টানা তিন ফিফটির পরও যে কারণে নিজের ওপর বিরক্ত বাবর
এই তিন ইনিংসের সবকটিতে বাজে শট খেলে আউট হয়েছেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান।
টেস্ট ক্রিকেটে দুই বছরের ফর্মহীনতার পর অবশেষে রানের পথে ফিরেছেন বাবর আজম। দক্ষিণ আফ্রিকা সফরে টানা তিন ইনিংসে করেছেন ফিফটি। তবে এতে সন্তুষ্ট নন তিনি। বরং নিজের ওপর অনেকটাই বিরক্ত পাকিস্তানের সাবেক অধিনায়ক। তিন ইনিংসেই যে তিনি আউট হয়েছেন বাজে শট খেলে!
কেপ টাউনে সিরিজের দ্বিতীয় টেস্টে ব্যাটিং সহায়ক উইকেটে দুই ইনিংসেই ফিফটি করেন বাবর। সাইম আইয়ুব চোটে ছিটকে যাওয়ায় এই ম্যাচ দিয়ে টেস্ট ক্যারিয়ারে প্রথমবার ওপেন করেন তিনি।
রানে ফিরলেও আলোচনায় তার শট নির্বাচন। প্রথম ইনিংসে অভিষিক্ত তরুণ পেসার কিউনা মাফাকার লেগ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে কিপারের গ্লাভসে ধরা পড়েন তিনি।
ফলো অনে পড়ে দ্বিতীয় ইনিংসে শান মাসুদের সঙ্গে বাবর গড়েন দুইশ ছাড়ানো উদ্বোধনী জুটি। কিন্তু দিনের খেলা ১৫ মিনিট বাকি থাকতে মার্কো ইয়ানসেনের অফ স্টাম্পের বাইরের বলে গালিতে ক্যাচ দেন তিনি। দুই বছরের সেঞ্চুরি-খরা কাটানোর সম্ভাবনা জাগিয়েও আউট হন ৮১ রানে।
ওভাবে আউট হওয়া নিয়ে তৃতীয় দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে নিজের হতাশার কথাই তুলে ধরেন ৩০ বছর বয়সী ব্যাটসম্যান।
“দুই ইনিংস নিয়েই আমি খুব হতাশ। শুরুটা ভালো করেছিলাম, কিন্তু শেষটা ভালো করতে পারিনি। উইকেটে থিতু হলে অবশ্যই ইনিংস অনেক বড় করতে হবে। তাই আমি কিছুটা বিরক্ত ছিলাম। দিনের আর মাত্র ১৫ মিনিট বাকি ছিল।”
এদিন উইকেটে বোলারদের জন্য ছিল না কোনো সহায়তা। মাসুদ তুলে নেন সেঞ্চুরি। বাবরের হতাশাটা তাই আরও বেশি।
“এখানকার কন্ডিশন সেঞ্চুরিয়নের থেকে আলাদা। দক্ষিণ আফ্রিকায় আসার পর কেউ প্রত্যাশা করে না যে পিচ এতটা ফ্ল্যাট হবে। নতুন বলে কিছুটা চ্যালেঞ্জিং ছিল, কিন্তু একবার থিতু হয়ে গেলে জুটি গড়ে তোলা সহজ হয়ে যায়।”
গত বছরের অক্টোবরে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে খারাপ করার পর শেষ দুই টেস্টের দল থেকে বাদ পড়েন বাবর। দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে ফিরে সেঞ্চুরিয়নে প্রথম ইনিংসে অল্পে আউট হওয়ার পর দ্বিতীয়টিতে তিনি করেন ৫০ রান, ১৯ ইনিংস ও ৭৩২ দিন পর স্পর্শ করতে পারেন পঞ্চাশ। ওই ইনিংসে ইয়ানসেনের অফ স্টাম্পের বাইরের শর্ট বলে ডিপ পয়েন্টে ক্যাচ দেন তিনি।
