বতা গড়ে তুলতে পেরেছিল তখনকার ওয়ানডে দল। বিশ্ব ক্রিকেটের বিচারে সেটি খুব নজরকাড়া না হলেও বাংলাদেশের জন্য ছিল কার্যকর। 

সফল হওয়ার জন্য সেই নিজস্বতাটুকু অপরিহার্য না হলেও খুবই জরুরি। কিন্তু সেই প্রশ্নে মিরাজ শুধু বললেন তাদের লক্ষ্যের কথা, তুলে ধরলেন সেই গৎবাঁধা ভাবনাই। 

“অবশ্যই আমাদের একটা লক্ষ্য আছে। যেহেতু সামনে ওয়ানডে বিশ্বকাপ এবং একটা শুরু করতে হবে, আমরা বলেছি যে, আমাদের এখন থেকেই শুরুটা হয়েছে। আমরা অবশ্যই ওভাবে একটা পরিকল্পনা করেছি। আগে ওয়ানডে আমাদের জন্য অনেক ভালো একটা ফরম্যাট ছিল এবং আমরা অনেক সেরা ফলাফলও পেয়েছি। আমাদের একটা ভালো একটা প্যাটার্ন ছিল ওয়ানডেতে। বেশ কিছু অনেক সিনিয়র ক্রিকেটার ছিল, একসঙ্গে অনেকদিন খেলেছে, তারা প্যাটার্নটা ভালো বুঝতে পেরেছে।”

“আমাদের এখন যারা আছে, তাদেরকে দায়িত্ব নিতে হবে এবং আমার কাছে মনে হয় যে, ওয়ানডে এমন একটা খেলা, যেখানে আসলে প্রত্যেক পরিস্থিতিতে মানিয়ে নিতে হবে এবং প্রতিটি পরিস্থিতি কীভাবে সামলাতে হবে, এটা সব ক্রিকেটারের জানাটা খুবই গুরুত্বপূর্ণ। ব্যাটসম্যানদেরকে বেশি দায়িত্ব নিতে হবে। আমরা ওভাবে পরিকল্পনা করছি এবং যেহেতু আমাদের শুরু হচ্ছে, আমরা চিন্তা করছি যে কীভাবে আমাদের সামনে এগিয়ে যেতে পারি।”

নিজেদের ব্র্যান্ডের কথা বলতে না পারলেও একটি ভাবনা অবশ্য মোটামুটি পরিষ্কার করতে পারলেন মিরাজ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপ ভাবনায় রেখে স্পোর্টিং উইকেটেই খেলতে চায় বাংলাদেশ।

সবশেষ ওয়ানডে সিরিজে মিরপুরে মন্থর ও টার্নিং উইকেট নিয়ে আলোচনা-সমালোচনা হয়েছিল বিস্তর। সেটির ব্যাখ্যাও এবার দিলেন মিরাজ। পাশাপাশি জানিয়ে দিলেন, বিশ্বকাপ পর্যন্ত বেশির ভাগ ম্যাচে তারা ‘ট্রু’ উইকেটে খেলবেন।  

“অবশ্যই ‘ট্রু’ উইকেটে খেলব আমরা। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে আমরা যেটা করেছি… এটা প্রত্যেক দলই কিন্তু হোম অ্যাডভান্টেজ নেয়। যেহেতু ওয়েস্ট ইন্ডিজ স্পিনে একটু দুর্বল, তাই আমরা হোম অ্যাডভান্টেজটা নেওয়ার চেষ্টা করেছি। এখন আমরা অবশ্যই চেষ্টা করব ‘ট্রু’ উইকেটে খেলতে এবং ব্যাটসম্যানরা যেন অনেক আত্মবিশ্বাস পায়, অনেক রান করতে পারে, এভাবেই আমরা চেষ্টা করব।”

প্রতিপক্ষ ও পরিস্থিতি বিবেচনায় ঘরের মাঠের সুবিধাও যে নেওয়া হতে পারে, সেটিও অবশ্য জানিয়ে রাখলেন অধিনায়ক। 

“বেশির ভাগ ম্যাচ আমরা যদি ‘ট্রু’ উইকেটে খেলতে পারি, আমাদের ভালো অভিজ্ঞতা হবে। পাশাপাশি এটাও মনে রাখতে হবে, আমাদের কিন্তু কোয়ালিফাইও করতে হবে (বিশ্বকাপে সরাসরি)। যাদের বিপক্ষে ঘরের মাঠের সুবিধা নিতে পারি, তাদের সঙ্গে অবশ্যই চেষ্টা করব নেওয়ার জন্য। আবার এটাও মাথায় রাখতে হবে যে, বেশির ভাগ ম্যাচ যাতে আমরা ‘ট্রু’ উইকেট এবং ভালো উইকেটে খেলতে পারি।”

“হোম কন্ডিশন মানে যে এরকম নয় যে, আমরা অনেক বাজে উইকেটে খেলব। কখনোই নয়। আমরা ভালো উইকেটেই খেলব, স্রেফ প্রয়োজনে যেন হোম অ্যাডভান্টেজ নিতে পারি।”