২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

দেশে ফিরছেন চেন্নাইয়ের ওভারটন

ঊরুর চোটে ভুগছেন চেন্নাই সুপার কিংসের ইংলিশ পেসার।

দেশে ফিরছেন চেন্নাইয়ের ওভারটন
চেন্নাই সুপার কিংসের জার্সিতে জেমি ওভারটন। ছবি: বিসিসিআই

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2026, 03:08 PM

Updated : 26 Aug 2026, 03:36 PM

মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে এসে আরেকটি ধাক্কা খেয়েছে চেন্নাই সুপার কিংস। চোট নিয়ে দেশে ফিরছেন দলটির ইংলিশ পেসার জেমি ওভারটন।

৩২ বছর বয়সী ওভারটনের ডান ঊরুতে চোট পাওয়ার কথা বুধবার রাতে সামাজিক যোগাযোগের মাধ্যমে জানায় চেন্নাই। পরবর্তী পরীক্ষা-নিরীক্ষা ও চিকিৎসার জন্য ইংল্যান্ডে ফিরে যাচ্ছেন ওভারটন।

ওভারটন ঠিক কতদিন মাঠের বাইরে থাকবেন কিংবা এবারের আইপিএলে তার আর ফেরার সম্ভাবনা আছে কি না, এসব নিয়ে সুনির্দিষ্ট করে কিছু জানায়নি চেন্নাই। তবে লিগ পর্বের বাকি থাকা তিন ম্যাচের জন্য তার ফেরার সম্ভাবনা খুবই ক্ষীণ।

আইপিএলের পয়েন্ট টেবিলে পঞ্চম স্থানে আছে চেন্নাই। প্লেঅফে ওঠার লড়াইয়ে থাকা পাঁচবারের চ্যাম্পিয়নরা শুক্রবার লখনৌ সুপার জায়ান্টসের মুখোমুখি হবে।

দেশের ফেরার কথা নিশ্চিত করেছেন ডানহাতি পেসার ওভারটন নিজেও। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, “কাজ শেষ করার আগেই দেশ ফিরতে হচ্ছে বলে খারাপ লাগে।”

এবারের আইপিএলে এখন পর্যন্ত চেন্নাইয়ের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ওভারটন। ১০ ম্যাচ খেলে ওভারপ্রতি ৮.৮৯ রান দিয়ে উইকেট নিয়েছেন ১৪টি। গত রোববার লখনৌয়ের বিপক্ষে ৩৬ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন তিনি।

এবার চোট খুব ভোগাচ্ছে এই ফ্র্যাঞ্চাইজিকে। আসর শুরুর আগেই হ্যামস্ট্রিং চোটে পুরো আসর থেকে ছিটকে যান অস্ট্রেলিয়ান পেসার ন্যাথান এলিস। পেশির সমস্যায় মাঝপথে তারা হারায় আরেক পেসার খলিল আহমেদকে।

হ্যামস্ট্রিংয়ের চোটে ছিটকে গেছেন তাদের টপ অর্ডার ব্যাটসম্যান আয়ুশ মাত্রে। মিডল অর্ডার ব্যাটসম্যান ডেওয়াল্ড ব্রেভিসকে আসরের প্রথম তিন ম্যাচে পায়নি তারা সাইড স্ট্রেইন চোটের কারণে। আর অভিজ্ঞ মাহেন্দ্র সিং ধোনি ও অস্ট্রেলিয়ান পেসার স্পেন্সার জনসন তো এখনও পুরোপুরি সেরে ওঠেননি। আসরে এখন অবধি কোনো ম্যাচ খেলেননি তারা দুইজন।