২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘৬ দিনের’ টেস্টে মুখোমুখি শ্রীলঙ্কা-নিউ জিল্যান্ড

শ্রীলঙ্কার নির্বাচনের কারণে দুই দলের প্রথম টেস্টের মাঝে একটি ‘রেস্ট ডে’ রাখা হয়েছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2024, 05:57 PM

Updated : 10 Sep 2026, 12:15 PM

একটু ভিন্ন আঙ্গিকে হলেও, লম্বা সময় পর ‘ছয় দিনের টেস্ট’ দেখতে যাচ্ছে ক্রিকেট বিশ্ব। নিউ জিল্যান্ড ও শ্রীলঙ্কার আসন্ন সিরিজের প্রথম ম্যাচের মাঝে রাখা হয়েছে ‘রেস্ট ডে’। তাতে দুই দলের প্রথম ম্যাচের দৈর্ঘ্য এক দিন বেড়ে যাচ্ছে।

দুই টেস্টের সিরিজের সূচি শুক্রবার প্রকাশ করেছে শ্রীলঙ্কান ক্রিকেট। প্রথম ম্যাচ শুরু আগামী ১৮ সেপ্টেম্বর। এই টেস্টের মাঝে ২১ সেপ্টেম্বর শ্রীলঙ্কায় জাতীয় নির্বাচন। তাই দিনটিতে হবে না খেলা।

টেস্ট ক্রিকেটে এমন ঘটনা সবশেষ দেখা গিয়েছিল ২০০৮ সালে। বাংলাদেশের সংসদ নির্বাচনের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ঢাকা টেস্টের মাঝে ২৯ ডিসেম্বর ‘রেস্ট ডে’ রাখা হয়েছিল।

আর ২০ বছরেরও বেশি সময় পর শ্রীলঙ্কার ঘরের মাঠের কোনো টেস্ট হচ্ছে ছয় দিন ব্যাপী। ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে কলম্বো টেস্টের মাঝে লঙ্কানদের স্থানীয় পোয়া ডে (পূর্ণিমা) পড়ায় সেদিন খেলা হয়নি।

গত শতাব্দীতে টেস্ট ক্রিকেটে ‘রেস্ট ডে’ ছিল নিয়মিত ঘটনা। ইংল্যান্ডে অনেক ম্যাচ ছয় দিন ধরে খেলা হতো। আর প্রায়ই রোববার হতো না খেলা।

শ্রীলঙ্কা-নিউ জিল্যান্ডের দ্বিতীয় টেস্টটি শুরু ২৬ সেপ্টেম্বর। দুটি ম্যাচই হবে গলে। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।