শ্রীলঙ্কার দারুণ লড়াইয়ে শেষ দিনের রোমাঞ্চের অপেক্ষা
দ্বিতীয় টেস্টে জয়ের জন্য শেষ দিনে শ্রীলঙ্কার প্রয়োজন ১৪৩ রান, দক্ষিণ আফ্রিকার চাই ৫ উইকেট।
জমে উঠেছে গেবেখা টেস্ট। দক্ষিণ আফ্রিকার মাটিতে রান তাড়ায় জয়ের রেকর্ড গড়ার চ্যালেঞ্জে জবাবটা ভালোই দিচ্ছে শ্রীলঙ্কা। পাঁচ উইকেট হারানো দলকে চমৎকার ব্যাটিংয়ে আশা দেখাচ্ছেন ধানাঞ্জায়া ডি সিলভা ও কুসাল মেন্ডিস। তবে সম্ভাবনায় পিছিয়ে নেই স্বাগতিকরাও। শেষ দিনে তাই রোমাঞ্চের অপেক্ষায় দুই দলের লড়াই।
সেন্ট জর্জেস পার্কে রোববার প্রাবাথ জায়াসুরিয়ার দুর্দান্ত বোলিংয়ে দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস ৩১৭ রানে থামায় শ্রীলঙ্কা। পরে ৩৪৮ রানের লক্ষ্য তাড়ায় ৫ উইকেটে ২০৫ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছে তারা।
৮৩ রানের অবিচ্ছিন্ন জুটিতে লঙ্কানদের টানছেন ধানাঞ্জায়া ও মেন্ডিস। দুজনেই অপরাজিত আছেন ৩৯ রানে। তাদের ব্যাটিং লাইনআপের শেষ দুই বিশেষজ্ঞ ব্যাটসম্যানরা তারা। পঞ্চম দিনে তাই তাদের ওপরই নির্ভর করছে ম্যাচের ভাগ্য।
শেষ দিনে জয়ের জন্য লঙ্কানদের প্রয়োজন ১৪৩ রান, আর স্বাগতিকদের চাই ৫ উইকেট।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বোচ্চ ৩৫২ রান তাড়া করে জয়ের নজির আছে শ্রীলঙ্কার, ২০০৬ সালে কলম্বোয়। আর দক্ষিণ আফ্রিকার মাটিতে সব দল মিলিয়ে রেকর্ডটা ৩৩৬ রানের। ১৯৫০ সালে ডারবানের ওই টেস্টে স্বাগতিকদের ৫ উইকেটে হারিয়েছিল অস্ট্রেলিয়া।
দারুণ বোলিংয়ে প্রতিপক্ষের লিড আরও বড় হতে দেননি জায়াসুরিয়া। বাঁহাতি স্পিনার ১২৯ রান দিয়ে ধরেন ৫ শিকার। ১৮ টেস্টের ক্যারিয়ারে ইনিংসে এনিয়ে দশমবার পাঁচ উইকেটের স্বাদ পেলেন তিনি।
৩ উইকেটে ১৯১ রান নিয়ে দিন শুরু করা দক্ষিণ আফ্রিকা স্রেফ ৬৩ রানে হারায় শেষ ৬ উইকেট।
৪৮ রান নিয়ে দিন শুরু করা বাভুমা প্রথম ওভারেই দুটি সিঙ্গেল নিয়ে পূর্ণ করেন ফিফটি। টানা ৪ ইনিংসে পঞ্চাশের স্বাদ পেলেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক। টেস্ট এটি তার ২৪তম ফিফটি।
পঞ্চাশের দুয়ারে ছিলেন ৩৬ রান নিয়ে খেলতে নামা ট্রিস্টান স্টাবসও। কিন্তু ভুল বোঝাবুঝিতে রান আউটে কাটা পড়েন তিনি ২ চারে ৪৭ রান করে। তাতে ভাঙে ইনিংসের একমাত্র শতরানের জুটি, ১০৪।
ফিফটির পর বেশিদূর এগোয়নি বাভুমার ইনিংস। জায়াসুরিয়াকে সুইপ করে বলের লাইন মিস করে বোল্ড হন তিনি ২ ছক্কা ও ৩ চারে ৬৬ রান করে। এরপর একের পর এক উইকেট হারিয়ে দ্রুতই শেষ হয়ে যায় প্রোটিয়াদের ইনিংস।
