দায়িত্ব নেওয়ার দিনই নির্বাচন করার ঘোষণা দিয়ে রাখলেন তামিম
বিসিবির অ্যাডহক কমিটির প্রধান তামিম ইকবাল অংশ নেবেন বোর্ডের আগামী নির্বাচনে, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে চান তারা।
সংবাদ সম্মেলনের শুরুতে তামিম ইকবাল নিজের বক্তব্য দিলেন। বোর্ডের মুখপাত্র ঠিক করা হয়েছে যাকে, সেই তানজিল চৌধুরি এরপর তুলে ধরলেন প্রথম সভার নানা দিক। তারা দুজনই জানালেন, কোনো প্রশ্নোত্তর পর্ব থাকছে না এ দিন। তার পরও একটি প্রশ্নের অনুরোধে সাড়া দিলেন তামিম। বিসিবির নতুন প্রধান জানালেন, বিসিবির আগামী নির্বাচনে তিনি অংশ নেবেন।
বিসিবির গত নির্বাচনেও অংশ নিতে চেয়েছিলেন তামিম। মনোনয়নপত্রও জমা দিয়েছিলেন। তবে নির্বাচনে সরকারের হস্তক্ষেপসহ নানা অভিযোগ তুলে নির্বাচন থেকে সরে দাঁড়ান তিনি। একইরকম অভিযোগে সরে দাঁড়ান সম্ভাব্য প্রার্থীদের অনেকেই।
সেই বিসিবি নির্বাচনে জিতেই পরে সভাপতি হয়েছিলেন আমিনুল ইসলাম বুলবুল। দেশে রাজনৈতিক পালাবদলের পর সেই নির্বাচনের অনিয়ম ও কারসাজির অভিযোগ খতিয়ে দেখতে বিশেষ কমিটি করে জাতীয় ক্রীড়া পরিষদ। সেই কমিটির পর্যবেক্ষণের প্রেক্ষিতেই আমিনুলের বোর্ড ভেঙে দিয়ে তামিমকে প্রধান করে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়।
বোর্ডের নিয়মিত কার্যক্রম পরিচালনার পাশাপাশি এই অ্যাডহক কমিটির বড় দায়িত্ব, তিন মাসের মধ্যে নির্বাচন আয়োজন করা। দায়িত্ব গ্রহণের পর বোর্ডসভা শেষে সংবাদ সম্মেলনে তামিম জানালেন, সেই নির্বাচনে অংশ নেবেন তিনি। পাশাপাশি আগ্রহী সবাইকে অনুরোধ করলেন নির্বাচনে অংশ নিতে।
“অবশ্যই আমরা নির্বাচন করব। এখানে আমাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করতে হবে। আমার ইচ্ছা থাকতে পারে, আমি (নির্বাচন) করতে পারি, উনার (বাঁ পাশের জনকে দেখিয়ে) ইচ্ছে থাকতে পারে, উনার (ডান পাশের জনকে দেখিয়ে) ইচ্ছা নাও থাকতে পারে। যখন একটা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন হবে…শুধু আমরা নই, যারা যারা আগ্রহী, সবাইকে অনুরোধ করব অংশগ্রহণ করতে।”
“একটা বোর্ডের নির্বাচন হবে, এটা যারা যারা আছেন, বোর্ডের ক্রিকেটাররা, সংগঠক, সবার অংশ নেওয়া উচিত। আমরা যেন একটা সুন্দর নির্বাচন করে দিয়ে যেতে পারি, এই অবস্থানটা আমরা এই পরিবেশ তৈরি করে দেব, যেখানে সবাই এসে নির্বাচন করতে পারবে।”
নির্বাচনের সময় তামিম দায়িত্বে থাকবেন কি না, সেটি অবশ্য তিনি পরিষ্কার করেননি।