নিজের পরপর দুই ওভারে ডেভিড বেডিংহ্যাম ও মার্কো ইয়ানসেনকে ফিরিয়ে পাঁচ উইকেট পূর্ণ করেন আগের দিন দুই শিকার ধরা জায়াসুরিয়া। মাঝে প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান কাইল ভেরেইনাকে ৯ রানে কট বিহাইন্ড করে দেন ভিশ্ব ফার্নান্দো। ১ ছক্কা ও ২ চারে ৮ বলে ১৪ রান করা প্যাটারসনকে বোল্ড করে শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে দেন আসিথা ফার্নান্দো।
লক্ষ্য তাড়ায় দ্বিতীয় ওভারে রিভিউ নিয়ে বাঁচেন পাথুম নিসাঙ্কা। লঙ্কান ওপেনারকে এলবিডব্লিউ দিয়েছিলেন আম্পায়ার। রিপ্লেতে দেখা যায়, বল পড়েছিল লেগ স্টাম্পের বাইরে।
পরের ওভারেই অবশ্য উইকেট হারায় সফরকারীরা। অভিজ্ঞ দিমুথ কারুনারাত্নেকে এলবিডব্লিউ করেন কাগিসো রাবাদা। রিভিউ নিয়ে বাঁচতে পারেননি ১ রান করা কারুনারাত্নে। সিরিজে চার ইনিংসে তৃতীয়বার দুই অঙ্ক ছুঁতে পারলেন না তিনি।
প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়া ড্যান প্যাটারসনের বলে কয়েক ওভার পর নিসাঙ্কা ধরা পড়েন উইকেটের পেছনে। শেষ সেশনের দ্বিতীয় ওভারে প্যাটারসনের শিকার ভালো শুরু পাওয়া অভিজ্ঞ দিনেশ চান্দিমালও।
এরপর প্রতিরোধ গড়ার চেষ্টা চালান অ্যাঞ্জেলো ম্যাথিউস ও কামিন্দু মেন্ডিস। অভিজ্ঞ ম্যাথিউস কিছুটা ধীরলয়ে এগোচ্ছিলেন। অপরপ্রান্তে দ্রুত রান বাড়ানোয় মনোযোগ দেন কামিন্দু। জমে ওঠে তাদের জুটি।
নিজের পরপর দুই ওভারে থিতু দুই ব্যাটসম্যানকে ফিরিয়ে দেন কেশাভ মহারাজ। ৩২ রান করা ম্যাথিউসকে বোল্ড করার পর ৩৫ বলে ৩৫ রান করা কামিন্দুকে কট বিহাইন্ড করেন বাঁহাতি স্পিনার।
১২২ রানে ৫ উইকেট হারিয়ে তখন ভীষণ চাপে শ্রীলঙ্কা। লক্ষ্য থেকে তখনও তারা ২২৬ রানে দূরে। দক্ষিণ আফ্রিকা দেখছিল বড় জয়ের স্বপ্ন। কিন্তু তাদের সামনে দেয়াল হয়ে দাঁড়ান ধানাঞ্জায়া ও মেন্ডিস।
দারুণ দৃঢ়তায় দলকে কক্ষপথে ফেরান তারা। এই দুজনের ব্যাটে নতুন করে স্বপ্ন দেখছে লঙ্কানরা। শেষ দিনে দলকে কতদূর টানতে পারেন তারা, সেটাই দেখার।
সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৩৫৮
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩২৮
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ৮৬ ওভারে ৩১৭ (আগের দিন ১৯১/৩) (স্টাবস ৪৭, বাভুমা ৬৬, বেডিংহ্যাম ৩৫, ভেরেইনা ৯, ইয়ানসেন ৮, মহারাজ ১৪*, রাবাদা ৮ প্যাটারসন; ভিশ্ব ১৯-৪-৪৭-২, আসিথা ১৪-২-৫২-১, লাহিরু ১৬-০-৭১-১, জায়াসুরিয়া ৩৪-২-১২৯-৫, ধানাঞ্জায়া ৩-০-১০-০)
শ্রীলঙ্কা ২য় ইনিংস: (লক্ষ্য ৩৪৮) ৫২ ওভারে ২০৫/৫ (নিসাঙ্কা ১৮, কারুনারাত্নে ১, চান্দিমাল ২৯, ম্যাথিউস ৩২, কামিন্দু ৩৫, ধানাঞ্জায়া ৩৯*, মেন্ডিস ৩৯*; রাবাদা ১৩-২-৪৪-১, ইয়ানসেন ১০-১-৫৪-০, মহারাজ ১৬-২-৬২-২, প্যাটারসন ১২-৩-৩৩-২, মার্করাম ১-০-৬-০)
